২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম খেতে বাগানে

মৌসুমি ফলে মুখ রাঙাতে চলে যেতে পারেন চাঁপাইয়ের কানসাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 03:59 PM

Updated : 11 Oct 2022, 08:17 PM

পুরনো খবর:

গৌড়ের পথে পথে

তবে সেখানে যেতে আগে পার হতে হবে মহানন্দা নদী।

সেই নদী তীরে যখন পৌছলাম তখন সূর্য উঠল। রাতজুড়ে দীর্ঘ সাড়ে তিনশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছেছি। মহানন্দা সেতুর উপরে গাড়ি থামিয়ে সকালের নরম আলোয় ক্যামেরাবন্দী করে নিলাম মহানন্দার সৌন্দর্য।

এখানে বেশিক্ষণ না থেকে আম বাগানের টানে সামনের পথ ধরলাম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নানান আম বাগান ঘুরে এ ভ্রমণে আমাদের আরও গন্তব্য কানসাট ‘আহ হাট’ ছাড়াও গৌড়ের চোখ ধাঁধানো প্রাচীনসব স্থাপনা।

মহানন্দা ছেড়ে গাড়ির চাকা কয়েক চক্কর মারতেই আমাদের চোখ আটকে গেল সড়কের দুই পাশের গাছের ডালে। দৃষ্টি সীমা যতদূর যায় শুধুই আম বাগান।

মহানন্দা সেতুর ওপারে মসৃণ পিচঢালা পথ চলে গেছে সোনা মসজিদ স্থল বন্দরে। এই সড়কের দুই পাশে ৩০ কিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে শুধুই আম বাগান।

Image
4-6 কানসাটের আম বাগান।

4-6 কানসাটের আম বাগান।

সোনা মসজিদ সড়কে শিবগঞ্জ পেরিয়ে একটু সামনে গিয়ে বড় বড় গাছের একটি বাগান চোখে পড়ল। এ বাগানের সব গাছই বয়সে বেশ প্রবীণ।

বাগানের মুখেই টং ঘরে আড্ডা দিচ্ছিলেন কয়েক যুবক। একটু দূরেই কয়েকজন মিলে গাছ থেকে আম পাড়ায় ব্যস্ত। অনুমতি নিয়ে বাগানে ঢুকে পড়লাম। টং ঘরে দেখা যুবকদের একজন এই বাগানের মালিক। ঢাকা থেকে আম খাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের কথা শুনে প্রথমে অবাকই হলেন।

টংয়ের মাচানের নিচ থেকে কয়েকটি গাছ পাকা খিরশাপাত আম বের করে নিজ হাতে কেটে দিলেন। টংঘরে বসে আম খেতে খেতে আকাশ কালো হয়ে এল। শুরু হল ঝুম বৃষ্টি। টিনের চালের ছোট্ট সে টং ঘরে বসে বৃষ্টি উপভোগ করলাম।

জৈষ্ঠ্যের বৃষ্টি থামল ঘণ্টা খানেক পরে। এই সুযোগে বাগানটি ঘুরে দেখলাম।

এবার গন্তব্য কানসাট আম হাট। সড়কের দুই পাশে আম বাগান, গাছগুলোতে আম ঝুলে মাটি ছুঁই ছুঁই। ঝুড়ি ভর্তি আম নিয়ে সাইকেলের লম্বা সারি সড়কের পাশ ঘেঁষে চলছে কানসাট হাটের দিকে।

মিনিট দশেক চলার পর গাড়ির চাকা আর ঘুরছিল না। পুরো সড়কের উপরেই আম বোঝাই সাইকেল আর ভ্যানের জটলা। বুঝতে বাকী রইল না, সামনেই বাজার। তাই পাম্পে গাড়ি থামিয়ে নেমে পড়লাম।

Image
সাইকেল বোঝাই আম নিয়ে হাটের উদ্দেশ্যে আম চাষীরা।

সাইকেল বোঝাই আম নিয়ে হাটের উদ্দেশ্যে আম চাষীরা।

চাঁপাই নবাবগঞ্জ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দেশের সবচেয়ে বড় আমের হাট এটি। আমের মৌসুমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বাজারে চলে আমের বিকিকিনি।

