কোকোনাট স্নোবলস
নারিকেল দিয়ে তৈরি করুন দৃষ্টিনন্দন মিষ্টান্ন।
রেসিপি দিয়েছেন মুহসিনা তাবাসসুম।
উপকরণ: কোড়ানো নারিকেল ২টি (মাঝারি)। কন্ডেন্সড মিল্ক ১ টিন। বাটার ২ টেবিল-চামচ। ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। চিনি ৭ চা-চামচ (স্টিলের চামচ)। খাবার রং লাল, নীল ও সবুজ।
পদ্ধতি: কোড়ানো নারিকেল থেকে এক কাপ বা তার বেশি নারিকেল তুলে রাখুন।
ননস্টিক ফ্রাই প্যানে বাটার দিয়ে গলিয়ে নিন। নারিকেল ঢেলে দিন। মাঝারি আঁচে পাঁচ, ছয় মিনিট ভাজার পরে কন্ডেন্সড মিল্ক অর্ধেক ঢেলে দিন।
অল্প অল্প করে ঢেলে নেড়েচেড়ে নেবেন, নারিকেল শুকনা শুকনা হয়ে আসলে আবার অল্প করে ঢালবেন।
সাত, আট মিনিট পরে আবারও বাকি কন্ডেন্সড মিল্ক ঢেলে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। শেষের দিকে অল্প আঁচে নাড়বেন। তা নাহলে পুড়ে যাবে এবং রং লালচে হয়ে যাবে।
অল্প একটু হাতে নিয়ে বল তৈরি করে দেখুন যদি দেখেন বল তৈরি করা যাচ্ছে তাহলে নামিয়ে নিন। নারিকেলের কাঁচা ভাব চলে গেলে এবং আঠালো হয়ে আসলে বুঝতে হবে হয়ে গিয়েছে।
নামানোর আগ দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিন নামিয়ে নিন। ফ্যানের নিচে কিছুক্ষণ রাখুন। হালকা গরম থাকতে থাকতেই বল তৈরি করুন। বেশি ঠাণ্ডা হলে বল সুন্দর হবে না।
অল্প অল্প করে কিছু নারিকেল আলাদা পাত্রে নিয়ে রং মিশিয়ে বল তৈরি করুন। তারপর তৈরি বল শুকনা নারিকেলের মধ্যে গড়িয়ে নিন। চাইলে রং ছাড়াই তৈরি করতে পারেন।
সবগুলোতে একইভাবে রংয়ের প্রলেপ দেওয়া হয়ে গেলে চার, পাঁচ ঘণ্টা জমাট বাঁধার জন্য ফ্রিজে রেখে দিন।
কাঁচা কোড়ানো নারিকেলও ব্যবহার করতে পারেন স্নো তৈরি করার জন্য ।
মনে রাখবেন:
* চাইলে যে কোনো এসেন্স দিতে পারেন। এসেন্স না দিতে চাইলে একটি আস্ত এলাচ দিতে পারেন।
* মিষ্টি আরও বেশি খেতে চাইলে আরও চিনি বা কন্ডেন্সড মিল্ক দিতে পারেন।
* অনেক সময় মিষ্টি কম হলে আঠালো কম হয় তখন বল তৈরি করতে ঝামেলা হয়, ঝুরঝুরা থাকে ।
