লাজানিয়া
ইতালীয় খাবার নিজেই বানান।
রেসিপি দিয়েছেন আতিয়া হোসেন তনী।
ইতালিতে সাধারণত ক্লাসিক লাজানিয়া বানাতে ওয়াইন ব্যবহার করা হয়। এখানে ওয়াইন ছাড়া আমাদের দেশীয় স্বাদ অনুযায়ী তৈরি করার রেসিপি দেওয়া হয়েছে।
লাজানিয়া তৈরিতে তিনটি উপকরণ হল মিট সস, চিজ ও লাজানিয়া সিট কিংবা পাস্তা। মিট সস আর চিজ তৈরির রেসিপি দেওয়া হল আর পাস্তা আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন।
মিট সস তৈরি
সাধারণত গরুর কিমা ব্যবহার করা হয়। এখানে মুরগির কিমা দিয়ে তৈরির পদ্ধতি দেওয়া হয়েছে।
উপকরণ: মুরগির মাংসের কিমা ৪০০ গ্রাম। এক ক্যান টমেটো পিউরি (বাজারে পাবেন)। ১টি বড় টমেটো টুকরা করা। ১টি বড় পেঁয়াজ মিহিকুচি। ৩,৪টি রসুনের কোয়া মিহিকুচি। ১ চা-চামচ আদাবাটা। ১ চা-চামচ গরম মসলাগুঁড়া। ২টি মাঝারি আকারের গাজরকুচি। পার্শলে-কুচি ১ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া স্বাদ মতো। অলিভ ওয়েল দেড় টেবিল-চামচ।
পদ্ধতি: প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুনকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। আদাবাটা দিয়ে ভেজে এরপর গাজর দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এখন কিমা দিন। রং পরিবর্তন হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা ভাজা হলে টমেটো ক্যানের টমেটো, টমেটোকুচি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন।
অল্প আঁচে এক থেকে দুই ঘণ্টা বা পানি টেনে যাওয়া পর্যন্ত রেখে দিন। মাঝখানে লবণ, গোলমরিচ, গরম-মসলা ও পার্শলে দিয়ে দিন। বারবার নাড়তে হবে যেন প্যানের তলায় লেগে না যায়।
চিজের স্তরের জন্য
উপকরণ: ১ লিটার দুধ। ১টি ডিম। পার্মেজান চিজ ২,৩ টেবিল-চামচ। ড্রাই ওরেগানো সামান্য। লবণ সামান্য। গোলমরিচ স্বাদ মতো। ভিনিগার ২ টেবিল-চামচ।
পদ্ধতি: একটি বড় প্যানে দুধ ফুটিয়ে ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নিন। ছানা আলাদা হয়ে আসলে পাতলা সুতির কাপড়ে (চিজ ক্লথ) ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। আধা ঘণ্টা ঝুলিয়ে রেখে পানি ঝরাতে হবে। এরপর একটি বড় বাটিতে ছানার সঙ্গে বাকি সব উপকরণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিন। হয়ে গেল চিজ।
এছাড়াও আলাদা করে পার্মেজান চিজ আর মোৎজারেল্লা চিজ লাগবে। এইগুলো সুপার শপে পাবেন অবশ্যই।
লাজানিয়া পাস্তা
লাজানিয়া পাস্তা সিদ্ধ করতে হবে অন্যন্য পাস্তার মতো করেই। এজন্য একটি বড় প্যানে পানি ফুটিয়ে পাস্তা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিন। মনে রাখতে হবে পাস্তা ওভেনেও সিদ্ধ হবে। তাই খুব বেশি নরম করা যাবে না।
ষাট ভাগ নরম হলেই নামিয়ে পানি ঝরিয়ে অলিভ ওয়েল দিয়ে মাখিয়ে রাখতে হবে যাতে একটির সঙ্গে অন্যটি লেগে না যায়।
লাজানিয়া তৈরি
এর উপর মিট সস দিয়ে উপরে মোৎজারেল্লা চিজ, পার্মেজান চিজ ইচ্ছে মতো দিয়ে আবার পাস্তাসহ সমান করে দিতে হবে।
এর উপর আবার মিট সস দিয়ে মোৎজারেল্লা আর পার্মেজান চিজ দিয়ে লেয়ার করে প্রিহিট করা ওভেনে ১৯০ ডিগ্রিতে ৪০ মিনিট অথবা চিজের রং পরিবর্তন হওয়া পর্যন্ত বেইক করতে হবে।
বের করে ঠাণ্ডা হলে (১০ থেকে ১৫ মিনিট পর) কেটে পরিবেশন করুন।
কিছু টিপস
নিজের ইচ্ছা মতো লেয়ার করা যায়। এজন্য মিট সসের পরিমাণ বাড়াতে হবে। আবার ডিশ বড় ছোট হলেও উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওভেন থেকে বের করেই সঙ্গে সঙ্গে স্লাইস বা টুকরা করলে চিজ ছড়িয়ে যায় আর স্তরগুলো বোঝা যায় না। তাই কিছু সময় অপেক্ষা করে, পরে কেটে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরারত মৌরি।
আরও রেসিপি:
