২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুডিও ফোরটি এইটের ওপেন হাউস

ঘরোয়া পরিবেশে সাজানো স্টুডিওতে ঘুরে দেখবার সুযোগ ছিল অন্যান্য শিল্পীদের কাজও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 05:46 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

সমাজের অন্যান্য ক্ষেত্রের মতো শিল্পচর্চাতেও তরুণদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের চিত্রকলার ইতিহাসও তার ব্যতিক্রম নয়। সুলতান, শাহাবুদ্দিন, জয়নুল, সফিউদ্দিনদের মতো নাম প্রস্ফুটিত হয়েছিল ঠিক তাদের যৌবনেই।

সময় পাল্টেছে, রচিত হয়েছে রক্তাত্ব ইতিহাস; কিন্তু প্রেক্ষিত পাল্টায়নি। সময়ের কাছে, মানুষের কাছে শিল্পীর দায়বদ্ধতা কমে যায়নি এখনও।

আর সেরকমই এক চিন্তা থেকে আজ থেকে পাঁচ বছর আগে, শুরু হয়েছিল স্টুডিও ফোরটি এইটের পথচলা।

প্রথাগত কোনো স্টুডিও নয়। মূলত সমসাময়িক শিল্পীদের শিল্পচর্চার এক ‘প্ল্যাটফর্ম’ এই স্টুডিও।

শুক্রবার ৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো নিজেদের স্টুডিও’র ‘ওপেন হাউস ডে’ উদযাপন করলো ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করা এই শিল্প আন্দোলন।

স্টুডিও ফোরটি এইটের সঙ্গে জড়িত শিল্পীরা হলেন: ফাহমিদা এনাম কাকলি, অং রাখাইন, মনজুর রশীদ, কুন্তল বাড়ৈ, এসএম এহসান, নাইমুজ্জামান ভুঁইয়া, খালেকুজ্জামান শিমুল, বৃষ্টি রহমান, শাহ সাদ্দাম কাদির, শিহাব নুরুন্নবী, রেহনুমা তারান্নুম স্নিগ্ধা ও আনিকা তাসনিম অনু।

চর্চার দিক থেকে সবাই চিত্রশিল্পী। তবে পেশাগত জীবনে আরও ভিন্ন মাধ্যমের শিল্পচর্চার সঙ্গে যুক্ত আছেন এদের কেউ কেউ। তরুণ চলচ্চিত্র পরিচালক অং রাখাইন তাদেরই একজন। এছাড়া শিহাব নুরুন্নবী ও নাইমুজ্জামান ভুঁইয়াও কাজ করছেন শিল্প নির্দেশক হিসেবে।

শুক্রবার নিজেদের স্টুডিও’র দুয়ার খুলে দিয়েছিলেন শিল্পীরা। ‘ওপেন হাউস’য়ের ধারণাটা আমাদের দেশে খুব একটা পরিচিত না হলেও, পশ্চিমা দুনিয়াতে বেশ জনপ্রিয়। মূলত শিল্পীর সঙ্গে সমাজের মানুষের আরও নিবিড় সম্পর্ক গড়ে উঠে এমন আয়োজনের মধ্য দিয়ে।

এদিন যে কেউ স্টুডিওতে, শিল্পীর সঙ্গে একান্তে সময় কাটাবার সুযোগ পান। জানতে পারেন শিল্পীর কাজের নানা খুঁটিনাটি বিষয়াদি। এমন আয়োজনের মধ্য দিয়ে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে নিজেদের সম্পর্কটাকে আরও ঋদ্ধ করে তোলেন শিল্পীরা।

ঠিক এমন ভাবনা থেকেই প্রথমবারের মতো ‘ওপেন হাউস ডে’র আয়োজন করে স্টুডিও ফোরটি এইট।

“আমরা এক ধরনের স্টুডিও সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেটা আমাদের দেশে খুব একটা প্রচলিত নয়। কাজের জন্য পার্শ্ববর্তী দেশ ভারত-নেপালে গিয়েও দেখেছি, সেখানে যেমন স্টুডিওর সংখায় বেশি, ঠিক তেমনি সমাজের পারিপার্শ্বিক মানুষের সঙ্গে শিল্পীদের যোগাযোগটাও আরও সুদৃঢ়।”

‘ওপেন হাউস ডে’ নিয়ে নিজেদের ভাবনার কথা বলতে গিয়ে এমনটাই জানালেন স্টুডিও ফোরটি এইটের অন্যতম উদ্যোক্তা শিল্পী ফাহমিদা এনাম কাকলি।

তিনি আরও বলেন “আগে আমাদের স্টুডিওটা কিংবা নিজেদের সামর্থও সে পর্যায়ে ছিল না, তাই এমন কোনো আয়োজনের কথা ভাবতে পারিনি। এখনের এই স্টুডিওটা খুব বড় না হলেও, অন্তত আমরা কাজটা শুরু করতে পেরেছি। আশা করছি ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।”

শুক্রবার খুব ছোট পরিসরের এই আয়োজনে দেখান হল অং রাখাইনের চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’। চাকমা ভাষায় নির্মিত এই চলচ্চিত্র এরমধ্যে আলোচনায় এসেছে দেশে-বিদেশে।

এই চলচ্চিত্রের সঙ্গে নানাভাবে যুক্তও ছিলেন স্টুডিও ফোরটি এইটের অন্যান্য সদস্যরা। পাশাপাশি ঘরোয়া পরিবেশে সাজানো স্টুডিওতে এদিন ঘুরে দেখবার সুযোগ ছিল অন্যান্য শিল্পীদের কাজও।

অনেকটা নিরবিচ্ছিন্নভাবে শিল্পীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন আগ্রহী সবাই।

অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিল্পী রশীদ আমিন বললেন, “প্রাপ্তিহীনভাবে কাজ করে যাওয়ার অভ্যাসটা আমাদের মাঝে কমে গেছে। তবে স্টুডিও ফোরটি এইট এর মধ্য থেকেও নিজেদের কাজটা করে যাচ্ছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তরুণ শিল্পীরা কাজ করবার সুযোগ পাচ্ছে, প্রেরণা পাচ্ছে। পাশাপাশি এখানকার শিল্পীরা অন্য মাধ্যমেও কাজ করছে, যেমন চলচ্চিত্র। এটা যতটাই ব্যতিক্রম, ঠিক ততটাই উৎসাহ দেয়ার মত একটি উদ্যোগ।”

২০১০ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত ৭টি দলীয় প্রদর্শনী আর ৩টি আর্ট ক্যাম্পের অভিজ্ঞতা নিজেদের ঝুলিতে পুরেছে স্টুডিও ফোরটি এইট। প্রাপ্তির বিচারে হয়ত এখনও খুব বড় কিছু নয় এই সংখায়গুলো। তবে এর মাঝেই যে লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা।

অর্থনৈতিকভাবে অনগ্রসর, রাজনৈতিকভাবে টালমাটাল বাংলাদেশে তরুণ শিল্পীদের এমনি এক যুথবদ্ধ পরিকল্পনা, নিঃসন্দেহে এক আলোকিত ভবিষ্যতের বীজ রচনা করেছে যা প্রশংসার দাবিদার।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।