স্বাধীনতার নাটক ‘ফিরে পাওয়া ঠিকানা’
২৬ মার্চ উপলক্ষে ফিরে পাওয়া ঠিকানা নামে নাটক নির্মাণ করেছেন শাকিল আহমেদ। বৃন্দাবন দাসের রচনায় এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশী।
নাটকের গল্প নিয়ে অভিনয় শিল্পী প্রাচী গ্লিটজকে জানালেন, ‘এক দাম্ভিক রাজাকারের দাম্ভিক সন্তানের চরিত্রে অভিনয় করেছি নাটকে। এই সন্তান তার জন্মাদাতার মুক্তিযুদ্ধকালীন ভূমিকাকে কখনই স্বীকার করেনা বরং সাফাই গেয়ে বেড়ায়। নারী স্বাধীনতায় বিশ্বাসী চরিত্রটি এখনো বিয়ে করেনি, তার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন খুশী। খুশীর সঙ্গে বিয়ে হয়েছে চঞ্চলের।’
অভিনেতা চঞ্চল নিজের চরিত্র নিয়ে গ্লিটজকে বলেন, ‘নাটকে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন খুশী। খুশীর বড়বোন প্রাচী আপা, আমরা চাচাতো ভাইবোন। আমার মেমোরি লস রোগ আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমার বাবাকে হত্যা করেন আমার চাচা। আমি তারই মেয়েকে বিয়ে করেছি, আমার অসুস্থতার কারণে সেসব কিছু বুঝতে পারি না। একসময় গ্রাম থেকে আমাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে আসা হয়। সুস্থ হওয়ার পর দেখতে পাই আমার পিতার হত্যাকারী, যুদ্ধাপরাধী ও সম্পর্কে চাচার বাসায় থেকে আমার চিকিৎসা হয়েছে এতোদিন।’
২৬ মার্চ বিশেষ নাটক হিসেবে এটি প্রচার করবে চ্যানেল আই।
