দুঃস্থ শিশুদের পাশে শাকিরা
কলম্বিয়ান পপতারকা শাকিরা এবং তার প্রেমিক ফুটবলার জেরার্ড পিকে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন আর কিছুদিনের মধ্যেই। প্রথম সন্তানের আগমন উপলক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছেন এ জুটি। ইয়াহু নিউজ জানিয়েছে, ইউনিসেফের সঙ্গে মিলিতভাবে একটি অনলাইন বেবি শাওয়ার সাইট তৈরি করেছেন তারা। এখান থেকে শাকিরার সন্তানের জন্য উপহার কেনার মাধ্যমে বিশ্বের দুঃস্থ শিশুদের সাহায্য করতে পারবেন যে কেউ।
ইউনিসেফের শুভেচ্ছাদূত শাকিরা এ ব্যাপারে বলেছেন, ‘আমাদের প্রথম সন্তানের আগমনের প্রাক্কালে আশা করছি, ওর জন্য বিশ্বের অনেক দুঃস্থ শিশু তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সাহায্য পাবে।’ এদিকে পিকে এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের সঙ্গে এই অবিষ্মরণীয় সময় কাটানোর জন্য আপনাদের ধন্যবাদ।’
অনলাইন বেবি শাওয়ারের ওই সাইটটিতে গিয়ে যে কেউ শাকিরার সন্তানের জন্য উপহার কিনতে পারবেন। উপহারের দাম শুরু ৫ ডলার থেকে। এই উদ্যোগ থেকে জমাকৃত অর্থ দিয়ে দুঃস্থ শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রতিষেধক, ওষুধ এবং উন্নতমানের মশারি কেনা হবে।
