২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানসম্মত শিক্ষার জন্য চাই মাতৃভাষায় দক্ষতা’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ’রুম টু রিড বাংলাদেশ’ আয়োজন করে ‘মানসম্মত শিক্ষা ও মাতৃভাষায় দক্ষতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 03:41 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

‘মানসম্মত শিক্ষার জন্য চাই মাতৃভাষায় দক্ষতা’ - এই স্লোগানের মাধ্যমে আয়োজনে অংশগ্রহণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাগণসহ সমাজের বিভিন্ন পর্যায়ের স্বনামধন্য ব্যক্তিবর্গ।

বাদ যায়নি ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ তাদের অভিভাবক, শিক্ষকগণও।

রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য হল ‘মানসম্মত শিক্ষা, শিক্ষার মাধ্যম এবং শিক্ষা লাভের ফলাফল। মাতৃভাষার সুষ্ঠু প্রসারের মাধ্যমে সকলের জন্য মানসম্মত ও কার্যকরী শিক্ষার প্রসারের জন্যই রুম টু রিড কাজ করছে।”

তিনি আরও বলেন, “তবে এই কাজ কেবল শুরু মাত্র। শিশুরা যেন পরিপূর্ণভাবে একজন স্বাধীন পাঠক হয়ে উঠতে পারে এবং সমৃদ্ধ দেশ ও বিশ্ব গড়তে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, সেজন্য রুম টু রিড ভবিষ্যতেও সচেষ্ট থাকবে।”

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাষাবিদ ড. রতন সিদ্দিকী। একুশে ফেব্রুয়ারির পটভূমি আলোচনা করার পাশাপাশি মানসম্মত শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব তিনি তুলে ধরেন।

ভাষা তথা মানসম্মত সাক্ষরতা নিয়ে রুম টু রিড-এর কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির লিটারেসি ডিরেক্টর শাহ আলম। কার্যক্রমের বর্ণনার পাশাপাশি উন্মুক্ত প্রশ্নোত্তর, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বর্ণনা, শিক্ষক ও অভিভাবকদের অভিজ্ঞতা বর্ণনাও জমে উঠেছিল বেশ।

শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ছিল নাট্যব্যক্তিত্ব সারা যাকেরকে কাছে পেয়ে।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন- “রুম টু রিড’ ছোট শিশুদের জন্য যে এত চমৎকার বই বের করে যাচ্ছে যেটা সত্যিই প্রশংসার যোগ্য। সামনের বছরগুলোতে আমি ছোট বাচ্চাদের মতোই অপেক্ষা করব নতুন নতুন আরও চমৎকার সব বইয়ের জন্য।”

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, “মাতৃভাষা চর্চা যে কোনো জাতির সাফল্য অর্জনের মূল ভিত্তি। তিনি সাক্ষরতা অর্জনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা তুলে ধরেন।”

ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ২০১৫ সালে প্রকাশিত ১১টি বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং লেখক ও আঁকিয়েদের হতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকাশকবৃন্দ।

সমাপনী বক্তব্যে রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। আর এর মাধ্যমেই শেষ হয় এই অনুষ্ঠানের।

রুম টু রিড একটি আন্তর্জাতিক সংস্থা যা এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে সাক্ষরতা ও জেন্ডার সমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে এই সংস্থা ২০০৯ সাল থেকে প্রায় ৭শ’ সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে কাজ করছে এবং সিরাজগঞ্জ, নাটোর ও ঢাকা শহরে ২ হাজার ৪শ’ ৮০ জন মেয়ে শিশুকে অন্তত পক্ষে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত পড়ালেখা চালিয়ে যাওয়া ও জীবন-দক্ষতা অর্জনে সহায়তা প্রদান করছে।

রুম টু রিড বাংলাদেশ সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর ও ঢাকা শহরে এক লক্ষ ৭৭ হাজার ছাত্রছাত্রীর জন্য শ্রেণিক্ষ পাঠাগার, স্কুল কক্ষ নির্মাণ ও মেরামত, বাংলা ভাষা শিক্ষা সহায়তা কার্যক্রম এবং শিশুদের জন্য আকর্ষণীয় ও মজার বই প্রকাশসহ মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে আসছে।