আবারও জেনিফার-ব্র্যাডলি
হলিউডি পরিচালক ডেভিড ও রাসেল পরিচালিত ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমায় অভিনয়ের সুবাদে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা ব্র্যাডলি কুপার এবং অভিনেত্রী জেনিফার লরেন্স। রাসেলের পরবর্তী সিনেমাতেও জোট বাঁধতে যাচ্ছেন আলোচিত ওই জুটি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
ডেডলাইনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ১৯৭০ সালের এফবিআই এর অ্যাবসকাম অভিযানের কাহিনী অবলম্বনে নির্মিতব্য ওই সিনেমার চিত্রনাট্য লিখেছেন এরিক ওয়ারেন সিংগার এবং ও রাসেল। সে সময় একজন কন আর্টিস্ট যুক্তরাষ্ট্রের সিনেটর এবং হাউজ অফ রেপ্রেসেনটেটিভদের মধ্যে ৫ জন সদস্যের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছিলেন।
ও রাসেলের আসন্ন সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয় নি। তবে সিনেমাটিতে জেনিফার লরেন্স এবং ব্র্যাডলি কুপারের পাশাপাশি আরও থাকছেন জেরমি রেনার, অ্যামি অ্যাডামস এবং লুইস সিকে।
‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমার সুবাদে লরেন্স, কুপার এবং ও লরেন্স মনোনয়ন পান এ বছরের অস্কারে। সিনেমাটির সুবাদে এবারের গোল্ডেন গ্লোবেও পুরস্কার বাগিয়ে নিয়েছেন জেনিফার।
