২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রন্থমেলায় হুমায়ূন আহমেদের ২ সিনেমা

বাংলা একাডেমী চত্বরে অনুষ্ঠিতব্য এবারের ‘অমর একুশে গ্রন্থমেলা’য় দেখানো হবে প্রয়াত কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদের ২টি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র দু’টি প্রদর্শনের আয়োজন করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 12:56 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগের সমন্বয়ক উপপরিচালক মুর্শিদ আনোয়ার গ্লিটজকে বলেন, ‘মেলা চলার সময় একাডেমীর নতুন ভবনে অবস্থিত মিলনায়তনে ইমপ্রেসের ব্যবস্থাপনায় হুমায়ূন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ এবং ‘শ্যামলছায়া’ প্রদর্শিত হবে। তবে প্রদর্শনের সময় ও দিন এখনো স্থির হয়নি।’

‘আগুনের পরশমণি’ হুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্র। ১৯৯৪ সালে নির্মিত সিনেমাটি সেই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর, শিলা আহমেদ প্রমুখ। ২০০৪ সালে নির্মিত ‘শ্যামলছায়া’তে অভিনয় করেন হুমায়ুন ফরীদি, মেহের আফরোজ শাওন, রিয়াজ, চ্যালেঞ্জার, তানিয়া আহমেদ প্রমুখ।

আনোয়ার মুর্শিদ আরো বলেন, ‘এবারের গ্রন্থমেলাটি আমরা এই গুণী মানুষটির নামে উৎসর্গ করেছি। এছাড়া মেলার মূলমঞ্চে হুমায়ূন আহমেদকে নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।‘