অতিভোজন এড়ানোর কৌশল
মেদ ঝরানোর প্রথম শর্ত বেশি খাওয়া এড়ানো। তবে সেটাই বড় চ্যালেঞ্জ। তাই জেনে নিন কমিয়ে খাওয়ার কিছু বৈজ্ঞানিক কৌশল
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে অতিভোজন এড়ানোর কিছু কৌশল উল্লেখ করা হয়।
খাওয়ার আগে পানি পান করুন: গবেষণায় দেখা গেছে, খাওয়ার আগে ৮ আউন্স পরিমাণ অর্থাৎ দুই গ্লাস পানি পান করা ওজন কমাতে সহায়ক। ১২ সপ্তাহ ধরে চলা এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা খাওয়ার আগে দুই গ্লাস পানি পান করেছেন, তাঁরা গড়ে ৭৫ থেকে ৯০ ক্যালরি কম গ্রহণ করেছেন এবং গড়ে অন্যদের চেয়ে বেশি ওজন কমিয়েছেন। গবেষকরা সিদ্ধান্তে এসেছেন, খাওয়ার আগে পানি খেলে পেট ভরা মনে হয় এবং অল্প খাবারেই ক্ষুধা মিটে যায়।
ছোট প্লেটে খান: অপেক্ষাকৃত ছোট প্লেটে খাবার খেলে খাওয়ার পরিমাণ কমানো সম্ভব। গবেষকরা এই প্রবণতার নাম দিয়েছেন, ‘ডেলবুফ ইল্যুশন’ যা তুলনামূলক আকৃতির পরিবর্তনের মাধ্যমে একটি দৃষ্টিবিভ্রম তৈরি করে। খাওয়ার সময় ফলমূলসহ বিভিন্ন স্বাস্থ্যকর খাবার নিন বড় একটি পাত্রে, আর কম স্বাস্থ্যকর খাবার নিন ছোট পাত্রে।
নীল রংয়ের প্লেটে খান: গবেষকরা প্রমাণ পেয়েছেন, পাত্রের রংও খাবার গ্রহণের পরিমাণকে প্রভাবিত করে। এক্ষেত্রে খাদ্য ও পাত্রের রংয়ের মধ্যে যদি অনেক বৈপরীত্য থাকে তাহলে খাদ্যগ্রহণের পরিমাণ কম হয়। গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীরা নীল রঙের পাত্রে সবচেয়ে কম খাবার খেয়েছেন।
অধিক শাকসবজি খান: শাকসবজির কথা বার বার শুনতে শুনতে ক্লান্ত লাগতে পারে। তবে পুষ্টি উপাদানের বাইরেও শাকসবজি ওজন কমাতে দারুণ সাহায্য করে। কারণ শাকসবজি পুষ্টি উপাদানের বাইরেও প্রচুর আঁশে ভরপুর। এই আঁশের কারণে শাকসবজি খাওয়ার পর পেট ভর্তি মনে হয়।
খাদ্য গ্রহণের হিসাব রাখুন: ওজন কমানোয় সফলতার একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হল খাবার ও পানীয় গ্রহণের হিসাব নিয়মিত রাখা। এটি অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, অতিভোজন ইত্যাদি থেকে আপনাকে দূরে রাখবে।
ঝাল দিয়ে রাঁধুন: মরিচে থাকে ক্যাপসায়েসিন নামক যৌগ, যা এর তাপ-উৎপাদন করা বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। মরিচ গ্রহণের ফলে শরীরে যে অধিক তাপ উৎপন্ন হয়, তা হজমের গতি বাড়িয়ে দেয়।
লেবুর রস মেশানো গরম পানি: সকালে ঘুম থেকে উঠে এক কাপ উষ্ণ লেবুর রস মেশানো পানি আপনার পরিপাক প্রক্রিয়াকে সচল করে তুলবে, সেই সঙ্গে মেদ ঝরাতেও এটি বেশ সহায়ক। পাশাপাশি ভিটামিন সি’র দৈনিক চাহিদার এক-তৃতীয়াংশই যোগান দিতে পারে একটি মাত্র লেবু। ভিটামিন সি’র অভাবে মেদ ঝরানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
ধীরে খান: গবেষণায় প্রমাণিত হয়েছে, ধীরে ধীরে খাবার গ্রহণ করা অতিভোজন এড়ানোয় সহায়ক। ধীরগতিতে খাওয়ার সময় মস্তিষ্ক পাকস্থলীর সঙ্গে সংযুক্ত হয় এবং পূর্ণতার সংকেত পায়। খাওয়ার গতি কমিয়ে আনার জন্য, খাওয়ার মাঝখানে পানিতে চুমুক দিন, খাবার চিবানোর ভঙ্গি পরিবর্তন করুন। মনোযোগ অন্য দিকে নেয় এরকম জিনিস, যেমন- মোবাইল, টিভি, ল্যাপটপ ইত্যাদি খাওয়ার সময় দূরে রাখুন। আরেকটি চমৎকার উপায় হচ্ছে, চপস্টিক দিয়ে খাওয়া, এটি অবচেতনভাবে আপনাকে ধীরগতিতে ছোট ছোট গ্রাসে খেতে বাধ্য করবে।
আঁটোসাঁট পোশাক পরুন: আঁটসাঁট পোশাক অতিভোজন থেকে বিরত রাখতে পারে। কেননা, আঁটসাঁট পোশাকে খেতে বসলে প্রয়োজনের অতিরিক্ত খেলেই অস্বস্তি বোধ করতে শুরু করবেন।
ব্যায়াম করুন সকাল বেলা: মেদ কমাতে শরীরচর্চার বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা করলে তা সকাল সকাল করে ফেলা ভালো। কারণ, সকালের ব্যায়াম, মন-মেজাজ ভালো রাখবে, পরিপাকতন্ত্রকে রাখবে সচল, আর অধিক খাবার গ্রহণের প্রবণতা কমিয়ে আনবে।
ভালো ব্যাকটেরিয়া গ্রহণ করুন: প্রোবায়োটিক হচ্ছে ক্ষতিকর নয় মানবদেহের জন্য উপকারী এমন সব ব্যাকটেরিয়া, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া। দই হতে পারে, ভালো ব্যাকটেরিয়ার চমৎকার উৎস। এসব ব্যাকটেরিয়া স্থূলতা রোধেও কার্যকর।
