ঢাকার তিন প্রদর্শনী
রাজধানীর শিল্পাঙ্গন, বেঙ্গল আর্ট লাউঞ্জ এবং আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে তিন ধারার শিল্পকর্ম প্রদর্শনী।
এক্সিসটেন্স
ঢাকার ধানমণ্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে চলছে শিল্পী মো. সোহেল রানা প্রাণনের একক চিত্র প্রদর্শনী। ‘এক্সিসটেন্স’ বা অস্তিত্ত্ব শিরোনামের এবারের আয়োজন শিল্পীর তৃতীয় একক প্রদর্শনী।
বাংলার চিরায়ত রূপের ছবি আঁকবার চেষ্টা করেছেন শিল্পী সোহেল। বাংলার প্রাণ-প্রতিবেশের গল্প বলতে গিয়ে চিত্রকর তুলে ধরেছেন বাংলাদেশের প্রকৃতি, মানুষের মুখচ্ছবি, তাদেরই কর্মজীবন কিংবা অলস সময়ের খণ্ডিত রূপ। নিজের শৈল্পিকসত্তা তুলে ধরতে জলরং, তেলরং, আর অ্যাক্রেলিকের সাহায্য নিয়েছেন চিত্রকর।
প্রদর্শনীতে মোট ৭১টি শিল্পকর্ম আছে। বিষয়বস্তু নির্বাচনে চলমান বা স্থির বাস্তবতা যেমন প্রাধাণ্য পেয়েছে, ঠিক তেমনি একটা বড় অংশ জুড়ে রয়েছে পোর্ট্রেট। মধুসুদন, সুলতান, জয়নুল, রামকিঙ্কর, নজরুল, পিকাসো, দালি, ফ্রিদা কাহলো, চে গুয়েভারা, ববিতাসহ আরও অনেকে সেখানে প্রনিধানযোগ্য। কালোত্তীর্ণ এইসব মানুষেরা যেমন ছবির বিষয়বস্তু, আবার তাদের মুখ-চোখের অভিব্যক্তিও সুতার মতো টানে দর্শনার্থীদের। শিল্পীর ছবিতে তাঁরই দেখা কোনো দোকান, লোহা লক্করের জঞ্জাল, মাঠ, পুকুর ঘাট যেমনটি আছে; তেমনি বিরাজমান একজন চিত্রকরের কল্পনার পৃথিবী।
এক্সিসটেন্স।
এবারেরে প্রদর্শনীতে শিল্পীর মোট ৭১টি কাজ প্রদর্শিত হচ্ছে। আর পহেলা এপ্রিল শুরু হওয়া এই আয়োজন ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
শিল্পাঙ্গন গ্যালারির ঠিকানা: বাসা ০৭, রোড ১৩, ধানমণ্ডি, ঢাকা।
দি ইনভিজিবেলাস
লিঙ্গবৈষম্যের বিষয়টি আরও জোরালোভাবে সমাজের সকল স্তরের মানুষের কাছে তুলে ধরতে শিল্পায়োজন করেছেন ঢাকার ১৫ জন শিল্পী। গেল ৪ থেকে ৬ মার্চ ঢাকার নতুনবাজারের ফাসেরটেক বালুরমাঠে ১০৩ ফুট লম্বা এক দেয়াল জুড়ে চিত্রাঙ্কন করেন শিল্পীরা।
বিষয়বস্তু হিসেবে তারা বেছে নিয়েছিলেন বাল্যবিবাহ, ধর্ষণ, যৌতুক, এসিড সন্ত্রাসসহ প্রাত্যহিক অন্যান্য নিপীড়নমূলক আচরণকে। নিজেদের ভাবনাকে রংয়ের ব্যবহারে মানুষের চোখের সামনে দৃশ্যমান করে তুলেছিলেন শিল্পীরা।
এরপর সেই আয়োজনেরই পরের পদক্ষেপ হিসেবে ঢাকার বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু করেছেন ‘দি ইনভিজিবেলাস’ শিরোনামের এক প্রদর্শনী। ১৯ মার্চ শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে ০৯ এপ্রিল। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত এই প্রদর্শনী।
