চুম্বনে নারাজ তামান্না
সাজিদ খান পরিচালিত রিমেক বলিউডি সিনেমা ‘হিম্মতওয়ালা’-এর মধ্য দিয়ে বলিউডি জগতে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। আর অভিনয় জীবনের শুরুতেই নিজের জন্য দু’টি নিয়ম বেঁধে নিয়েছেন তিনি। পর্দায় কখনও চুম্বনের দৃশ্যে অভিনয় করবেন না আর বিকিনি পরবেন না। খবর জি নিউজ ব্যুরোর।
একটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে তামান্না বলেন, ‘আমি কখনো চুম্বনের দৃশ্যে অভিনয় করবো না। বিকিনি পরেও পর্দায় অভিনয় করতে চাই না আমি।’
২০০৫ সালে ‘চাঁদ সা রোশান চেহেরা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করলেও এতদিন খুব বেশি পরিচিতি পাননি ২৩ বছর বয়সি ওই অভিনেত্রী। আর এর জন্য ভালো চিত্রনাট্যের অভাবকেই দায়ী করেছেন তামান্না।
তামান্না বলেন, ‘আমি সে ধরনের সিনেমাতেই কাজ করি যেগুলো দর্শক হিসেবে দেখতে আমি পছন্দ করবো। ‘হিম্মতওয়ালা’ তেমনই একটি সিনেমা। দক্ষিণী সিনেমায় কাজ করার সময় আমি বেশ কিছু কাজ পেলেও সেগুলোতে আগ্রহ দেখাইনি।’
১৯৮৩ সালের হিট সিনেমা ‘হিম্মতওয়ালা’র রিমেকে অভিনয় করছেন তামান্না। সিনেমায় শ্রীদেবী অভিনীত চরিত্রটিতে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অজয় দেবগান।
