২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এরা’

নবীন শিল্পীদের চিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 06:03 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

১০ জন প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীদের নিয়ে ঢাকার ধানমণ্ডির গ্যালারি টোয়েন্টিওয়ানে শুরু হয়েছে দলীয় চিত্র প্রদর্শনি ‘এরা’।

সময়কে ক্যানভাসে ধরে রাখবার এক প্রয়াসের নাম ‘এরা’। আক্ষরিক অর্থেই, ঘটনাবহুল কোনো এক বিশেষ গণ্ডিবদ্ধ সময়কেই প্রতিনিধিত্ব করে ‘এরা’।

যদিও খ্রিষ্টীয় পুঞ্জি ব্যবহার শুরু হওয়ার পর, এই শব্দের ব্যবহার আরও বিশেষায়িত হয়ে উঠেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী এই শিল্পীরা সত্যিকার অর্থেই এক নৈর্ব্যত্তিক সময়কে ধরে রাখবার চেষ্ঠা করেছেন তাদের কাজের মধ্য দিয়ে।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন - জুয়েল এ রব, আজমল হোসেন, বুবলি বর্ণা, জাহারিয়া আলম জেনিফার, নাবিলা মেহজাবিন, নাফিয়া জাহান মুন্নি, পারভেজ হাসান রিগ্যান, সৈয়দ ফিদা হোসেন, তানভীর জালাল ও উপমা দাস তৃণা।

মূলত চারুকলা অনুষদের পনেরো ও ষোলতম ব্যাচের শিক্ষার্থীদের এই দলগত উদ্যোগকে কিউরেট করেছেন শিক্ষক ও শিল্পী মোহাম্মদ ইকবাল।

প্রাতিষ্ঠানিক পড়ালেখার জায়গা থেকে এক সঙ্গে পথচলা শুরু। সুতরাং কাজেও তার প্রচ্ছন্ন প্রভাব লক্ষ করা যায়। খুবই সুচারুভাবে যেন ‘কালার টোন’ আর ‘স্যাচুরেশন’ এর একটা গল্প রয়েছে। সবগুলো ছবি মিলে যেন ছোটগল্পের মতই ‘হইয়াও হইলো না শেষ’।    

পারভেজ হাসান রিগ্যানের ছবিতে শারীরিক অবয়ব দৃশ্যমান। সামাজিক, ধর্মীয় কিংবা অর্থনৈতিক যে কোনো কারণেই হোক না কেনো, ‘ফিগারিটেটিভ’ কাজের চল আমাদের দেশে বর্তমানে নেই বললেই চলে। সে জায়গা থেকে তেল রংয়ে করা রিগ্যানের কাজগুলো নিঃসন্দেহে আগ্রহ জাগানিয়া।

একই সঙ্গে আধ্যাত্মিকতার অদ্ভুত মিশেলে রিগ্যানের ছবি, আমাদের সামাজিক বাস্তবতায় অনেকদিন অনুপস্থিত থাকবার পর ‘দেজা ভু’ অনুভুতি জাগানো একেকটি চরিত্র। বাস্তববাদী যে ছবি আমরা দেখতে ভুলে গেছি, তাই করে দেখাবার প্রয়াস রয়েছে তরুন এই শিল্পীর মাঝে।    

অন্যদিকে জাহারিয়া আলম জেনিফার ছবি আঁকেন যাপিত জীবন নিয়ে। তেল রংয়ে ফুটিয়ে তুলতে চান সমাজের অসঙ্গতিকে। ক্যানভাসের মাঝে কোলাজ করা মুখায়বগুলো যেন কটাক্ষ করে তাকিয়ে থাকে অনাচার অবিচারের দিকে। 

প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হওয়ার কারণে, পুরো প্রদর্শনীর সবার কাজের মাঝেই এক ধরনের যোগসুত্র খুঁজে পাওয়া যায়। রেনেসাঁ উত্তর যুগে প্রাতিষ্ঠানিক শিক্ষায় বাস্তববাদিতা যে গুরুত্ব পেয়েছে, তা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে বেড়ে উঠা এই শিল্পীদের কাজে পরিষ্কার।

যে কারণে, পরবাস্তবতা কিংবা বিমূর্ততা খুব প্রগাঢ় নয় এই শিল্পীদের কাজে। বরং লাতিন আমেরিকার অনুপ্রেরণায় জাদু বাস্তবতা খেলা করে অনেকের কাজের মাঝেই। সব মিলিয়ে বাংলাদেশের শিল্পচর্চার অঙ্গনে তরুণ এই শিল্পীদের কাজগুলো অবশ্যম্ভাবীভাবেই ভবিষ্যতের জন্য বড় একটি রুপরেখা।       

৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে যে কেউ ঘুরে আসতে পারেন নবীন শিল্পীদের এই আয়োজন থেকে।  

গ্যালারি টোয়েন্টিওয়ানের ঠিকানা: ৭৫১, সাত মসজিদ রোড (১১ তলা), ঢাকা ১২০৫।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।