২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রকৃতির সাথে সংস্কৃতি’

বিপদ ভঞ্জন সেন কর্মকারের চিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 04:34 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

ষড়ঋতুর বাংলাদেশ বললে এখন একটু থমকে যেতে হয়। জলবায়ু পরিবর্তন, অর্থনীতিতে শিল্প নির্ভরতা কিংবা এমনই আরও নানান কারণে আমাদের ‘সোনার বাংলা’ আজ কিছুটা ধূসর।

তারপরও একেবারেই রং-রূপহীন জড়বস্তুতে পরিণত হয়নি আমাদের দেশ। সাংস্কৃতিক বৈচিত্র্যে এখনও অমলিন বাংলাদেশ। আর দশজন মানুষের কাছে যা, শিল্পীর চোখে সেই দেশ অবশ্য বরাবরই একটু ভিন্ন।

চিত্রশিল্পী বিপদ ভঞ্জন সেন কর্মকার তেমনি এক বাংলাদেশ তুলে ধরেছেন আমাদের সামনে।

ঢাকার ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুক্রবার শুরু হওয়া তার একক চিত্র প্রদর্শনীতে অপরূপ এক বাংলাদেশকে দেখবার সুযোগ করে দিয়েছেন শিল্পী বিপদ রঞ্জন।

প্রদর্শনীর শিরোনাম ‘প্রকৃতির সাথে সংস্কৃতি’। অ্যাক্রেলিকে করা প্রায় ৪৫টি কাজ রয়েছে শিল্পীর চতুর্থ এককে প্রদর্শনীতে।

পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবার কারণে এমনিতেই একটু দেরিতে রং-তুলি হাতে তুলেছেন শিল্পী। তারপরও নিজের কাজের ক্ষেত্রে একটু ঐতিহ্যবাদী শিল্পী বিপদ। নানান রং এর ফোঁড়ে এঁকেছেন আবহমান বাংলাকে। নিজের কাজ নিয়ে বলতে গিয়ে শিল্পী জানান,

“ধলেশ্বরীর শাখা নদী গাজীখালির তীরবর্তী মুন্সিগঞ্জের সাটুরিয়া থানার দড়গ্রামে বড় হয়েছি আমি। আমাদের ওখানে বৃহস্পতিবার হাট বসত। হাটের আগে আর পরে পাল তোলা নৌকা করে ব্যবসায়ীরা মালামাল আনা-নেওয়া করতেন। আমি নদীর পাড়ে বসে সেইসব দেখতাম। নৌকার আসা-যাওয়ার মাঝে তাদের রং-বেরংয়ের পাল আমাকে বেশি টানতো। তাছাড়া গ্রামে থাকার কারণে নানান ঋতুর রূপ, রং, গন্ধ মেখেই প্রথম জীবন কেটেছে আমার। সব মিলিয়ে এগুলো আমার ছবি আঁকায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।” বললেন এই শিল্পী।

শিল্পী বিপদ ভঞ্জন ছবি আঁকেন প্রকৃতির, যার ভাঁজে ভাঁজে আটকে থাকে সেই এলাকার সাংস্কৃতিক উপাদান। তাই ছবি বিশেষ শিল্প সমঝদার হওয়ার প্রয়োজন নেই। তার ক্যানভাসে চোখ বুলালেই ভেসে ওঠে পালতোলা নৌকা, কৃষকের ধান মাড়াই, রমণীদের কলসি কাঁখে হেঁটে যাওয়া – গ্রাম বাংলার এমনি নানান শুদ্ধ-শাশ্বত দৃশ্য।

বিপদ ভঞ্জন সেন কর্মকারের ছবি কোনো বিশেষ ‘ইজম’য়ের পেছনে ছোটেনি এখনও। বরং তার কাজ এক ধরনের নীরিক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এমনটা বলাই বরং বেশি যুক্তিযুক্ত হবে। যদিও ১৯৫১ সালের ২ মার্চ জন্ম নেওয়া এই শিল্পীর শিল্পচর্চার যাত্রা শুরু আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ে।  

তিনি বলেন, “অন্ধ কাকী আর বৃদ্ধ বাবাকে রেখে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিতে যাওয়া হয়নি আমার। কিন্তু বিভিন্নভাবেই লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিলাম আমি। তাছাড়া আর্ট কলেজে পড়ি, এটা সবার জানা থাকায় মুক্তিযোদ্ধারা আমাদের বাসায় আসত। আমি তাদের পতাকার মাঝে মানচিত্র এঁকে দিতাম।” 

কোনো কোনো দেরি মানুষকে পিছিয়ে দেয় না, বরং ঋদ্ধ হতে সাহায্য করে। ২০০৭ সালে চাকুরি ছাড়ার পর ক্যানভাস-কাগজে মন দেওয়া শিল্পী বিপদ ভঞ্জন তাই হয়তো বা একই সঙ্গে মূর্ত-বিমূর্ত দু’ভাবেই নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন। বিপদ ভঞ্জনের এই শিল্পযাত্রায় তাই প্রয়োজন অনুপ্রেরণার, সহযোগিতার।    

৬ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। রোববার গ্যালারি বন্ধ থাকবে।

আলিয়ঁস ফ্রঁসেজের ঠিকানা: ২৬ মিরপুর রোড (ধানমণ্ডি সড়ক তিনের পাশে), ধানমণ্ডি, ঢাকা-১২০৫।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।