তবে এ হাট সবচেয়ে বেশি জমজমাট থাকে দুপুর পর্যন্তই। মৌসুমে সপ্তাহের প্রতিদিনই বসে এ হাট। দেশের নানান জায়গা থেকে আম ব্যবসায়ীরা এ বাজারে আসেন আম কিনতে।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের উপরে আমের বিকিকিনি দেখতে দেখতেই কেটে গেল ঘণ্টা খানেক। হাতে ক্যামেরা দেখে একজন এগিয়ে এসে বললেন এখানে কী করছেন ভাই, আসল হাটে যান। আসল হাটের অর্থ বুঝে ওঠার আগেই তিনি আমাদের গাইড হয়ে গেলেন। সঙ্গে করে নিয়ে গেলেন আসল হাটে। ওখানে গিয়ে তো সবার চোখ ছানাবড়া। এটি তো আসলেই আসল হাট।

এতক্ষণ যা দেখেছি সেটা হল আসল হাটে জায়গা না পেয়ে রাস্তার উপরেই জমে ওঠা হাটের একাংশ।

মহাসড়ক ছেড়ে সামান্য পশ্চিম পাশে বিশাল খোলা মাঠ। মাঠের মধ্যে কোথাও তিল পরিমাণ ফাঁকা নেই। সাইকেল আর রিকশা ভ্যান বোঝাই আম নিয়ে চাষীরা ক্রেতার অপেক্ষায়। ক্রেতারাও খুঁজে খুজে পছন্দের আম কেনায় ব্যস্ত।

Image
চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট আম হাটে ক্রেতা বিক্রেতার ভিড়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট আম হাটে ক্রেতা বিক্রেতার ভিড়।

বাজার ঘুরে ছবি তোলা শেষে ঢুঁ মারলাম কয়েকটি আড়তে। সবগুলো আড়তেই আম বাছাই করে ঝুড়িবন্দী করতে ব্যস্ত কর্মীরা। কোনো কোনো আড়তে সব কাজ শেষে ট্রাকে তোলা হচ্ছিল আমের সেসব ঝুড়ি।

কানসাটের আম চাষীদের থেকে মজার মজার তথ্যও পেলাম।

কানসাট বাজারে সাধারণত বিক্রি হয় কাঁচাআম। ঝুড়িবন্দী হয়ে এসব আম দূরদূরান্তে যেতে যেতেই পেকে যায়। এ বাজারে সাধারণত এক মনের হিসেব হয় ৪৫ থেকে ৫০ কেজিতে।

এলাকায় সবার আগে বাজারে আসে হিমসাগর (স্থানীয় নাম খিরশাপাত) ও গোপালভোগ। এরপরে পর্যায়ক্রমে আসে ল্যাংড়া, ফজলি এবং সবশেষে আশ্বিনা। এগুলোই খুবই পরিচিত আমের প্রজাতি।

এ এলাকায় চাষ হওয়া নানান প্রজাতির আমের মধ্যে উল্লেখযোগ্য অন্যান্য আম হল গুটি, লক্ষণভোগ, মোহনভোগ, লখনা, কহিতোর, দুধসর, বিবি পছন্দ, রাজভোগ ইত্যাদি। 

কানসাটের আমের আড়তে ঘুরতে ঘুরতে দুপুর পার। হাটে ‘আল্লাহর দান’ রেস্তেরাঁয় দুপুরের খাবার সেরে নিলাম। খেতে খেতে আরেকটি হাটেরও সন্ধান পেয়ে গেলাম।

Image
বৃষ্টি স্নাত কানসাট এলাকার একটি আম বাগান।

বৃষ্টি স্নাত কানসাট এলাকার একটি আম বাগান।

কানসাট থেকে পশ্চিম দিকে প্রায় চার কিলোমিটার সামনে এই আমের হাটের নাম চামা বাজার। কানসাট বাজার থেকে সোনা মসজিদ সড়ক থেকে আরেকটি ছোট পিচঢালা পথ চলে গেছে পশ্চিম দিকে। এ পথে সামান্য গেলেই পাগলা নদী। সেতু পেরিয়ে নদীর ওপারেও শুধুই আম বাগান। এখানকার বাগানগুলোও দেখার মতো।

