মেঘ-পাহাড়ের রাজস্থলী
রাঙামাটির একেবারে উত্তরের উপজেলা। ঘাগড়া, কাপ্তাই, রাইখালি, বাঙালহালিয়া পেরিয়ে যেতে হয় সেথায়। আছে ঝুলন্ত ব্রিজ আর প্রকৃতির রহস্যময় শোভা।
চট্টগ্রাম শহর থেকে একটু দূরে গেলেই দেখা মেলে সাদাবকের ঝাঁক, গুমাই বিলের বিস্তৃত ধানের ক্ষেত। গ্রামীন জনপথের শিশির ভেজা সকালের সৌন্দর্য। যাত্রা পথের প্রথম বিরতি কাপ্তাইয়ের লিচুবাগান।
বান্দরবান-রাঙামাটি-চট্টগ্রামের সংযোগস্থল এই লিচুবাগানেই সকালের নাস্তা সেরে হেঁটে যেতে হবে ফেরিঘাট পর্যন্ত। ফেরিতে পাঁচ মিনিটের দূরত্বে কর্ণফুলি নদী পার হতে হতে চোখে পড়বে কাপ্তাইয়ের সীতার পাহাড়। ওপারেই রাইখালি।
ফেরি থেকে নেমে সিএনজি করে রওনা হতে হয় বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে। রাইখালি থেকে পুরোটা পথের দুপাশে সাজানো পাহাড়। অধিকাংশ পাহাড়ের হয়েছে ফলের চাষ। স্থানীয় আদিবাসীরা আম ও লিচুর চাষ করেছে পাহাড়জুড়ে। একের পর এক ছোট বড় পাহাড় ডিঙিয়ে যেতে থাকে সিএনজি।
রাজস্থলীতে দুই পাহাড়ি নারী।
বাঙ্গালহালিয়ার কাছে যেতে যেতে আকাশের চেহারাও বদলে যাবে। মনে হবে যেন বিশাল নীল ক্যানভাসে কোনো শিল্পী অসংখ্য পাহাড় এঁকে রেখেছে। পৌঁছতে প্রায় দুপুর হয়ে যাবে।
এখানে সাপ্তাহিক বাজারের দিনে দূর-দূরান্ত থেকে এসে পাহাড়িরা বিভিন্ন জুম ফসলের পসরা বসায়। তেঁতুল, পেঁপেসহ পাহাড়ি বিভিন্ন ফসলের জন্য বাঙ্গালহালিয়া বাজার বেশ বিখ্যাত। বাঙালি ব্যবসায়ীরা এসব পণ্য কিনে নিয়ে যায় শহরের বাজারগুলোতে।
গরুর খাঁটি দুধের চায়ে চুমুক দিয়ে পা বাড়াতে হবে মেঘ-পাহাড়ের দেশে রাজস্থলীর দিকে।
অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে লোকালয়ের সীমান্ত। কোথাও কোনো বসতি নেই, পাহাড়ে গায়ে পিচ ঢালা সড়কের সর্পিল পথ চলা। এমন নির্জন রাস্তায় বনের বুনো গন্ধে মন হবে উতলা। পথের শোভা যেন সব প্রত্যাশা হার মানায়।
দিনের আলোয় ফুরফুরে মিষ্টি বাতাস। পাহাড়ের অচেনা বাঁক, পথের দুপাশের সবুজ জঙ্গল আর পাহাড়ের সীমান্ত পেরিয়ে আকাশ নীল।
রাজস্থলীর পথে।
রাজস্থলীর পথে আকাশ যেন হাতছানি দেয়।
কোথাও কোথাও দেখা মিলবে বিচ্ছিন্ন মানুষের বসতি। পাহাড়ের বাঁকগুলোতে গাড়ি থামিয়ে প্রাণ ভরে নিতে পারবেন বুনো বাতাসের সুবাস। অচেনা ফুলের তীব্র গন্ধ মাতাল করবে মন।
সবুজ পাহাড়ের নিবিড় বন্ধনে কোথাও কোনো ছেঁদ নেই। পাহাড়ের অবিচ্ছিন্ন বন্ধনে উঁচু-নিচু পথ পেরিয়ে দুপুরের শেষ বেলায় পৌঁছতে হয় রাজস্থলী বাজারে।
সুনসান চারদিক, লোকসংখ্যা খুব কম। উপজেলা সদর হলেও পরিধিটা বেশি বড় নয়। দুপুরের খাবার বাজারেই সারা যায়।
বাজারের পাশেই রাজস্থলীর ঝুলন্ত ব্রিজ। বয়ে যাওয়া নদীর দুপাড় থেকে টানা লোহার মোটা তারের উপর এই ঝুলন্ত কাঠের সেতু। বেশ পুরানো বলে নড়বড়ে হয়ে গেছে। লম্বা সেতুতে কেউ উঠলে নড়তে শুরু করে দেয়। অনেকাংশে কাঠ সরে গেছে। ঝুঁকি নিয়ে পারাপার করেছেন মানুষজন।
ঝুলন্ত ব্রিজ পেরিয়ে কিছুদূর যেতেই চোখে পড়বে রাজস্থলীর আরাকান আর্মির নেতা রনিন সোর আলোচিত বিলাসবহুল ভবন।
এবার ফেরার পালা। রাজস্থলী বাজারে থেকে কিছু জুমফল নিয়ে রওনা হতে পারেন। তখন পড়ন্ত বিকেলে রাজস্থলীর সবুজ পাহাড়ে সোনালি আলোর আভায় মোড়ানো পাহাড়ের বাঁক পেরিয়ে চন্দ্রঘোনায় ফিরতে ফিরতে আকাশে স্পর্শ করবে গোধূলি রং।
কর্ণফুলি নদীতে সূর্যাস্ত।
প্রয়োজনীয় তথ্য: ঢাকা বা চট্টগ্রাম থেকে সরাসরি রাজস্থলী পর্যন্ত কোনো বাস সার্ভিস নেই। তবে সরাসরি কাপ্তাইয়ের বাসে উঠে লিচুবাগান নেমে বাস বা সিএনজিতে কর্ণফুলী পেরিয়ে রাজস্থলী পৌঁছানো যায়।
অথবা ফেরি বা সাম্পানে করে কর্ণফুলি নদী পেরিয়ে রাইখালি থেকে লোকাল বা রির্জাভ সিএনজি করে রাজস্থলী পৌঁছানো যায়।
রাজস্থলীতে ভালো কোনো হোটেল নেই। থাকার জন্য আছে সরকারি গেস্ট হাউজ এবং বোর্ডিং। পাহাড়ের কোথাও অনুমতি ছাড়া পাহাড়ি নারীর কোনো ছবি তুলবেন না।
রাজস্থলী ভ্রমণে যোগাযোগ করতে পারেন ০১৮১৫-৮৫৬৪৯৭ নম্বরে।
