Published : 20 Aug 2026, 06:45 PM
ঘর গোছানোর সময় আলমারি বা ওয়ার্ড্রোব্ খুললেই অনেকের চোখ চড়কগাছ হয়ে যায়। গাদাগাদি আর ঠাসাঠাসি করে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের প্রয়োজনীয় পোশাকটি খুঁজে বের করা অনেক সময় চরম যুদ্ধ মনে হয়।
এই সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় হল, আলমারি ছাঁটাই বা ‘ডিক্লাটারিং’ করা। তবে নিজের টাকা দিয়ে কেনা বা এক সময়ের খুব প্রিয় পোশাকটি হুট করে ফেলে দেওয়া বা দান করা মানসিক আবেগের কারণে বেশ কঠিন।
‘রিয়েল সিম্পল ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আফসোস বা অনুশোচনা ছাড়া আলমারির কোন জিনিসটি রাখা উচিত, কোনটি ফেলা দরকার আর কোনটি দান করা নিরাপদ- এজন্য রয়েছে সুনির্দিষ্ট নিয়ম।
যুক্তরাষ্ট্রের অন্দরমহল সজ্জা ও গৃহস্থালি-গবেষক অ্যামান্ডা লরেন আলমারি খালি করার এবং পোশাক মূল্যায়নের ৬টি সহজ নিয়ম বিস্তারিত আলোচনা করেছেন।
ছিদ্র ও ছেঁড়া কাপড়: ফেলা বা পুনঃব্যবহার
পোশাকে ছোট কোনো ছিদ্র বা মথ বা পোকার খাওয়া দাগ দেখা দেওয়া অত্যন্ত হতাশাজনক।
কখন ফেলবেন: কাপড়ে যদি একাধিক ফুটা বা বড় ধরণের ছেঁড়া থাকে, তবে তা সরাসরি আবর্জনায় ফেলে দেওয়া উচিত; কারণ ছেঁড়া কাপড় কোনো চ্যারিটি বা দান সংস্থাও গ্রহণ করতে চায় না। তবে কাপড়ের অপচয় রুখতে এগুলো ‘টেক্সটাইল রিসাইকেল’ সংস্থায় দেওয়া যেতে পারে।
দর্জির সাহায্য নেওয়া: পুরানো বা সাধারণ টি-শার্ট ছেঁড়া হলে ফেলে দেওয়া ভালো। তবে দামি সুট বা ব্লেজারের সেলাই ছুটে গেলে, দক্ষ দর্জি দিয়ে মেরামত বা ‘মেন্ডিং’ করিয়ে পুনরুজ্জীবিত করা বুদ্ধিমানের কাজ।
মাপে ছোট বা বড় হওয়া পোশাক: দান করা
সময়ের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক গঠন ও ওজনের পরিবর্তন হওয়া স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া।
মানসিক স্বাস্থ্যের ক্ষতি: আলমারিতে পুরানো ছোট হয়ে যাওয়া জামাকাপড় জমিয়ে রাখলে, অবচেতনে মনে এক ধরনের নেতিবাচক বা বিষণ্ণ অনুভূতি জাগ্রত করে।
সমাধান: ‘ভবিষ্যতে কোনোদিন চিকন হলে আবার পরব’— এই অবান্তর আশায় আলমারি জঞ্জাল না করে, মাপে অতিরিক্ত ছোট বা ঢিলেঢালা বড় হয়ে যাওয়া পোশাকগুলো সরাসরি অন্য কোনো অভাবী মানুষকে দান করে দেওয়া ভালো।
পুরনো জুতা: মুচি বা ডাস্টবিন
অতিরিক্ত ক্ষয়ে যাওয়া বা নষ্ট জুতা পরা কেবল অস্বস্তিকরই নয়, এটি পায়ের পাতার কুশন ও গোড়ালির হাড়ের স্থায়ী ব্যথার সৃষ্টি করে।
বাছাইকরণ: জুতা যদি অতি দামি বা প্রিয় হয় এবং কেবল হিল বা সোলের তলা সামান্য ক্ষয়ে যায়, তবে স্থানীয় মুচি দিয়ে মেরামত করিয়ে নেওয়া যায়। তবে সাধারণ জুতা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হলে ফেলে দিতে হবে। আর মাত্র দুই-একবার পরা অস্বস্তিকর জুতা ধুলোবালি জমার আগে দান করে দেওয়া শ্রেয়।
মাঝেমধ্যে পরা ভারী পোশাক: রাখা বা ছাঁটাই
আলমারিতে এমন কিছু খুব ভারী বা উলের সোয়েটার ও কোট থাকে যা কেবল তীব্র শীতের এক বা দুই সপ্তাহ ছাড়া বাকি সারা বছর কোনো কাজেই আসে না।
অন্যকে দেওয়া: যদি এই ভারী পোশাকগুলো বছর বছর কোনো বিশেষ ট্যুর বা শীতের সময় কাজে লাগে, তবে সেগুলো আলমারির গভীরের বক্সে গুছিয়ে রাখা উপকারী। তবে গরম বা নাতিশীতোষ্ণ জলবায়ুতে বাস করেও যদি আলমারিতে এমন ৪-৫টি ভারী জ্যাকেট থাকে, তাহলে অতিরিক্তগুলো ছাঁটাই করে কেবল ১টি প্রয়োজনীয় কোট ব্যাকআপ হিসেবে রাখা নিরাপদ।
পুরনো উৎসবের পোশাক: দান করা
বিয়ে বাড়ি, উৎসব কিংবা বর কনের বন্ধু বা বান্ধবী হিসেবে পরার জন্য কেনা অত্যন্ত ‘গর্জিয়াস’ বা জমকালো পোশাক, পাগড়ি, শেরওয়ানিগুলো একবারের বেশি দ্বিতীয়বার পরা হয় না। আলমারিতে এই উৎসবের অতিরিক্ত পোশাকের স্তূপ জমিয়ে না রেখে সর্বোচ্চ এক বা দুটি ক্লাসিক ড্রেস রেখে বাকিগুলো দান করে দেওয়া ভালো সিদ্ধান্ত।
ফ্যাশন ট্রেন্ডের ওঠানামা: ক্লাসিক বনাম দ্রুত ফ্যাশন
ফ্যাশনের দুনিয়ায় পুরানো অনেক ধারাই বা জিন্সের কাটিং কয়েক বছর পর পুনরায় ট্রেন্ডে ফিরে আসে।
বিনিয়োগের পোশাক: খুব দামি, টেকসই ফ্যাশনের কোনো জিন্স বা জ্যাকেট যদি সাময়িকভাবে আউট-অব-ফ্যাশনও হয়ে যায়, তবে তা ফেলে না দিয়ে আলমারিতে যত্ন করে রেখে দেওয়া সাশ্রয়ী; কারণ কিছুদিন পর তা আবার ট্রেন্ডে ফিরলে নতুন করে টাকা খরচ করতে হবে না।
ফাস্ট ফ্যাশন ছাঁটাই: তবে সস্তা কাপড়ের তৈরি বা সাময়িক ‘মাইক্রো-ট্রেন্ড’ দেখে কেনা ফাস্ট ফ্যাশনের জামাকাপড়গুলো ট্রেন্ড চলে যাওয়ার পর আলমারি থেকে চিরতরে বিদায় করে দেওয়াই নিরাপদ। কারণ এগুলোর কোনো দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বা ক্লাসিক আবেদন থাকে না।
আরও পড়ুন