২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুর দুনিয়ায় ভ্রমণ

গহীন বনে ঢুকে বুনো মৌমাছিদের তাড়িয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যাওয়ার মতো সাহস থাকলে প্রস্তুতি নিতে পারেন এখনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুস্তাফিজ মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 04:49 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

সুন্দরবন। প্রায় দশ হাজার বর্গকিলোমিটার আয়তনের বিশাল এ জঙ্গলের জলে কুমির ডাঙায় বাঘ, গাছে বিষাক্ত সাপের ভয়। বাংলাদেশ আর ভারত মিলে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় এ বনের বড় অংশটাই বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলাজুড়ে।

নানান গাছগাছালিতে ভরপুর এই বন। সুন্দরী, খলিশা, বাইন, পশুর, গেওয়া, কেওড়া, হেতাল, কাঁকড়া, গর্জন, ধুন্দল আরও কত নানান পদের গাছপালা! বসন্তে এসব গাছ ফুলে ফুলে ছেয়ে যায়। বনের বাতাস সুঘ্রাণে মাতোয়ারা করে তোলে। ফুলের টানে মৌমাছিরা বনে আসে, ফুল থেকে মধু নিয়ে চাকে জমায়।

প্রাকৃতিক এ মধু উৎসকে পুঁজি করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী এলাকার বনের ধারে বহুকাল আগে বসতি গড়েছিল একদল মানুষ। মধু সংগ্রহই এদের পেশা, নামও তাই ‘মৌয়াল’। সুন্দরবন থেকেই মধু সংগ্রহ এদের পেশা। 

সুন্দরবনের মধু সংগ্রহের আনুষ্ঠানিক শুরু হয় ১ এপ্রিল। বুড়িগোয়ালিনী বনদফতরে সে উপলক্ষ্যে থাকে নানান আয়োজন। মৌয়ালরাও নিজেদের মতো করে নানান আনুষ্ঠানিকতা পালন করেন। মৌয়ালদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বেসরকারী সংস্থার লোকজন।

Image
সুন্দরবনে গরান ফুলে মৌমাছি।

সুন্দরবনে গরান ফুলে মৌমাছি।

সুন্দরবনের ভেতরে মধু সংগ্রহ করতে বন বিভাগের অনুমতি লাগে। মৌয়ালদের বনের ভিতরে ঢুকে মধু সংগ্রহের এ সুযোগ মেলে তিন মাস। এক যাত্রায় কেবল পনের দিনের জন্য অনুমতি পান মৌয়ালরা।

পয়লা এপ্রিল যাত্রা শুরুর আগে মৌয়ালদের বনের রাজস্ব আদায়সহ নানান আনুষ্ঠানিকতা শেষ করে নৌকা নিয়ে ছুটতে হয় বনের উদ্দেশ্যে। যাত্রার শুরুতে একটি প্রার্থনা সভা হয়। মধু সংগ্রহ শেষে নিরাপদে ফিরে আসার প্রার্থনা জানান প্রভুর কাছে।

প্রার্থনা শেষে প্রত্যেক মৌয়ালের হাতে বেঁধে দেওয়া হয় লাল কাপড়। তাদের বিশ্বাস এ কাপড় বিপদ আপদ বিশেষ করে বনের রাজার হাত থেকে রক্ষা করবে তাদের। মুসলমানরা করেন মিলাদ আর হিন্দুরা বন বিবির পূজা। সব আনুষ্ঠানিকতা শেষে মৌয়ালরা তাদের নৌকা নিয়ে সারিবদ্ধ ভাবে অপেক্ষা করেন। বন কর্মকর্তা আকাশে গুলি ছুড়ে মৌয়ালদের বৈঠা চালানোর অনুমিত দেন। প্রাণপনে বৈঠা বেয়ে ছুটে চলেন বনের দিকে।

প্রথা অনুযায়ী মৌয়ালরা বেজোড় সংখ্যায় জঙ্গলে প্রবেশ করেন। সাধারণত সাত থেকে তেরোজন মৌয়াল থাকেন একেকটি দলে। বনে পৌঁছে একজনকে নৌকা পাহারায় রেখে সবাই ঢুকে পড়েন বনের ভেতরে। সবাই খুঁজে ফেরেন মধু ভরা মৌচাক।

Image
মৌচাক কেটে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা।

মৌচাক কেটে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা।

সাধারণত মৌমাছির গতিবিধি দেখে জঙ্গলে ঢুকেন মৌয়ালরা। মৌমাছির গতিপথ দেখে চাক খুঁজে পান তারা। তবে চাক ভাঙার সিদ্ধান্তটি নেন দলনেতা, মৌয়ালরা যাকে বলেন বহরদার।

