২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের শিল্পকর্ম প্রদর্শনী

ঢাকায় চলছে চারুকলা উৎসব ২০১৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফায়হাম ইবনে শরীফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 05:35 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ও সামনের বারান্দায় ১৮ এপ্রিল শুরু হওয়া এই উৎসবের প্রদর্শনী শেষ হবে ২৩ এপ্রিল। শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এবারই প্রথম এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের প্রথম ভাগে, ১৫ থেকে ১৯ মার্চ জয়পুরহাটের তেঘর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘আর্ট ক্যাম্প’। আর একেবারেই প্রথাবিরোধী এই উৎসবের দ্বিতীয় ও শেষাংশ হিসেবে ঢাকায় চলছে সেই আর্ট ক্যাম্পে সৃজন করা সব শিল্পকর্মের প্রদর্শনী।

সারা দেশের একশ জন শিল্পী এবং জয়পুরহাটের ১২টি স্কুলের ১২০ জন শিক্ষার্থীর চিত্রকর্ম ও ভাস্কর্য নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর।

উৎসবের প্রধান সমন্বয়কারী শিল্পী ও শিক্ষক হারুন আর রশীদ টুটুল বলেন, “বিজ্ঞানমনষ্কতা, সৃজনশীলতা ও সুকুমারবৃত্তিকে উৎসাহিত করা এবং কয়েক প্রজন্মের শিল্পীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলা এই উৎসবের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মানুষ দেশের গুনী শিল্পীদের সান্নিধ্যে আসার পাশাপাশি নিজেদের ঋদ্ধ করবার সুযোগ পেয়েছে। আমরা আশা করি, এদের মাঝ থেকেই বেরিয়ে আসবে আগামীর জয়নুল, মুজিব আর কার্ল মার্কস।”

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মার্চে জয়পুরহাটে আয়োজিত আর্ট ক্যাম্পে অংশ নেন দেশ বরেণ্য নবীন ও প্রবীণ শিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষার্থীরা। সেখানে নিজেদের শিল্পকর্ম নিয়ে কাজ করবার পাশাপাশি জয়পুরহাটের স্কুল শিক্ষার্থীদের আঁকাআঁকির হাতেখড়ি দেন শিল্পীরা। তবে আনুষ্ঠানিক এই আয়োজন ছাড়াও আরও নানাভাবে শিল্পীদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ করে দেয়া হয় শিক্ষার্থীদের। চারুকলার প্রথম পাঠ পাওয়া শিক্ষার্থীরা শুধু হাতে-কলমে শিক্ষাই নয়, বরং এক যুথবদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়েই নিজেদের সুকুমারবৃত্তি চর্চার সুযোগ পান। আর্ট ক্যাম্প শেষে জয়পুরহাটেও দুই দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

এবার অংশগ্রহণকারী সেই শিক্ষার্থী ও শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ঢাকায় আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। উৎসবের ঢংয়ে আয়োজিত হলেও এমন ঘটনাকে সাংস্কৃতিক আন্দোলন হিসেবেই দেখতে চান শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।

তিনি বলেন, “এমন উৎসব সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে, আর মারামারি-হানাহানি থাকবে না।”

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরও উপস্থিত ছিলেন এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে।

তিনি বলেন, “বর্তমান সময়ের শিশুরা ফুল-পাতা-পানি-বাতাস এগুলো দেখবার সুযোগ পায় না। অভিভাবক থেকে শুরু করে পুরো সমাজেরই লক্ষ্য থাকে পড়ালেখা শেষ করে চাকরি করবার। কিন্তু এমন উদ্যোগ শিশুদের সাংস্কৃতিক মানের উন্নয়ন ঘটাবে। এই যে উৎসবের সময় অভিভাবকেরা জানিয়েছেন তাদের সন্তানদের ভবিষ্যতে চারুকলা বিষয়ে পড়াতে চান এটা আমাদের বড় প্রাপ্তি।”

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত এই প্রদর্শনী ও উৎসব শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে।

এমন উৎসব ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং শিল্প ও সংস্কৃতিমনা মানুষের জন্ম দিবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন আয়োজকেরা।

জয়নুল গ্যালারির ঠিকানা: চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।                                      

ছবি: লেখক।