আরও দু’টি বন্ড সিনেমায় ক্রেইগ
বন্ড সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্কাইফল’ বক্স অফিস থেকে তুলে নেয় ১১০ কোটি মার্কিন ডলার। সিনেমাটির সাফল্যের পর বন্ড সিরিজের পরবর্তী দু’টি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন হলিউডি অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।
দি নিউ ইয়র্ক ডেইলি নিউজের বরাতে এমজিএম স্টুডিও জানিয়েছে, তিন বছরের মধ্যে বন্ড সিরিজের পরবর্তী সিনেমাটি মুক্তি দেবার পরিকল্পনা করছেন তারা। স্যাম ম্যান্ডেজ পরবর্তী বন্ড সিনেমা পরিচালনা না করার সিদ্ধান্ত নেবার পর এখন সিনেমাটির জন্য নতুন করে পরিচালক খুঁজতে হচ্ছে তাদের।
এক সংবাদ সম্মেলনে এমজিএম এর সভাপতি এবং প্রধান কার্য নির্বাহক গ্রে বারবার জানান, ইতোমধ্যে তারা বন্ড সিরিজের ২৪ তম সিনেমার চিত্রনাট্যের উপর কাজ শুরু করেছেন। তবে সিনেমাটির বিষয়ে অন্য কোনো তথ্য জানাননি তিনি।
