Published : 15 Apr 2026, 05:10 PM
তরুণদের আবার মানসিক চাপ! তারা খাবে, ঘুমাবে আর পড়বে- এই তো জীবন।
তবে বিষয়টি সেরকম নয়। ‘ঢাকা ফ্লো’র আয়োজনে ২০২৫ সালে ‘সেকেন্ড ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্ট’য়ে করা জরিপে দেখা গেছে বেশিরভাগ শিক্ষার্থী কোনো না কোনো মানসিক চাপে ভুগছেন। অথচ এই অবস্থা থেকে উত্তরণের জন্য তেমন কোনো উদ্যোগ দেখা যায় না।
এই কারণে তৃতীবারের মতো আয়োজিত হতে যাচ্ছে- ‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভল’।
‘দ্য ফ্লো ফেস্ট’-এর তত্ত্বাবধানে ‘প্রাইম নাও’-এর সহযোগিতায় ২২ ও ২৩ এপ্রিল দুদিনের এই উৎসব অনুষ্ঠিত হবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘মাল্টি পারপাস হল’য়ে।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে উত্তরণের জন্য থাকবে নানান আয়োজন।
দুই দিনের এই উৎসবে ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ‘ইউ বি ইউ: ফাইন্ড ইয়োর ফ্লো’ স্লোগান নিয়ে এই আয়োজনে থাকছে- ইয়োগা, ধ্যান, চিত্রাঙ্কন-সহ নানান কার্যক্রম।
শিক্ষার্থীরা নিজেদের যে পন্থায় প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই মাধ্যমই বেছে নিতে পারবেন।
এই আয়োজন সম্পর্কে জানাতে ১২ এপ্রিল আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনে ‘দ্য ফ্লো ফেস্ট’য়ের প্রতিষ্ঠাতা ও যোগ ব্যায়াম প্রশিক্ষক শাজিয়া ওমর বলেন, “এই উৎসব আমরা আয়োজন করেছি কারণ- পুনরুজ্জিবিত হতে, আত্মচিন্তা করতে এবং পুনরায় সংযোগ স্থাপন করার জন্য তরুণদের একটা জায়গা প্রাপ্য।”
তিনি আরও বলেন, “এটা কোনো গতানুগতিক সেমিনার নয়, যেখানে দেওয়া হবে না কোনো ‘লেকচার’। শুধু থাকবে তরুণরা যাতে নিজেদেরকে নিঃসঙ্কোচে প্রকাশ করতে পারে, সেই আয়োজন।”
এই আয়োজনে আরও থাকছে ফটোগ্রাফি প্রতিযোগিতা। যে কোনো বিষয়ের ওপর ২০ এপ্রিলের মধ্যে ছবি জমা দেওয়া যাবে এই লিংকে bit.ly/youthwellnessphoto