গোয়েন্দা বিল্টু মামা
শখের গোয়েন্দা বিল্টুমামা। কখনো বায়নোকুলার, কখনো ম্যাগনিফাইং গ্লাস কিংবা ছড়ি হাতে ব্যস্ত। আনাচে-কানাচে, অলিতে-গলিতে রহস্য অনুসন্ধানে ঘুরে বেড়ান। রহস্যগল্পের বিখ্যাত লেখক বজ্রশক্তির অনুসারী তিনি। এ ধরনের একটি চরিত্রে বর্তমানে অভিনয় করছেন অভিনেতা শাহাদাত হোসেন। কিশোরদের উপযোগী ধারাবাহিক নাটকটির গল্প নেওয়া হয়েছে কাইজার চৌধুরীর উপন্যাস থেকে। এর নাট্যরূপ ও কাহিনী বিন্যাস করেছেন মাজহারুল হক পিন্টু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হোসেন খোকন।
এতে আরো অভিনয় করেছেন শশী, ফাইয়াজ, নাবিলা, মুনা, রবিন, অধরা, হিমু, দিবা, নয়ন, আজিজুল হাকিম, সমু চৌধুরী, ড. ইনামুল হক, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, আব্দুল আজিজ, মনি আজিজ, অশোক ব্যাপারী প্রমুখ।
সম্প্রতি শাহাদাত এ বিষয়ে গ্লিটজকে বলেন, ‘এ ধরনের চরিত্রে এর আগে কখনোই কাজ করিনি। তবে এর আগে শিশুদের জন্য নির্মিত ‘সিসিমপুর’-এ দীর্ঘ সময় কাজ করেছি। এবারের ধারাবাহিকটি কিশোরদের উপযোগী। আশা করি চরিত্রটি কিশোররা পছন্দ করবে।’
এদিকে ধারাবাহিকটির গল্প সম্পর্কে জানা গেছে, ‘বিল্টু মামার লক্ষ্য নানামুখী। ফলে জীবনে কিছুুই করা হয়ে ওঠেনি তার। যে কাজেই হাত দেন, তালগোল পাকিয়ে ফেলেন। তাই চাকরি করতে গিয়েও বারবার ফিরে আসতে হয়েছে তাকে। গোয়েন্দাগিরিই এখন তার একমাত্র ধ্যান-জ্ঞান। যেখানেই রহস্যের গন্ধ পান, সেখানেই ছুটে যান এবং স্বভাবসুলভ কর্মকান্ডের মধ্য দিয়ে রহস্যকে আরও ঘনীভূত করে তোলেন। ভালো মানুষকে সন্দেহজনকভাবে পাকড়াও করে, সহজ সূত্রকে জটিল করে ঘটনাচক্রে নিজেই সেই জটিলতার জালে আটকা পড়ে মানুষকে উত্তেজনার চরমে নিতে নিতে হাস্যকরভাবে ঘটনার পরিসমাপ্তি ঘটান। তবে চূড়ান্ত ভাবে ন্যায়ের পক্ষেই থাকেন তিনি।
মাছরাঙা টেলিভিশন সুত্রে জানা গেছে শিগগিরি কিশোর ধারাবাহিক নাটক ‘বিল্টু মামা’র সম্প্রচার শুরু হবে।