দি ইনভিজিবেলাস।
দি ইনভিজিবেলাস।
নতুনবাজারের ওই দেয়ালে কাজ করবার পর গ্যালারিতে আবার একই বিষয়বস্তুর উপর শিল্পায়োজন করেছেন শিল্পীরা। সাধারণত তেলরং, জলরং, অ্যাক্রেলিক বা মিশ্র মাধ্যমের যে ধরনের শিল্পকর্ম দেখে অভ্যস্ত আমাদের চোখ তা থেকে খানিকটা ভিন্ন তরুণ এই শিল্পীদের কাজ।
পুরানো ও বহুল ব্যবহৃত মাধ্যমগুলো সরিয়ে রেখে আধুনিক ও যন্ত্রকৌশলের সাহায্যে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেছেন শিল্পীরা। আর সেজন্যই পাড়া-মহল্লার দেয়ালে দেখা ছবির সঙ্গে তাদের আঁকা ছবির পার্থক্যটা আকাশ-পাতাল।
আয়োজনের ধরনের কারণেই দেয়াল অংকন ছাড়াও, গ্লাসে আঁকা, ‘ডিজিটাল প্রিন্ট’, ‘টাইমল্যাপস’ কিংবা মন্তব্য দেয়ালে সেঁটে দেওয়ার মতো আর নানা ধরনের কাজের সম্মিলন দেখতে পাওয়া যাবে গ্যালারিতে। জানা যাবে শিল্পীদের পরবর্তী সময়ে কাজের পরিকল্পনা।
বেঙ্গল আর্ট লাউঞ্জের ঠিকানা: ৬০, গুলশান এভিনিউ, গুলশান ১, ঢাকা।
থ্রি শ্যাডোস অব আর্ট
ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে মো. রাশেদ আলমের ‘থ্রি শ্যাডোস অব আর্ট’ শিরোনামের শিল্প প্রদর্শনী। শিল্পকলা বিষয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এই শিল্পীর প্রথম একক প্রদর্শনী এটি।
পহেলা এপ্রিল শুরু হওয়া এই আয়োজন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। রোববার গ্যালারি বন্ধ থাকবে।
চিত্রকলা, ভাস্কর্য ও অনুচিত্র (মিনিয়েচার) তিন ধরনের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এই আয়োজনে। ছোটকাল থেকেই পোর্ট্রেইট একে হাত পাকিয়েছেন শিল্পী। এরপর প্রাতিষ্ঠানিকভাবে শিল্পচর্চার উপর পড়ালেখা শুরু করার পর থেকে কাজের পরিধি বিস্তৃত হয়েছে।
চিরায়ত ধারার বাইরে পরীক্ষা-নীরিক্ষা ধর্মী কাজেও আগ্রহী হয়ে উঠেছেন শিল্পী। যে কারণে হাতুড়ির উপর মাইকেল অ্যাঞ্জেলো, তুলির উপর জয়নুল, সুলতান, পিকাসোর মিনিয়েচার ভাস্কর্য দেখা যায় শিল্পীর প্রদর্শনীতে। এছাড়া স্বাভাবিক আটপ্রৌঢ়ে আকৃতির ভাস্কর্যও রয়েছে।
দি ইনভিজিবেলাস।
তার ছবিতে একই ক্যানভাসের দ্বৈত চরিত্র মূখ্য হয়ে উঠে। একই মানুষের মুখচ্ছবি দুটি ভিন্ন সময়ে যেমন ভিন্ন বার্তা দেয়, ঠিক তেমনি দুটির মিশ্র রূপও একটা তৃতীয় নৈর্ব্যত্তিক ধারণার জন্ম দেয়। সব মিলিয়ে নবীন এই শিল্পীর ব্যতিক্রম ভাবনা, বাংলাদেশের শিল্পচর্চার এক অবিনশ্বর ধারার কথাই মনে করিয়ে দেয়।
আলিয়ঁস ফ্রঁসেজের ঠিকানা: ২৬, মিরপুর রোড (ধানমণ্ডি সড়ক ৩-এর পাশে), ধানমণ্ডি, ঢাকা।
ছবি: লেখক।
