২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৃপতি’র নির্দেশনায় কান্তা জামান

মঞ্চ ও ছোট পর্দার অভিনেত্রী কান্তা জামান এবারে একটি মঞ্চপ্রযোজনার নির্দেশনা দিচ্ছেন। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের লেখা ‘নৃপতি’ নামের একটি নাটকের মঞ্চ পরিচালনা করবেন তিনি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 09:06 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

এ বিষয়ে কান্তা গ্লিটজকে বলেন, ‘২৪ মার্চ ‘নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অব ড্রামা (এন এন আই ডি) এর ১৫তম ব্যাচের সমাপনীর অনুষ্ঠান হবে। একই দিন ১৬তম ব্যাচকে বরণ করে নেওয়া হবে। এই আয়োজনেই আমার নির্দেশিত নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আর এটিই আমার নির্দেশিত প্রথম নাটক।’

কান্তা আরো বলেন, ‘আমি নিজেই এন এন আই ডির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলাম। তখন আমি কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে প্রথম হই। সেই থেকে এন এন আই ডির হয়ে ‘উৎসব’, ‘শামুক কাল’ ও ‘উন্মাদ’ নাটকে পারফর্ম করি। তারপর ২০০৫ সালে দলে যোগ দেই। আমি অনেক আনন্দিত এবং গর্বিত। কারণ, এ দলের হয়ে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তাছাড়া হুমায়ূন স্যারের লেখা ‘নৃপতি’ মঞ্চ নাটকটির নির্দেশনা দেওয়ার সুযোগ পেয়েছি।”

কান্তা বর্তমানে নাগরিক নাটাঙ্গনের একজন নাট্যকর্মী। ২০০৫ সাল থেকে দলের হয়ে তিনি ‘জনতার রঙ্গশালা, ‘সুপার গ্ল’ু, ‘মুক্তির উপায়’, ‘সেই সব দিনগুলি’, ‘প্রাগৈতিহাসিক’, ‘পুসিক্যাট ও একজন প্রকৃত মানুষ’ নাটকে অভিনয় করেছেন। এবার এন এন আই ডির জন্য নাট্য নির্দেশনা দিচ্ছেন।

কান্তা মঞ্চ নাটকের বাইরে বেশ কিছু  টিভি নাটকেও অভিনয় করেছেন। ২৬ মার্চ থেকে চ্যানেল আইয়ে হৃদি হকের পরিচালনায় ‘সেইসব দিনগুলি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক প্রচারিত হবে। মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে এ নাটকে  হিন্দু পরিবারের কন্যা ‘মন্টি’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও তন্ময় তানসেনের পরিচালনায় ‘রানআউট’ চলচ্চিত্রের অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যান্ড প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করছেন কান্তা।