ফ্রেঞ্চ ডায়েরিজঃ ২৫ বছর, ২৫ ছবি
‘আমি ক্যামেরা ছাড়া একদিনও কাটাই না’ – আনোয়ার হোসেন।
১৯৭৯ সালে প্রথম ফ্রান্সে পা রেখেছিলেন বেড়ানোর উদ্দেশ্যে। কিন্তু সেই ফ্রান্সই যে আজ জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে ভাবেননি কখনও। শেষ পর্যন্ত নিজের অভিমানেই বেছে নিলেন ফরাসি দেশকে।
১৯৯৩ সাল থেকে থাকা শুরু করলেন প্যারিসের উপকন্ঠের এক শহর লিলায়। এরপর থেকে সময়ে অসময়ে মাতৃভূমি বাংলাদেশে এলেও থিতু হননি কোথাও। বরং এক যাযাবরের জীবনযাপন করছেন শিল্পী আনোয়ার হোসেন।
এবার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে তারই একক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘ফ্রেঞ্চ ডায়েরিজঃ ২৫ বছর, ২৫ ছবি’।
আরও বলেন, “আমার ফ্রান্সের জীবনটা তেমন কেউ জানে না। বাংলাদেশের কেউ আগ্রহও দেখায় না। অথচ আমি ক্যামেরা ছাড়া একদিনও কাটাই না। আজকেও তোমার ইন্টারভিউ দেয়ার সময়ও আমার সাথে ক্যামেরা আছে।”
নিজের ফরাসি জীবনের তোলা ছবি নিয়ে বলতে গিয়ে এমনভাবে অনুভূতির কথা জানালেন স্থির (স্টিল) ও চলমান (ভিডিও) আলোকচিত্রে বাংলাদেশের মহিরুহ ব্যক্তিত্ব আনোয়ার হোসেন।
বৈচিত্র্যময় জীবনের অধিকারী শিল্পী আনোয়ার হোসেনের আলোকচিত্রের বেশ কিছু বই বেরুলেও, তার প্রবাস জীবন সম্পর্কে খুব একটা জানা যায় না। খুব একটা ছবিও যে দেখা গিয়েছে এমনটাও নয়। সেই জায়গা থেকেই ফ্রান্সের তোলা ছবি নিয়ে এবারের প্রদর্শনীর পরিকল্পনা করেছেন শিল্পী, এমনটাই বললেন।
তার কথায়, “পাশাপাশি দুই ছেলের বড় হয়ে ওঠার ছবি তুলেছি, যার প্রদর্শনী লীলা বাংলা শিরোনামে হয়েছে বাংলাদেশ ও ইউরোপের বেশ কিছু দেশে। কিন্তু প্যারিস বলতে লোকে যা বোঝে – আইফেল টাওয়ার, মূঁলা রূঁজ, আকর্ষণীয় মেয়ে এগুলো আমাকে খুব একটা টানেনি।”
শিল্পী আনোয়ার হোসেনের চোখে দেখা ফ্রান্স, একটা ভিন্ন অনুভুতি নিয়ে হাজির হয়। শিল্প, শহর স্বপ্নালোকের মতই সেখানে রাস্তার ধারে বসে প্রেমিক-প্রেমিকা যুগলকে চুমু খেতে যেমন দেখা যায়, ঠিক তেমনি নিজেদের ঘরে ক্যামেরা বন্দী হন বাংলাদেশি দম্পতি।
কোন এক শিল্পীর একান্তে তোলা পোর্ট্রেট যেমন দেখা যায়, আবার আইফেল টাওয়ারের সামনে দাঁড়ানো উদ্ভাসিত বাংলাদেশি এক শিল্পীর পোর্ট্রেটও জায়গা পায় তার প্রদর্শনীতে। তবে তার এই বৈচিত্র্য, আমাদের মস্তিষ্কের স্মৃতিতে বেঁচে থাকা, সৈয়দ মুজতবা আলীর ‘পারি’কে এক নতুন শহর বলে চেনায়।
“আমার একটা ছবি আছে কার্তিয়ের ব্রেঁসোর জানালা। আচ্ছা, বাংলাদেশে কেউ কি তুলেছে সুফিয়া কামালের জানালা বা জয়নুল আবেদিনের জানালা বা জসিমউদ্দিনের জানালা? কেউ কি ভেবেছে মনে মনে? এগুলো তো আসলে চোখ খুলে দেয়।” এই আলোকচিত্রীর এমনই মতামত।
তবে নিজের ছবির অনুপ্রেরণা নিয়ে বলতে গিয়ে, বর্তমান সময়ের তরুণ আলোকচিত্রীদের প্রতি উপদেশ বানীও দেন শিল্পী। বিখ্যাত কার্তিয়ের ব্রেঁসোর জানালার ছবি যেমন তিনি তুলেছেন, ঠিক তেমনি ক্যামেরা হাতে ভুলে যাননি সাধাসিধে আটপ্রৌঢ়ের ফ্রান্সের ছবি তুলে আনতে।
ফ্রান্সের কাজের একটা অংশের ছবি আছে এবারের প্রদর্শনীতে। তবে শিল্পী নিজে কোনোভাবেই বলতে রাজি হলেন না, এগুলো তার ফ্রান্সের পুরো কাজের প্রতিচ্ছবি।
একই সঙ্গে জানালেন, ফ্রান্সে তোলা তার সব ছবি থেকে বাছাই করা একশটি আলোকচিত্র নিয়ে একটি বই বের করার পরিকল্পনা করছেন তিনি। যেখানে ছবির পাশাপাশি বিভিন্ন ধরনের লেখালেখিও থাকবে।
২২ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। রোববার গ্যালারি বন্ধ থাকবে।
আলিয়ঁস ফ্রঁসেজের ঠিকানা: ২৬, মিরপুর রোড (ধানমণ্ডি সড়ক ৩এর পাশে), ধানমণ্ডি, ঢাকা-১২০৫।
