কলকাতায় ‘শুনতে কি পাও!’
এবারে ভারতের কলকাতায় গ্যাটে ইনিস্টিটিউটে ৪ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারির দশম আসরে উদ্বোধনী সিনেমা হিসাবে আমন্ত্রণ পেয়েছে সুন্দরবনের একটি গ্রামের প্রামাণ্যজীবন নিয়ে নির্মিত প্রমাণ্যচিত্র ‘শুনতে কি পাও!’। সিনেমাটি পরিচালনা করেছেন কামার আহমাদ সাইমন ও প্রযোজনা করেছেন সারা আফরীন।
এ বিষয়ে কামার বলেন, ‘শুনতে কি পাও!’ ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম প্রামাণ্যচিত্রের আসর আমস্টারডামের ইডফাতে এবং বিশ্বের প্রাচীনতম প্রামাণ্য উৎসব জার্মানির লাইপজিগের ৫৫তম আসরের উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে। বিশাল আকাশের নীচে ছোট ছোট মানুষের অসীম সাহস আর সংগ্রামী চিত্রায়ন ওই সিনেমাটি দেশে বিদেশে চলচ্চিত্র বোদ্ধাদের ভূয়ষী প্রশংসা অর্জন করেছে। এর মধ্যে ইউরোপীয় প্রামাণ্য নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা পরিচালক ট্যু ট্যু স্টিন মুলার লিখেছেন, ‘সিনেমাটি সত্যজিত রায়ের অপু-উপাখ্যান মনে করিয়ে দেয়। এদিকে নির্মাতা, নাট্যজন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ সিনেমাটি দেখে মন্তব্য করেছেন ‘এটি একটি মহাকাব্যিক চিত্রভাষা’।
দেশে সিনেমাটি প্রদর্শনের বিষয়ে কামার বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে পনেরো হাজারেরও বেশি সাধারণ দর্শক ফেইসবুকে সিনেমাটি দেখার ব্যাপারে উৎসাহ প্রকাশ করেছেন। আমরাও দেশের প্রান্তিক দর্শকদের সিনেমাটি দেখাতে চাই।’
প্রযোজক সারা আফরীন বলেছেন, ‘দেশের প্রচলিত পরিবেশনা ব্যবস্থায় সেটা সম্ভব না হওয়ায় আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি। ইতোমধ্যে অনেকগুলো চলচ্চিত্র সংসদ আমাদের সঙ্গে যোগাযোগ করে সিনেমাটি প্রদর্শনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সেজন্য আমরা সিনেমাটি সেন্সরে জমা দিয়েছি এবং সাধারণ দর্শকদের কাছে সিনেমাটি নিয়ে যাওয়ার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’
