খাসির রানের রোস্ট
বিখ্যাত রেস্তোরাঁয় গিয়ে তো অনেক খেয়েছেন। এবার না হয় ঘরেই তৈরি করুন।
রেসিপি দিয়েছেন আফরোজ সাইদা।
উপকরণ: খাসির রান ১ কেজি ওজনের একটি। পেঁয়াজ ১ কাপ। মিষ্টি দই ১ কাপ। আদাবাটা ১ টেবিল-চামচ। রসুনবাটা আধা টেবিল-চামচ। ধনেগুঁড়া ১ টেবিল-চামচ। গোলমরিচ-গুঁড়া আধা চা-চামচ। পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ। পেঁপেবাটা ২ টেবিল-চামচ। টমেটো পেস্ট আধা কাপ। সয়াবিন তেল অথবা ঘি আধা কাপ। এলাচি-বাটা ৬টি। দারুচিনি-বাটা আধা চা-চামচ। কেওড়া ২ টেবিল-চামচ। জায়ফল-জয়ত্রী-বাটা আধা চা-চামচ। ময়দা ১ টেবিল-চামচ। কিশমিশ পরিমাণ মতো।
পদ্ধতি: আস্ত খাসির রান পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কাপড় দিয়ে পানি শুষে নিন।
পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখুন। ময়দা ও লবণ মাখিয়ে আস্ত রানটি তেলের মধ্যে হালকা জ্বালে ১০ মিনিটের মতো ভেজে নিন।
এবার গরম মসলা, কেওড়া, চিনি, বেরেস্তা আলাদা রেখে বাকি সব উপকরণ মিশিয়ে পানি দিয়ে খাসির রানটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিন।
পানি শুকিয়ে আসলে, মাংস সিদ্ধ হলে কিশমিশ, ভাজা পেঁয়াজ, পেস্তাবাদাম কুচি, কেওড়া ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন।
আপনার ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