বাগানের মাঝ দিয়ে চলা আঁকাবাঁকা পিচঢাল পথে এখানেও দেখলাম সাইকেলের দুই পাশে বিশাল আকারের দুটি আমের ঝুড়ি নিয়ে বাজারের দিকে চলছেন চাষীরা। একেকটি ঝুড়িতে কমপক্ষে চার মন করে আম।

কারও কারও ঝুড়িতে আছে পাঁচ মনেরও বেশি। ভালো বিক্রির আশায় সবাই দ্রুতবেগে ছুটে চলছেন বাজারের দিকে। আম চাষীদের সঙ্গে সঙ্গে আমরাও পৌঁছুলাম চামা বাজারে। এটিও বেশ বড় বাজার। সড়কের দুই পাশে দীর্ঘ এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ এ বাজার।

Image
বৃষ্টি স্নাত কানসাট এলাকার একটি আম বাগান।

বৃষ্টি স্নাত কানসাট এলাকার একটি আম বাগান।

চামা বাজার আর এ এলাকার আম বাগান ঘুরতে ঘুরতে কয়েক ঘণ্টা শেষ। পড়ন্ত বিকেলে আম বাগানের ভেতরের সেই অসামান্য সুন্দর সড়ক ধরে ফেরার পথ ধরলাম। এবারে গন্তব্য ছোট সোনা মসজিদ। সেখানকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশ্রামাগার এ যাত্রায় আমাদের রাতযাপন।

সেখানে থেকে পরের দিন আমরা ঘুরে দেখব গৌড়ের প্রাচীন স্থাপনাগুলো।

প্রয়োজনীয় তথ্য

ঢাকা থেকে সড়ক পথে সরাসরি যাওয়া যায় কানসাট। এছাড়া সড়কপথে রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ এসে সেখান থেকেও বাসে কানসাট পৌছানো যায়।

ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহন, একতা ট্রান্সপোর্ট, হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাস যায় কানসাট। ভাড়া ৫৫০ টাকা।

Image
সাইকেল বোঝাই আম নিয়ে হাটের উদ্দেশ্যে আম চাষীরা।

সাইকেল বোঝাই আম নিয়ে হাটের উদ্দেশ্যে আম চাষীরা।

Image
চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট আম হাটে ক্রেতা বিক্রেতার ভিড়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট আম হাটে ক্রেতা বিক্রেতার ভিড়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে কানসাট, সোনামসজিদ স্থল বন্দরে যাওয়ার জন্য লোকাল ও বিরতিহীন বাস সার্ভিস আছে। ভাড়া ৫০ থেকে ৭৫ টাকা। 

তবে এসব জায়গায় সহজে ঘুরে বেড়ানোর জন্য নিজস্ব বাহন বা কয়েকজন মিলে মাইক্রো বাস কিংবা ছোট কোনো বাহন নিয়ে ঘুরে বেড়ানো ভালো।

কানসাটে পর্যটকদের থাকার উপযোগী কোনো হোটেল নেই। তবে কানসাট হাট থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সোনা মসজিদের সামনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশ্রামাগারে অনুমতি সাপেক্ষে থাকা যেতে পারে।

এছাড়া সারাদিন ঘুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে এসেও রাতে থাকা যেতে পারে।

এ শহরে সাধারণ মানের কিছু হোটেল আছে। শহরের শান্তির মোড়ে হোটেল আল নাহিদ, আরামবাগে হোটেল স্বপ্নপুরী, লাখেরাজপাড়ায় হোটেল রাজ, একই এলাকায় হোটেল রংধনু। এসব হোটেলে ২শ’ থেকে ২ হাজার টাকায় কক্ষ ভাড়া পাওয়া যাবে।

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন।