একতার লক্ষ্য ২০০ কোটি রুপি
বলিউডি প্রযোজক একতা কাপুর বলেছেন, তিনি এবার এমন সিনেমা তৈরি করতে চান যা ২০০ কোটি রুপির নতুন ধারা সৃষ্টি করবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘শুট আউট অ্যাট ওয়াডালা’ সিনেমার প্রযোজক একতা কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আজকাল সব সিনেমাই ১০০ কোটি রুপি ব্যবসা করছে। এমনকি ৯৫ কোটি আয় করলেও সেই সিনেমা ১০০ কোটির দলে যোগ দিতে পারছে। আর তাই এখন নতুন এক ধারা সৃষ্টি করার সময় এসেছে। শুট আউট অ্যাট ওয়াডালা অন্যরকম একটি সিনেমা এবং আমি আশা করছি এটি ২০০ কোটির ব্যবসা করতে পারবে। এরকম কি কোনো দল আছে? আমাদের মনে হয় ২০০ কোটির দলের উদ্বোধন করা উচিত।’
সম্প্রতি মুম্বাইয়ের নয়ডা এলাকায় সিনেমাটির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে একতা আরও বলেন, ‘আমি এই সিনেমাটি একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করেছি, আর উপন্যাসটি যখন ভালো চলেছে, তবে আমার ভয় পাবার কি আছে?’
ভারতীয় লেখক হুসেইন জাঈদির লেখা উপন্যাস ‘ডংরি টু দুবাই’ অবলম্বনে নির্মিত ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ হতে যাচ্ছে ২০০৭ সালের সুপারহিট অ্যাকশন ফিল্ম ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র প্রিক্যুয়েল।
পরিচালক সঞ্জয় গুপ্তা পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জন আব্রাহাম,অনিল কাপুর, কঙ্গনা রানৌত, তুষার কাপুর, মনোজ বাজপেয়ি এবং সনু সুদ।
ভারতের বিতর্কিত গ্যাংস্টার সাবির ইব্রাহিম, মানায়া সুর্ভে এবং দাউদ ইব্রাহিমের কাহিনী নিয়ে গড়ে ওঠা সিনেমাটিতে চরিত্রগুলোর নাম তাদের প্রকৃত নাম অনুযায়ী রাখা হয়েছে বলে জানান একতা কাপুর।
‘শুট আউট অ্যাট ওয়াডালা’ সিনেমাটি মুক্তি পাবে মে মাসের ১ তারিখে।
