২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চামড়ার জুতা ফেটে যাওয়া রোধের উপায়

দীর্ঘদিন ব্যবহার না করলে চামড়ার জুতা শক্ত হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 06:06 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

অনেকেরই শখের চামড়ার জুতা দীর্ঘদিন আলমারিতে রেখে দেওয়ার পর বের করলে দেখা যায়, চামড়া শক্ত হয়ে গেছে বা ফাটল ধরেছে। এটি একটি সাধারণ সমস্যা, যা সঠিক যত্নের অভাবে দেখা দেয়।

চামড়া একটি প্রাকৃতিক উপাদান। নিয়মিত পরিচর্যা না পেলে এর স্বাভাবিক তেল ও আর্দ্রতা কমে যায়, ফলে চামড়া নমনীয়তা হারিয়ে শক্ত হয় এবং ফাটলের ঝুঁকি বাড়ে।

চামড়াজাত পণ্য ও জুতা তৈরি প্রতিষ্ঠান ‘অরোরা’র স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন বলেন, “জুতার চামড়ায় থাকা প্রাকৃতিক তেল নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। দীর্ঘদিন ব্যবহার না করলে বা পর্যাপ্ত বাতাস চলাচল না হলে এই তেল শুকিয়ে যায়।”

এছাড়া অত্যধিক শুষ্ক বা আর্দ্র পরিবেশও চামড়াকে ক্ষতিগ্রস্ত করে। জমে থাকা ধুলা-ময়লা চামড়ার ওপরের স্তরকে দুর্বল করে তোলে, যা ফাটল ধরার অন্যতম কারণ।

চামড়ার জুতা দীর্ঘদিন ভালো রাখতে কিছু সহজ নিয়ম মেনে চললে এ সমস্যা অনেকাংশে এড়ানো সম্ভব।

প্রথমেই জুতা সংরক্ষণের আগে ভালো করে পরিষ্কার করুন। নরম কাপড় দিয়ে ধুলো মুছে নিন। প্রয়োজনে হালকা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন।

তবে ভেজা অবস্থায় কখনও রাখা যাবে না। পুরোপুরি শুকিয়ে নিয়ে তবেই সংরক্ষণ করুন।

চামড়ার নমনীয়তা ধরে রাখতে মাসে অন্তত একবার লেদার কন্ডিশনার বা ভালো মানের শু-পলিশ ব্যবহার করতে হবে। এতে চামড়ায় হারানো তেল ফিরে আসে এবং ফাটলের ঝুঁকি কমে।

সংরক্ষণের সময় প্লাস্টিকের ব্যাগে জুতা মুড়ে রাখা যাবে না। কারণ এতে বাতাস চলাচল বন্ধ হয়ে আর্দ্রতা জমে। পরিবর্তে তুলো বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন।

জুতার আকার ঠিক রাখতে ভেতরে শু-ট্রি বা কাগজ ভরে রাখা যায়। সংরক্ষণের জায়গায় আর্দ্রতা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।

অত্যধিক স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাক ধরতে পারে, আবার অতিরিক্ত শুষ্কতায় ফাটল দেখা দেয়।

আলমারি বা শেলফে জুতার পাশে সিলিকা জেল বা নিমপাতা রেখে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত ব্যবহার। দীর্ঘদিন না পরলেও মাসে একবার জুতা বের করে হালকা রোদ ও বাতাসে রাখতে হবে।

তবে তীব্র সূর্যের আলোয় সরাসরি রাখা যাবে না, এতে চামড়া আরও শক্ত হয়ে যেতে পারে।

এসব সহজ নিয়ম মেনে চললে প্রিয় চামড়ার জুতা দীর্ঘদিন নতুনের মতো থাকবে।

আরও পড়ুন

পোশাকের সাথে মিলিয়ে জুতা বাছাইয়ের সহজ টিপস

সাদা ক্যানভাস জুতা পরিষ্কার করবেন যেভাবে

আরামদায়ক জুতা বেছে নেওয়ার পন্থা