তারকা হোটেলে বড়দিন
২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উদযাপন উপলক্ষ্যে রাজধানীর তারকা হোটলেগুলোতে রয়েছে বিশেষ আয়োজন।
লো মেরিডিয়ান: হোটেলের স্কাইলাইন ইনফিনিটি পুলের পাশে আয়োজন করা হয়েছে শিশুদের বড়দিনের অনুষ্ঠান। চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। থাকছে জাদু প্রদর্শনী, ফেইস পেইন্টিংসহ আরও অনেক আয়োজন। শুধু তাই নয়, স্যান্টাক্লজ উপস্থিত থাকবেন তার উপহার ভরা ব্যাগ নিয়ে। শিশু অতিথিদের জন্যে মুখরোচক খাবারের আয়োজনে থাকছে হটডগ, চকলেট ফাউন্টেইন, চিজবল, পিৎজা, বার্গার, নাগেটস, পটেটো ওয়েজেস ইত্যাদি। জনপ্রতি দেড় হাজার টাকায় এই আয়োজন উপভোগ করা যাবে।
এছাড়াও নতুন রেসিপিতে অতিথিরা উপভোগ করতে পারবেন ক্রিসমাস ফ্যামিলি ব্রাঞ্চ বাফেট। জনপ্রতি ৩ হাজার ৬শ’ টাকায় অতিথিরা এই অফারের স্বাদ নিতে পারবেন। বড়দিনের অনুষ্ঠানে আগত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণের কুপন দেখালেই ২৫ ডিসেম্বর ২০১৬ থেকে ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত বাফেট লাঞ্চ অথবা ডিনারের উপর শতকরা ২৫ ভাগ ছাড় উপভোগ করতে পারবেন।
আমারি ঢাকা: ক্যাসকেড লাউঞ্জ ও আমায়া ফুড গ্যালারিতে থাকছে বড়দিনের দিন ও রাতের খাবারের সঙ্গে তুর্কি সেট মেন্যু, মূল্য আড়াই হাজার টাকা। আর আমায়া রেগুলার মেন্যু ও আলা-কার্টে-মেনু তো থাকছেই l
ব্রিজ স্পা হ্যাম্পার অফার চলবে ২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। ম্যাংগো স্টিকি রাইস সেট (৩টি) এবং ৬০ মিনিট গিফট ভাউচার উপভোগ করা যাবে ৮ হাজার টাকায়। জেসমিন লেমন সেট (৩টি) এবং ৬০ মিনিট গিফট ভাউচার মিলবে সাড়ে ৭ হাজার টাকায়। আর ৬০ মিনিট গিফট ভাউচারের দাম ৭ হাজার ৮শ’ টাকা।
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন: বড়দিনের পুরো সময়টাতেই হোটেলের লবিতে বাজবে বড়দিনের সুর। আর বড়দিনের দিন শিল্পিদের গলায় সরাসরি শোনা যাবে ক্রিসমাস ক্যারোল। ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজ রেইন ডিয়ার স্লেজ-তো আছেই। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘কেক মিক্সিং সেরিমনি।
সুগার অ্যান্ড স্পাইস রেস্তোরাঁয় তৈরি করা হয়েছে জিঞ্জারব্রেড হাউস, যেখান থেকে ছোট্ট সোনামনিদের জন্য কিনতে পারবেন ক্রিসমাস ট্রিটস। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ওয়াটার গার্ডেন ব্রাসেরিতে থাকছে ডিনার বাফেট। খরচ পড়বে জনপ্রতি ৩ হাজার ৪শ’ ৫০ টাকা। ২৫ ডিসেম্বরে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বাফেট লাঞ্চ। আর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে বাফেট ডিনার। এজন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে ৪ হাজার ৯শ’ টাকা আর শিশুদের জন্য আড়াই হাজার টাকা।
ওয়েস্টিন ঢাকা: হোটেলে ঢোকার গেইটে অতিথিদের বরণ করতে থাকছে স্যান্টাক্লজ ও তার রেইন ডিয়ার। নিচের লবিতে থাকছে জিঞ্জারব্রেড হাউস ও ক্রিসমাস ট্রি। হোটেলে ডেইলি ট্রিটস, নিচের লবির ক্যাফেতে মিলবে ক্রিসমাস চকলেট হাউজ, চকলেট সান্তা, ক্রিসমাস লগ, ক্রিসমাস প্রডিং ইত্যাদি। ২৪ ডিসেম্বের রাতে হোটেলের সিজনাল টেস্টস রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে বাফেট ডিনার, জনপ্রতি খরচ ৫ হাজার টাকা। একইদিনে ইতালিয়ান রেস্তোরাঁ প্রেগোতে মিলবে বিশেষ সেট মেন্যু, যার জন্য গুনতে হবে জনপ্রতি সাড়ে ৭ হাজার টাকা।
২৫ ডিসেম্বর সিজনাল টেস্টস রেস্তোরাঁয় থাকবে বাফেট লাঞ্চ ও ডিনার, দাম যথাক্রমে ৪ ও ৫ হাজার টাকা। থাকবে রোস্টেড টার্কি, রোস্ট ল্যাম্ব, পিস্তাচিও, অলিভ ক্রাস্টেড ল্যাম্ব চপ, ফ্রুট কেক ইত্যাদি।
একইদিনে প্রেগোতে মিলবে চার কোর্সের সেট মেন্যু, যার দাম সাড়ে ৭ হাজার টাকা। বড়দিন উপলক্ষ্যে হোটেলের ঘর ভাড়াতেও থাকবে বিশেষ ছাড়। যা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।
