২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুষ্প্রাপ্য মুদ্রায় ইতিহাস দর্শন

বিভিন্ন শতকে রাজনৈতিক পটপরিবর্তন আর অর্থনৈতিক উন্নতিতে মুদ্রার গঠন, বৈশিষ্ট্য আর মূল্যমান কীভাবে বদলে গেছে, সেই চিত্র উঠে এসেছে রাজধানীতে আয়োজিত এক প্রদর্শনীতে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 08:19 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় তিন দিনের এ মুদ্রা প্রদর্শনীর আয়োজন করেছে সৌখিন মুদ্রা সংগ্রাহকদের সংগঠন বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি (বিএনসিএস)।

নিউমিসম্যাটিক হল মুদ্রাসংক্রান্ত বিদ্যা। মুদ্রার পাশাপাশি পদক, স্মারক এবং অর্থবিষয়ক প্রাচীন দলিল নিয়ে গবেষণাও নিউমিসম্যাটিকের বিষয়।

জাতীয় চিত্রশালার চতুর্থ গ্যালারিতে কাচের ডিসপ্লের ভেতর সাজিয়ে রাখা নানা আকারের বাহারি মুদ্রাগুলো যেন বলে চলেছে পৃথিবীর ইতিহাসের নানা ঘটনাক্রম।

২২ তরুণের সংগ্রহ নিয়ে এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বাংলার বিভিন্ন শাসকদের সময়ে প্রবর্তিত ধাতব মুদ্রা, বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের চালু করা কয়েন ও টাকা।

খুলনার সৌখিন সংগ্রাহক রাকিবুল হাসান ২ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত বাংলাদেশের সব নোট সাজিয়েছেন নম্বরের ক্রম অনুযায়ী। তার অধ্যবসায় প্রদর্শনীর দর্শকদের মুগ্ধ করেছে।

বিনিময় প্রথার জটিলতাগুলো দূর করতে মুদ্রার ব্যবহার শুরু করেছিল মানুষ। এখন যেখানে তুরস্কের অবস্থান, ওই এলাকায় খ্রিস্টের জন্মের আনুমানিক পাঁচ হাজার বছর আগে মুদ্রা ব্যবহারের নজির পাওয়া যায় ইতিহাসে। আর চীনাদের হাত দিয়ে খ্রিস্টপূর্ব সপ্তম অব্দে শুরু হয় কাগুজে মুদ্রার প্রচলন।

ভারতবর্ষ সম্রাট আকবরের পর মুঘল শাসকরা নিজেদের মুদ্রা প্রবর্তন করলে গোলাকৃতির কয়েন বদলে গিয়ে হয় চৌকোণা। যোগ হয় স্বর্ণ ও রূপার মুদ্রা। মুঘল আর সুলতানি শাসনামলের তেমন বেশ কিছু মুদ্রা স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।

সম্রাট জাহাঙ্গীরের সময়ের রাশিচক্রের মুদ্রা, ক্ষুদ্রাকৃতির মুদ্রা নিসার আর রৌপ্য মুদ্রা দেখার সঙ্গে সঙ্গে দর্শনার্থীরা জানতে পারছেন এসব মুদ্রা আর ওই সময়ের ইতিহাস।

মুঘল আমলের অনেক মুদ্রায় দেখা যায় কালেমা, ফারসি কবিতার পঙক্তি আর শাসকদের নাম খোদাই করা। সুলতানি আমলের মুদ্রা এসেছে সংঘাত, যুদ্ধবিগ্রহের ছবিও।

আয়োজক সংগঠন বিএনসিএসের সভাপতি অমলেন্দ্র সাহা বলেন, “মুদ্রার ওজন, ধাতুর বিশুদ্ধতায় মুঘল আমলের  মুদ্রাগুলোতে শাসকদের ঐতিহ্য আর কৃষ্টি ফুটে ওঠে।”

ভারতীয় উপমহাদেশের যেসব মুদ্রা প্রদর্শনীতে স্থান পেয়েছে, তার মধ্যে রয়েছে খ্রিস্টপূর্ব ৫০০ বছর আগের কৌশাম্বি রাজ্যের মুদ্রা, খিষ্ট্রীয় তৃতীয় শতকের হিন্দু শাহী বা কাবুল শাহী মুদ্রা, খ্রিস্টীয় প্রথম শতকে ইন্দো-পার্সিয়ান রাজত্বের মুদ্রা। এছাড়া রয়েছে বঙ্গ জনপদের মৌর্য রাজত্বের ছাপাঙ্কিত মুদ্রা, কুশান সাম্রাজ্যের মুদ্রা, গুপ্ত সাম্রাজ্যের মুদ্রা।

ত্রিপুরার মানিক্য রাজাদের প্রবর্তিত মুদ্রা, ৯৮৫ খ্রিস্টব্দে প্রবর্তিত চেলো রাজার তাম্র মুদ্রা, ১২-১৩ শতকে মহারাজা মহিপালার তাম্র মুদ্রা, মুঘল বাদশাহ আকবরের তাম্রমুদ্রা, খিলজি সাম্রাজ্যের তাম্র মুদ্রা এবং ১৮১৪ সালে উত্তর প্রদেশের আওয়াধের শাসক গাজী উদ্দিন হায়দার প্রবর্তিত মুদ্রাও রয়েছে প্রদর্শনীতে।

ইসলামিক সাম্রাজ্যের মুদ্রাগুলোর মধ্যে প্রদর্শনীতে ৬৮৫ খ্রিস্টাব্দের উমাইয়া রাজত্বের রাজা আবদুল মালিক ইবনে মারওয়ান প্রবর্তিত প্রথম ইসলামিক মুদ্রা। রুপার দিরহামের পাশাপাশি হাবারী শাসক, উত্তর আফ্রিকার ফাতিমিদ রাজত্ব, গজনভীদ রাজত্ব, উত্তর আফ্রিফার মোয়াহিদ, তিমুরীদ বংশের মুদ্রাও ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে।

রাশিয়ার স্মারক মুদ্রাগুলোর মধ্যে রয়েছে- টাগারগ, গেটচিন, ফেওডিসিয়া, পেত্রোজাভদক্স ভাইবং ও ব্যাটল অব লিপজিং। ব্রিটিশ ইন্ডিয়ান ইউনিফর্ম কয়েনের মধ্যে রয়েছে খ্রিস্টপূর্ব ৪ শতকের সোনা ও রুপার তৈরি মুদ্রা, ভিক্টোরিয়া কন্টিনিয়াম লিজেন্ট, ভিক্টোরিয়া ফুটন এবং ১৯৩৮ সালের ষষ্ট জর্জ প্রবর্তিত মুদ্রা।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন মেডালের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন মেডালও রয়েছে এই প্রদর্শনীতে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পাওয়া মেডেলও আছে এই সংগ্রহে।  

অমলেন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুদ্রা হচ্ছে ইতিহাস ও সংস্কৃতির ধারক ও বাহক; মুদ্রা নিজেই ইতিহাসের গল্পকার। মুদ্রা সংগ্রহ কেবল শখ নয়, এ নেশা তরুণদের বিজ্ঞানভিত্তিক ইতিহাস চর্চাতেও উদ্বুদ্ধ করে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া এ প্রদর্শনী শনিবার রাত পর্যন্ত চলবে।