২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিট র‌্যাশ’ উপশমে নারিকেল তেল

নারিকেল তেল গরম থেকে হওয়া ফুসকুড়ি কমাতে পারে।

‘হিট র‌্যাশ’ উপশমে নারিকেল তেল

ছবি: freepik

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 11:56 AM

Updated : 30 Apr 2023, 11:56 AM

গরম থেকে হওয়া ফুসকুড়ি সারাতে উপকারী নারিকেল তেলের শীতলীকরণ গুণ।

সংবেদনশীল ত্বকে অতিরিক্ত রোদের তাপ থেকে লালচে দানাদার র‌্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়। এই সমস্যা সমাধানে ঘরোয়া প্রতিষেধকের মধ্যে রয়েছে নারিকেল তেল।

ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত মানিপাল হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নভ্যা পি এই বিষয়ে বলেন, “হিট র‌্যাশ’কে অনেকেই ‘প্রিকলি হিট’ বলে চেনেন।”

হিট র‌্যাশ কী?

গরম বা তাপের কারণে ত্বকে যে ছোট ছোট লালচে দানা দেখা দেয় এবং চুলকানি ও জ্বালাভাবের সৃষ্টি হয় তা হল ‘হিট র‌্যাশ’।

ডা. নভ্যা হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “এটা তেমন ক্ষতিকর নয়। ঘাম ও ময়লা ত্বকে আবদ্ধ হয়ে এই ফুসকুড়ির সৃষ্টি হয়।”

নারিকেল তেল ত্বক আর্দ্র ও মসৃণ রাখে। পাশাপাশি র‌্যাশের কারণে হওয়া লালচেভাব ও প্রদাহ কমায়। 

ডা. নভ্যা, ‘হিট র‌্যাশ’ আক্রান্ত স্থানে পাতলা করে নারিকেল তেল ব্যবহারের পরামর্শ দেন। মুখে নারিকেল তেল ব্যবহার না করাই ভালো। এতে ত্বকে ঘাম ও তেল আটকে থেকে ‘ব্রেক আউট’ সৃষ্টি হয়।

ব্রণ প্রবণ ত্বকে, বিশেষ করে গরমকালে ঘাম ও তেল আটকে আরও জটিলতার সৃষ্টি করে।

শিশুদের ‘হিট র‌্যাশ’ কমাতে নারিকেল তেলের ব্যবহার বাদ দেওয়ার কথা বলেন চিকিৎসক। এর পরিবর্তে ক্যালামাইন লোশন ব্যবহার ও ঠাণ্ডা পানির চাপ আরামদায়ক।

‘হিট র‌্যাশ’ দূর করার উপায়

ত্বক ঠাণ্ডা করার মাধ্যমে গরমের কারণে ওঠা র‌্যাশ কমানো যায়।

ঠাণ্ডা পানিতে একটা কাপড় ডুবিয়ে র‌্যাশ ওঠার স্থানে ১০ থেকে ১৫ মিনিট চাপ দিয়ে ধরে রাখলে আরাম পাওয়া যায়।

তিন চার ঘণ্টা পর পর এই পদ্ধতি অনুসরণে সমস্যার সমাধান সম্ভব। 

ক্যালামাইন লোশন: ত্বকে ক্যালামাইন লোশন ত্বক থেকে তাপ শুষে নিতে পারে। ফলে ত্বকে ঠাণ্ডা অনুভূতি হয়। গরমের কারণে ওঠা র‌্যাশের ওপরে ক্যালামাইন লোশন তুলার সাহায্যে ব্যবহারে উপকার পাওয়া যায়।

এটা জ্বালাভাব ও চুলকানি কমিয়ে আরাম দেয়।

ক্যালামাইন ওষুধে জিংক অক্সাইড থাকায় তা ত্বকের নানান উপকার করে। ত্বকের জ্বলুনি কমাতে মৃদু সুরক্ষক হিসেবে উপকারী বলে জানান, ডা. নভ্যা।

অ্যালো ভেরা: গরমের কারণে হওয়া ত্বকের জ্বলুনি কমাতে অ্যালো ভেরা উপকারী। এর প্রাকৃতিক প্রদাহরোধী ও অ্যান্টিসেপ্টিক উপাদান ত্বক শীতল করে আর ব্যথা কমায়।

এর অনুজীব-রোধকারী উপাদান ত্বকের সংক্রমণ কমাতে সহায়তা করে। আক্রান্ত ত্বকে অ্যালো ভেরার জেল ব্যবহারে আরাম পাওয়া যায়।

হলুদ ও চন্দন: প্রাকৃতিক উপাদান হিসেবে হলুদ ও চন্দন ‘হিট র‌্যাশ’ কমাতে খুব ভালো কাজ করে। এগুলোর প্রদাহরোধী উপাদান লালচেভাব ও জ্বলুনি কমাতে সহায়তা করে।

হলুদ ও চন্দনের সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে কানের পেছনে মেখে পরীক্ষা করে দেখতে হবে অ্যালার্জির সমস্যা আছে কিনা।

অ্যালার্জির সমস্যা না থেকে থাকলে নিয়মিত এই পেস্ট ব্যবহারে উপকার পাওয়া যাবে।

এছাড়া

ঠাণ্ডা পানিতে গোসল করা গরমের কারণে ত্বকে হওয়া জ্বলুনি কমাতে সহায়তা করে। পাখা ও শীতাতপ যন্ত্রের ব্যবহার দেহের তাপমাত্রা কমিয়ে শরীর ঠাণ্ডা রাখতে পারে। আর গরমে পাতলা সুতি কাপড় পরা আরামদায়ক। 

ওপরের ঘরোয়া কৌশলে যদি র‌্যাশ না কমে তাহলে চর্মরোগ-বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে।

আরও পড়ুন:

পুরনো খবর:

আঁচিল ওঠার কারণ ও প্রতিকার
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোণা (ভিডিওসহ)
নিতম্বে চুলকানি হওয়ার ৬টি কারণ
চর্মরোগ থেকে অন্য রোগের উপসর্গ

অ্যালার্জিতে প্রাকৃতিক চিকিৎসা