২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ‘জাগো বাহে কোনঠে সবাই’

১৯ এপ্রিল থেকে জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে ‘জাগো বাহে কোনঠে সবাই’ শিরোনামে সৈয়দ শামসুল হক নাট্যোৎসব ২০১৩। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ৮ দিনের এই নাট্যোৎসবে সৈয়দ শামসুল হকের রচিত নাটক, তাকে নিয়ে আলোচনা ও কর্মশালা এবং তার রচনা থেকে পাঠসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উৎসবের আয়োজন করেছে নাট্যদল প্রাঙ্গনে মোর।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

প্রতিষ্ঠানটির প্রধান নির্দেশক অনন্ত হীরা বলেন, সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এতে উপস্থিত থাকবেন আতাউর রহমান, আলী যাকের, সারা যাকের, নিখিল সেন, তারিক আনাম খান, গোলাম সরোয়ার, সুদীপ চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

অনন্ত হীরা আরো বলেন, উৎসবের উদ্বোধনী দিনে থিয়েটার মঞ্চস্থ করবে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। এরপরে পর্যায়ক্রমে প্রদর্শিত হবে পদাতিক নাট্য সংসদের ‘ম্যাকবেথ’, কণ্ঠশীলন এর ‘উত্তরবংশ’, পালাকারের ‘বাংলার মাটি বাংলার জল’, নাগরিক নাট্যসম্প্রদায়ের ‘অপেক্ষমান’, প্রাঙ্গনে মোর-এর ‘ঈর্ষা’, পালাকারের ‘নারীগণ’। ২৩ এপ্রিল শিল্পকলা একাডেমির সাপ্তাহিক বন্ধের দিনে কোন অনুষ্ঠান থাকছে না।

তিনি আরো জানিয়েছেন, ২৫ এপ্রিল ‘কালের যাত্রায় সৈয়দ শামসুল হকের নাটক’ শীর্ষক সেমিনার রয়েছে। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন মফিদুল হক। আলোচনা করবেন আতাউর রহমান, আলী যাকের, সারা যাকের, তারিক আনাম খান, গোলাম সরোয়ার ও আমিনুর রহমান মুকুল। একই দিনে থাকছে সৈয়দ হকের বিভিন্ন চরিত্রগুলোর বিশেষ আয়োজন ‘নাট্যকার সান্নিধ্যে’। এতে অভিনয় করবেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, ফেরদৌসী মজুমদার, আতাউর রহমান, সারা যাকের, আবুল হায়াত, নিমা রহমান, তারিক আনাম খান, খালেদ খান, লাকী ইনাম, খায়রুল আলম সবুজ, শান্তা ইসলাম, বিপাশা হায়াত, আফসানা মিমি ও ত্রপা মজুমদার। এর সঞ্চালনা করবেন মামুনুর রশীদ। আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা, আহ্কামউল্লাহ, হাসান আরিফ, ইশরাত নিশাত, মাহিদুল ইসলাম। সৈয়দ শামসুল হক তার রচনা থেকে পাঠ করবেন।