২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্মফেয়ার মনোনয়নে এগিয়ে ‘বারফি!’

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা নয়টি বিভাগে মনোনয়ন ‘বারফি!’ এর, এরপরই রয়েছে ‘যাব তাক হ্যায় জান’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 05:10 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

সম্প্রতি প্রকাশিত হয়েছে ৫৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১২-এর পূর্ণ মনোনয়ন তালিকা। সেরা চলচ্চিত্রসহ সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পেয়ে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনায় এগিয়ে রয়েছে অনুরাগ বসু পরিচালিত ‘বারফি!’। মনোনয়ন সংখ্যার দিক থেকে এরপরই রয়েছে ইয়াশ চোপড়ার শেষ সিনেমা ‘যাব তাক হ্যায় জান’। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

রণবীর কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বারফি!’পেয়েছে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী এবং সেরা পরিচালকসহ নয়টি বিভাগের মনোনয়ন। অন্য দিকে শাহরুখ খান অভিনীত ‘যাব তাক হ্যায় জান’ সিনেমাটির রয়েছে ৭ বিভাগে পুরস্কার জয়ের সুযোগ।

‘বারফি!’ এবং ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার পরেই রয়েছে ক্রাইম থ্রিলার সিনেমা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’। সিনেমাটি পেয়েছে ৬টি মনোনয়ন। করণ জোহর পরিচালিত রিমেক ‘অগ্নিপথ’ সিনেমাটি লাভ করেছে ৫টি মনোনয়ন। ‘ভিকি ডোনার’ সিনেমাটির নাম উঠে আসে ৪টি বিভাগে। ‘ইংলিশ ভিংলিশ’, ‘কাহানী’ এবং ‘তালাশ’ সিনেমা ৩টি করে বিভাগে মনোনয়ন পায়।

রণবীর এবং শাহরুখ ছাড়াও ‘সেরা অভিনেতা’ বিভাগে মনোনয়ন পেয়েছেন হৃত্বিক রোশান (অগ্নিপথ), সালমান খান (দাবাং ২), মনোজ বাজপেয়ী (গ্যাংস অফ ওয়াসিপুর) এবং ইরফান খান (পান সিং তোমার)। অন্যদিকে ‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনয়ন পেয়েছেন প্রিয়াংকা চোপড়া (বারফি!), দীপিকা পাড়ুকোন (ককটেল), কারিনা কাপুর (হিরোইন), পরিনীতি চোপড়া (ইশাকজাদে), শ্রীদেবী (ইংলিশ ভিংলিশ) এবং বিদ্যা বালান (কাহানী)।

‘সেরা পরিচালক’ বিভাগে অনুরাগ বসু (বারফি!) ছাড়াও মনোনয়ন পেয়েছেন অনুরাগ কাশ্যপ (গ্যাংস অফ ওয়াসিপুর), গৌরি শিন্দে (ইংলিশ ভিংলিশ), সুজিত সরকার (ভিকি ডোনার) এবং সুজয় ঘোষ (কাহানী)। ‘সেরা চলচ্চিত্র’-এর তালিকায় আছে ‘বারফি!’, ‘ইংলিশ ভিংলিশ’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘কাহানী’ এবং ‘ভিকি ডোনার’-এর নাম।

১৪ জানুয়ারি রাতে ফিল্ম ফেয়ারের মনোনয়ন প্রকাশের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াংকা, দীপিকা, আনুশকা শর্মা, ইমরান খান, শ্রীদেবী, রণবীর সিং, আলিয়া ভাট, হুমা কুরেশী এবং আরো অনেকে। বলিউডি চলচ্চিত্র জগতের একশ বছর পূর্তি উপলক্ষে এবারের ফিল্ম ফেয়ার জয়ীদের জন্য তৈরি করা হয়েছে সোনা দিয়ে মোড়ানো বিশেষ ট্রফি। ২০ জানুয়ারি রাতে ইয়াশ রাজ স্টুডিওতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হবে ‘বলিউডের অস্কার’ খ্যাত পুরস্কার বিতরণীর।