কারও হাতে দা, কারও হাতে ধামা। দুজনের হাতে থাকে কারু। হেতালের পাতা মুড়িয়ে তৈরি করা হয় কারু। এই কারুতে আগুন জ্বালিয়ে ধোয়া তৈরি করা হয় চাক থেকে মৌমাছি তাড়ানোর জন্য। 

দা হাতে মৌয়াল সার্বাগ্রে ঝোপ ঝার পরিষ্কার করে দলেকে নিয়ে সামনে চলেন। বহরদারের অনুমতি মিললে জ্বালানো কারু নিয়ে গাছে চড়েন একজন। চাকে ধোয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে দা দিয়ে কাটেন চাক, নিচে বেতের তৈরি ধামা পেতে কাটা চাক ধরেন অরেকজন। চাক কাটা শেষে নৌকায় ফেরেন মৌয়ালরা।

নৌকায় পাহাড়ায় থাকা একজন সিঙ্গায় আওয়াজ তুলে নিজের অবস্থানের জানান দেন। এভাবেই জঙ্গলে জঙ্গলে মধু সংগ্রহে ব্যস্ত থাকেন মৌয়ালরা। সারা দিনের সংগ্রহ নিয়ে সন্ধ্যায় নৌকায় ফেরেন তারা। মাটির বড় মটকিতে পুরে ফেলেন দিন শেষের সংগ্রহ।

মৌসুমের প্রথম কাটা চাকের মধু সবাই মিলে পরখ করেন। প্রথা অনুযায়ি প্রথম চাকের কিছু মধু মেখে দেন নৌকার গলুইয়ে। 

Image
মৌচাক কেটে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা।

মৌচাক কেটে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা।

কীভাবে যাবেন

সুন্দরবনের গহীনে মধু সংগ্রহ দেখতে যেতে হবে কোনো ভ্রমণ সংস্থার সঙ্গে। প্রতিবছর মৌয়ালদের সঙ্গে সুন্দরবনের ভেতরে রোমাঞ্চকর মধু সংগ্রহের দৃশ্য দেখার ব্যবস্থা করে থাকে বেসরকারী ভ্রমণ সংস্থা বেঙ্গল ট্যুরস।

খুলনা থেকে ৩১ মার্চ যাত্রা শুরু করে আবার ৩ এপ্রিল সন্ধ্যায় খুলনায় পৌঁছে দেবে তারা। তিন রাত তিন দিনের এ ভ্রমণে জনপ্রতি খরচ হবে ১১ হাজার টাকা। বিদেশিদের জন্যে ১৫ হাজার ৫শ’ টাকা। খুলনা থেকে প্রতিষ্ঠানটির নিজস্ব জলযানের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের নানান জায়গায় ঘুরিয়ে মধু সংগ্রহ দেখানো হয়।

ভ্রমণ মূল্যে অন্তর্ভুক্ত লঞ্চের দ্বৈত কেবিনে থাকা, খাবার, সুন্দরবনে প্রবেশ মূল্য, গাইড ও অস্ত্রসহ নিরাপত্তা কর্মী। যোগাযোগ: বাড়ি ৪৫, রোড-২৭, ব্লক এ, বনানি, ঢাকা। ফোন: ০২-৫৫০৩৪৩৫৮, ০১৭৭৫১০৫৩৫১।

প্রয়োজনীয় তথ্য

সুন্দরবনের সবচেয়ে বেশি মধু সংগ্রহ হয় আড়পাঙ্গাশিয়া ও খোলপেটুয়া নদীর দুই ধারের জঙ্গলগুলোতে। আর মধু সংগ্রহের জন্য এ এলাকার আদর্শ জঙ্গল হল বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জ, কলাগাছিয়া, দোবেকী, কাটেশ্বর, কৈখালী, কোবাদক, কদমতলা ইত্যাদি। বুড়িগোয়ালিনী এলাকায় এ সময়ে সুন্দরবনের বিভিন্ন রকম মধু কিনতে পাবেন।

Image
মৌচাক থেকে মৌমাছি তাড়াচ্ছেন মৌয়ালরা।

মৌচাক থেকে মৌমাছি তাড়াচ্ছেন মৌয়ালরা।

মনে রাখবেন

সুন্দরবনে মধু সংগ্রহ দেখতে গেলে গাইডের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মৌমাছর কামড় থেকে বাঁচতে ভ্রমণ সংস্থার দেওয়া মুখোশ, হাতমোজা ইত্যাদিও ভালোভাবে পরতে হবে। বনের ভেতরে কখনও দলছুট হবেন না। সবসময় নিরাপত্তা রক্ষীর সঙ্গে থাকুন।

আলোকচিত্র: লেখক।

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন।