শুষ্ক ত্বকের ময়েশ্চারাইজার
ত্বক আর্দ্র রাখতে গ্লিসারিনের তুলনা নেই। তবে এটা ব্যবহারে ত্বকে আঠালোভাব আসে। তাই ভিন্ন পদ্ধতিতে ময়েশ্চারাইজার তৈরি করে নেওয়া যায়।
রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রাকৃতিক উপাদান দিয়ে শুষ্ক ত্বকের জন্য ‘সিরাম’ তৈরির পদ্ধতি এখানে দেওয়া হল।
গ্লিসারিন, গোলাপ জল ও লেবুর সংমিশ্রণ
শীতে সবারই ত্বক আর্দ্র রাখার জন্য পরিশ্রম করতে হয়। গ্লিসারিন রং ও গন্ধহীন কার্বনের যৌগ যা শুষ্ক ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। গোলাপ জল ও লেবুর রস গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে খুব ভালো ময়েশ্চারাইজার তৈরি করা যায়। গোলাপ জলে আছে ফেনিলেথানল যা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজান্ট হিসাবে কাজ করে এবং ত্বকের নানান রোগ দূর করতে সাহায্য করে। লেবুর রসে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। এটা যখন গ্লিসারিন ও গোলাপ জলের সঙ্গে মেশানো হয় তখন আরও বেশি কার্যকর হয়।
তৈরির পদ্ধতি
এই ময়েশ্চারাইজার বানাতে ২০ মি.লি. গোলাপ জল, ৫ ফোঁটা গ্লিসারিন ও একটি গোটা লেবুর রস নিন। এই তিন উপাদান ভালোভাবে মিশিয়ে শুষ্ক ত্বকে লাগান। মিশ্রণটি চাইলে রেফ্রিজারেইটরে এক মাস সংরক্ষণ করতে পারেন।
ত্বক খুব বেশি শুষ্ক হলে
ত্বক খুব বেশি শুষ্ক হলে এবং এই ময়েশ্চারাইজার ব্যবহার করতে চাইলে, সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন।
সেটিং স্প্রে
চাইলে এই মিশ্রণ সেটিং স্প্রে হিসেবেও ব্যবহার করা যায়। ময়েশ্চারাইজার একটা স্প্রে বোতলে রাখুন। মেইকআপ শেষে তা স্প্রেয়ের মতো ব্যবহার করুন।
ছবির মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন
