২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার শীর্ষে যেসব পুষ্টিকর খাবার

দই, জাম-জাতীয় ফল কিংবা শষ্য ও বীজধর্মী খাবার স্বাস্থ্যের জন্য উপকারী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 05:10 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

যুক্তরাষ্ট্রের ‘পলক কমিউনিকেশন’ আর ‘টুডে’স ডায়েটিশিয়ান’য়ের মিলিত উদ্যোগে সাম্প্রতিক জরিপ ‘হোয়াট’স ট্রেন্ডিং ইন নিউট্রিশন’ থেকে বেরিয়ে এসেছে চলতি বছরের বহুল আলোচিত পুষ্টিকর খাবারগুলো।

আর এই জরিপের উৎস হলো যুক্তরাষ্ট্রের ১,১৭৩ জন সনদস্বীকৃত পুষ্টিবিদ।

সুপরিচিত ‘ডায়েট’ বা খাদ্যাভ্যাস, সাধারণ মানুষের কেনাকাটার ধরন ইত্যাদি নানান তথ্য নিয়ে এই জরিপ করেছেন পুষ্টিবিদরা।

‘পলক কমিউনিকেশন’য়ের সভাপতি লুইস পলক ‘রিয়েল সিম্পল’ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, “সময়ের প্রেক্ষিতে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে মানুষের ঝোঁক বেড়েছে সুস্বাস্থ্য আর রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ের প্রতি। উদ্ভিজ্জ খাবারের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে প্রচণ্ড। তাই পুষ্টিগুণে ভরপুর উদ্ভিজ্জ উৎসের খাবারগুলো আগামি দশকে থাকবে চাহিদার তুঙ্গে।” 

‘ফার্মেন্টেড’ খাবার

ওই জরিপে সবচাইতে পুষ্টিকর ও সুপরিচিত খাবারের তালিকায় সবার উপরে আছে টক দই, খিমচি ইত্যাদি গাঁজানো বা ‘ফার্মেন্টেড’ পদ্ধতিতে বা তৈরি করা খাবারগুলো।

‘স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিন’য়ের গবেষকরা বলছেন, “রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অন্ত্রের সুস্বাস্থ্য বজায় রাখতে ‘ফার্মেন্টেড’ খাবারের যে অসামান্য ভূমিকা রয়েছে। এ জন্যই এদের এত মর্যাদা দেওয়া হয়েছে। খাদ্যাভ্যাসে এই খাবারগুলো থাকলে অন্ত্রের ‘মাইক্রোবায়োম’য়ের বৈচিত্র্য বাড়ে, আর সেটাই সৃষ্টি করে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা।”

ব্লুবেরি

জামজাতীয় এই ফল ছোট হলেও অত্যন্ত শক্তিশালী। অ্যান্টি-অক্সিডেন্ট’য়ের দারুণ একটি উৎস এই ফল যা শরীরের প্রতিটি কোষকে সুরক্ষিত রাখে ‘ফ্রি র‌্যাডিকেল’ বা মুক্তমৌলের ক্ষতিকর প্রভাব থেকে। ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি দূরারোগ্য ব্যধির পেছনের অনেকাংশেই দায়ী ওই মুক্তমৌল। পাশাপাশি চুল গজাতে, নখ শক্তিশালী করতে এবং ত্বক সুস্থ রাখতেও অ্যান্টি-অক্সিডেন্ট অত্যন্ত জরুরি। 

বীজজাতীয় খাবার

চিয়া সিডস, হেম্প সিডস হল বীজজাতীয় খাবারের মধ্যে পুষ্টিগুণের দিক থেকে সবচাইতে অগ্রজ। অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ উপাদান, ভোজ্য আঁশ ও ‘ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড’য়ে ভরপুর থাকে চিয়া সিডস। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে বিশেষ কার্যকর। হৃদযন্ত্র আর বৃক্ককে সুস্থ রাখার জন্য উপকারী চিয়া সিডস’য়ে থাকা উপাদানগুলো। এতে ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম থাকার সুবাদে হাড়ের জন্যও এই বীজজাতীয় খাবারটি অত্যন্ত উপকারী।

অ্যাভাকাডো

স্বাস্থ্যকর খাবার হিসেবে অ্যাভাকাডোর জনপ্রিয়তা নতুন নয়। হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বির আদর্শ উৎস এটি। এতেও আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টসহ আরও অনেক পুষ্টি উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, হাড়ের ঘনত্ব বাড়ায়, ত্বক ও চোখ ভালো রাখে।

গ্রিন টি

হাজার বছর জাপানিজরা এই পানীয় পান করে আসছেন নিয়মিত। আর এর উপযুক্ত কারণও আছে। প্রদাহনাশক ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার অনন্য ক্ষমতা আছে গ্রিন টি’য়ের। পাশাপাশি বাড়ায় চর্বি খরচের মাত্রা এবং বিপাকক্রিয়ার গতি।

বাদাম

বাদাম ও বাদাম থেকে তৈরি করা মাখন খাওয়ার মাধ্যমে সহজেই খাদ্যাভ্যাসে যোগ করা যায়, প্রোটিন, ভোজ্য আঁশ ও অন্যান্য পুষ্টি উপাদান। পেস্তা বাদামে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট মেলে। এতে চোখ ভালো থাকে, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকিও কমে।

কিনোয়া

শষ্যজাতীয় খাবারের মধ্যে ‘অমরনাথ’, ‘টেফ’, ‘ফারো’ আর ‘কিনোয়া’কে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন পুষ্টিবিদরা। এদের মধ্যে ‘কিনোয়া’ই এখন সবচাইতে সহজলভ্য ও জনপ্রিয়। প্রচুর ভোজ্য আঁশ আর ‘অ্যামিনো অ্যাসিড’ থাকে এতে। ভিটামিন বি সিক্স আর সি’য়ের দারুণ উৎস এই কিনোয়া।

আরও পড়ুন

পুষ্টিকর খাবার সবার জন্যই এক  

প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়ার উপায়  

সঠিক পুষ্টি পেতে