সুস্থ থাকতে কাজ ভালোবাসুন
সাম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের কাজ ভালোবাসেন এবং কাজের মাধ্যমে নিজের পরিচয় দেন তারা মানসিক ভাবে ভালো থাকেন।
গবেষণায় বলা হয়, যারা কর্মক্ষেত্রে কাজ করে আনন্দ পান এবং প্রতিষ্ঠানের সঙ্গে যাদের মানসিক ঘনিষ্ঠতা থাকে তারা তুলনামূলক সুখি ও স্বাস্থ্যকর জীবনযাপন করে থাকেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের চাকরি বদলের হারও কমে আসে।
ডেনমার্কের ‘ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইন কোপেনহেগেন’য়ের থমাস ক্লসেন ‘এফেক্টিভ অর্গানাইজশনাল কমিটমেন্ট’ (এওসি) বা কর্মক্ষেত্রের প্রতি কর্মীদের দায়বদ্ধতার বিষয় নিয়ে গবেষণা করেন। প্রায় ৩০০টি দলে বিভক্ত প্রায় পাঁচ হাজার কর্মীর কাজের প্রতি মনোভাবের উপর গবেষণা করা হয়।
যারা কর্মক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে থাকেন তাদের শারীরিক অবস্থাও বেশ ভালো হয়ে থাকে এমনটাই দেখা গেছে প্রতিবেদনে।
এওসি যাদের ক্ষেত্রে বেশি, অসুস্থতার কারণে তাদের অফিসে অনুপস্থিত থাকার হারও কম হয়ে থাকে। তাই কাজ ও কর্মক্ষেত্রের প্রতি কর্মীদের আগ্রহ বাড়িয়ে তোলা গেলে কাজের মানও বৃদ্ধি পাবে বলে এই গবেষণায় পরামর্শ দেওয়া হয়।
অকুপেইশনাল অ্যান্ড এনভারনমেন্ট মেডিসিন জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়।
ছবি: রয়টার্স।
