বৃষ্টির দিনে যেমন পোশাক
এই বৃষ্টি, এই রোদ। কখনও বা দিন ভর বৃষ্টি। এমন আবহাওয়ার জন্য পোশাক বাছাই করতে হবে বুঝেশুনে।
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক শাহমিনা রহমান বৃষ্টির দিনের কেমন পোশাক পরা উচিত সে সম্পর্কে পরামর্শ দেন।
“দ্রুত পানি ঝরিয়ে ফেলে এমন তন্তুর পোশাক পরা বৃষ্টির দিনের জন্য বিশেষ উপযোগী। তাছাড়া শরীরে অস্বস্তি সৃষ্টিকরে এমন পোশাক না পরাই ভালো।”
বৃষ্টির দিনে পাতলা জর্জেট, সিল্ক বা সুতি ও মিশ্র সুতার পোশাক পরা বেশ আরামদায়ক। এই তন্তুগুলো পানি ধরে রাখে না। ফলে দীর্ঘক্ষণ ভেজা কাপড়ে থাকতে হয় না। ‘সারাদিন বৃষ্টি’ এমন দিনের জন্য এই ধরনের তন্তুর পোশাক পরা ভালো বলে মনে করেন তিনি।
তবে মাঝে মাঝে হঠাৎ রোদ আবার বৃষ্টি দেখা যায় সেক্ষেত্রে সুতির পোশাক বা লিনেনের পোশাক বেছে নেওয়া যেতে পারে। কারণ জর্জেটের পোশাক বা মিশ্র তন্তু বৃষ্টির জন্য উপযোগী হলেও রোদ উঠে গেলে বেশ গরম অনুভূত হয়।
সুতি বা লিনেনের পোশাক পানি শোষণ করবে তাড়াতাড়ি আবার রোদ উঠলেও গরম অনুভূত হবে না। তাই আবহাওয়া দেখে নিজের কাজের ধরণ ও সারা দিনের কর্ম পরিকল্পনার কথা বিবেচনা করে পোশাক পরিধান করার পরামর্শ দেন শাহমিনা রহমান।
পোশাকের যত্ন
বৃষ্টিতে ভেজা পোশাকের যত্ন সম্পর্কে শাহমিনা বলেন, “ভেজা কাপড় অবশ্যই পরিষ্কার করতে হবে। না হলে দুর্গন্ধ ও তিলা পড়ার সমস্যা দেখা দিতে পারে।”
জর্জেট বা সিল্ক ধরনের পোশাক শ্যাম্পু অথবা মৃদু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা উচিত। এতে পোশাকের উজ্জ্বলতা বজায় থাকে।
সুতি বা লিনেন পোশাক পরিষ্কার করতে হালকা ডিটারজেন্ট ব্যবহার করা প্রয়োজন। ভেজা কাপড় ভালো মতো শুকিয়ে গুছিয়ে রাখতে হবে।
প্রচ্ছদছবির মডেল: প্রমি ও ডেভিড। আলোকচিত্র: অপূর্ব খন্দকার। মেইকআপ: পার্সোনা।
