২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারিকেল তেলের নানান ব্যবহার

গায়ে ও চুলে মাখা ছাড়াও অনেক কাজের কাজী নারিকেল তেল।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 12:04 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

রান্না, খাওয়া, চর্মরোগ সারানো ইত্যাদি নানান কাজের কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এই তেল।

যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ বেটি গোল্ড ‘রিয়েল সিম্পল’ ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে নারিকেল তেল দিয়ে নানান কাজ করার পন্থা জানান।

উচ্চতাপে খাবার ভাজতে

খাওয়া ক্ষেত্রে নারিকেল তেলও প্রচুর স্বাস্থ্যগুণ সরবরাহ করে। তবে সমস্যা হল এতে থাকা উচ্চমাত্রার ‘স্যাচুরেইটেড ফ্যাট’, প্রায় ৮৭ শতাংশ। আর একারণেই শীতকালে ঘরের কোনো তেল জমে না গেলেও নারিকেল তেল জমে যায়।

তবে এই উচ্চমাত্রার ‘ফ্যাট’ই উচ্চ তাপে রান্নার ক্ষেত্রে আদর্শ তেলে পরিণত করে। অন্যান্য রান্নায় তেলে থাকে ‘পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস’, যা উচ্চতাপে এর রাসায়নিক গঠন ধরে রাখতে পারে না।

কিন্তু নারিকেল তেলের এক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। আর খাবারে নারিকেল তেলেও গন্ধ পাবেন না একটুও।

মুখের দুর্ঘন্ধ সারাতে

শক্তিশালী ব্যাক্টেরিয়া ও ছত্রাকরোধী গুণ আছে নারিকেল তেলের যা মুখের দুর্গন্ধ দূর করে, কমায় ‘জিনজিভাইটিস’য়ের সম্ভাবনা।

দাঁত ও মাড়ির যত্নে প্রাচীন পদ্ধতি ‘অয়েল পুলিং’য়ে নারিকেল তেল দিয়েই কুলি করা হয়।

‘অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ’য়ের সঙ্গে টেক্কা দিতে পারে নারিকেল তেল কার্যকারিতার দিকে থেকে।

ত্বকের আর্দ্রতা

নারিকেল তেলের ফ্যাটি অ্যাসিড ত্বক ‘ময়েশ্চারাইজিং’য়ের জন্য অত্যন্ত উপকারী। শরীরের যে কোনো অংশে এই তেল মাখা যায়, তাতে ত্বকের ধরন যেমনই হোক না কেনো।

ত্বক দ্রুত এই তেল শুষে নেয়। আর লোশনের তুলনায় তা লম্বাসময় ত্বক আর্দ্র রাখে। তবে যাদের ত্বকে ব্রণ হয়, তাদের নারিকেল তেল মাখা উচিত নয়।

কাপড় ও আসবাবের দাগ তুলতে

সমপরিমাণ নারিকেল তেল আর বেইকিং সোডা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। কাপড় ও আসবাবের যে অংশে দাগ লেগেছে সেখানে পেস্ট মাখিয়ে রাখুন পাঁচ মিনিট। এবার মুছে নিন। দাগ চলে যাওয়া উচিত।

মেইকআপ তুলতে

নারিকেল তেল এই কাজে এতই কার্যকর যে ‘ওয়াটারপ্রুফ মেইকআপ’ও তুলে ফেলতে পারে।

তুলা ভিজিয়ে কিংবা সরাসরি ত্বকের প্রয়োগ করা যায়। চোখে যাতে না যায় সেদিকে নজর রাখতে হবে।

কয়েক সেকেন্ড রাখলেই মেইকআপ গলে উঠে আসবে। মেইকআপ ব্রাশ, ব্লেন্ডার ইত্যাদি পরিষ্কার করতেও নারিকেল তেল ব্যবহার করা যায়।

চুল সামলাতে

বাতালে চুল এলোমেলো হওয়া এড়াতে দুই এক ফোঁটা নারিকেল তেল হাতে নিয়ে চুলে বুলিয়ে নিতে পারেন। এতে চুল ঝলমলে দেখাবে এবং চুলের গোড়ায় আর্দ্রতা বজায় থাকবে।

ত্বকের সাধারণ সমস্যার সমাধান

ব্যাক্টেরিয়ানাশক উপাদান এবং ‘ময়েশ্চারাজিং’ গুণ থাকায় প্রায় সকল চর্মরোগ ও একজিমা’র সমস্যার তীব্রতা কমাতে উপকারী নারিকেল তেল।

আরও পড়ুন

দাঁতের যত্নে ‘অয়েল পুলিং’  

উপকারী তিলের তেল  

এসেনশল অয়েল ব্যবহার পদ্ধতি