দুশ্চিন্তা কি ঘুমাতে দিচ্ছে না?
গভীর রাতে এলোমেলো অনিয়ন্ত্রিত চিন্তার লাগাম টানার রয়েছে কৌশল।
রাতে ঠিকমতো ঘুমাতে যাওয়ার পর হঠাৎ ঘুম ভেঙে গেলে অনেকের মাথায় শুরু হয় অদ্ভুত সব ভাবনার ঘূর্ণিপাক।
সারাদিনের বলা–না বলা কথাগুলো, সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, চাকরি হারানোর ভয়, কিংবা বিশ্ব পরিস্থিতির অনিশ্চয়তা— সব মিলিয়ে মন তখন শান্ত হতে চায় না। চোখ বন্ধ করেও ঘুম যেন দূরের স্বপ্ন হয়ে যায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘স্লিপ ডিজঅর্ডারস সেন্টার’য়ের ঘুম–বিষয়ক-চিকিৎসা বিভাগের শিক্ষা ও আচরণগত শাখার পরিচালক ডা. মিশেল ড্রেরাপ সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “মাঝরাতে দুশ্চিন্তা বা অবাঞ্ছিত চিন্তা নিয়ে জেগে ওঠা দীর্ঘমেয়াদি অনিদ্রার সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর একটি।”
যে কারণে হয় সমস্যা
ডা. ড্রেরাপের ব্যাখ্যায়, মানুষ ঘুমের মধ্যে বারবার খুব ক্ষণিকের জন্য জেগে ওঠে, কিন্তু সেগুলো এত ছোট সময়ের যে সাধারণত টের পাওয়া হয় না। দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকলে সেই সামান্য জাগরণেই মন কোনো এক চিন্তার সঙ্গে আঁকড়ে ধরে, ফলে ঘুমে ফেরা কঠিন হয়ে যায়।”
মার্কিন মনোবিজ্ঞানী ডা. সাইমন রেগো একই প্রতিবেদনে বলেন, “রাতের নীরবতায় দিনের ব্যস্ততা ও বিভ্রান্তি থাকে না, তাই অপূর্ণ দুশ্চিন্তাগুলো মনোযোগের কেন্দ্র দখল করে নেয়।”
মস্তিষ্কের ভেতরের লড়াই
মনোবিজ্ঞানী ও ঘুম বিশেষজ্ঞ ডা. লিয়া কেলার ব্যাখ্যা করেন, “ঘুমের শুরুতে যুক্তিবোধ–নিয়ন্ত্রিত মস্তিষ্ক অংশ শান্ত থাকে, তবে গভীর রাতে আবেগ নিয়ন্ত্রিত অংশ বেশি সক্রিয় হয়। ফলে আশঙ্কা ও ভয়ের অনুভূতি সহজেই মাথাচাড়া দেয়, যা ঘুমে ফেরা কঠিন করে তোলে।”
নিজেকে শান্ত করার কৌশল
ডা. কেলার একটি কৌশলের কথা বলেন, “মানসিক এলোমেলো শব্দচর্চা। এতে আবেগমুক্ত, এলোমেলো শব্দ মনে ভেবে নেওয়া হয়, নির্দিষ্ট সময় ধরে প্রতিটি অক্ষর ঘিরে শব্দের তালিকা ভাবা হয়। এতে চিন্তার তোড় বন্ধ হয়ে মস্তিষ্ক ধীরে ধীরে ঘুমের মতো ভাবনায় ঢুকে পড়ে।”
তিনি আরও বলেন, “ইন্দ্রিয়ভিত্তিক মনোযোগ স্থাপন স্পর্শ, গন্ধ, স্বাদ, শব্দ ও দৃশ্যের দিকে মন টেনে আনা মানসিক গল্প থেকে মুক্তি দেয়। আবার পরিচিত কোনো জায়গা কল্পনায় হেঁটে দেখাও মস্তিষ্ককে প্রশমিত করে।”
শ্বাস ও কাগজের শক্তি
ধীরে গভীর শ্বাস, পেশি শিথিল করার ব্যায়াম বা বড় সংখ্যা উল্টো দিক থেকে গোনা— এসব কৌশল মানসিক উত্তেজনা কমাতে কাজে আসে।
অনেকের ক্ষেত্রে দ্রুত চিন্তা লিখে ফেলাও উপকারী। এতে মনে হয়— সমস্যাগুলো নিরাপদে নথিবদ্ধ হল, সকালে সামাল দেওয়া যাবে।
তবে কোনো দুশ্চিন্তা তাৎক্ষণিক সমাধানযোগ্য না হলে, ডা. ড্রেরাপ পরামর্শ দেন, “রাতে নয়, বরং ঘুমের অনেক আগে, দিনেই লেখাজোখা করা উচিত। এতে মন আগেই উদ্বেগ সামাল দিতে শেখে।”
ঘুম না এলে যা করবেন
পনেরো থেকে বিশ মিনিট চেষ্টা করেও ঘুম না এলে বিছানা ছেড়ে হালকা শান্ত কোনো কাজে মন দিতে বলেন বিশেষজ্ঞরা।
যেমন- পড়া, হালকা কাজ করা, কিংবা শান্ত সুর শোনা। বিছানাকে দুশ্চিন্তার জায়গা না বানানোর জন্য এ অভ্যাস জরুরি বলেই জানান ডা. ড্রেরাপ।
সময় দেখতে ঘড়ির দিকে তাকানো থেকেও বিরত থাকার পরামর্শ দেন তিনি। কারণ তাতে মানসিক চাপই বাড়ে।
দিনের অভ্যাস বদলানো
ডা. রেগো এবং ডা. কেলার দুজনই পরামর্শ দেন- নিয়মিত শরীরচর্চা, বাইরে সময় কাটানো, ধ্যান ও নির্দিষ্ট দুশ্চিন্তার সময় ঠিক করে রাখা— এসব দৈনন্দিন অভ্যাস রাতের উদ্বেগ কমাতে সহায়ক।
ঘরের তাপমাত্রা একটু ঠাণ্ডা রাখা, শোবার আগে মদ্যপান এড়ানো এবং পর্দাভিত্তিক বিনোদন কমানোও জরুরি। এসব পন্থা ঘুম স্থায়ী রাখতে সাহায্য করে।
যখন চিকিৎসা প্রয়োজন
ডা. কেলারের মন্তব্য, “সপ্তাহে অন্তত তিন রাত তিন মাসের বেশি সময় ধরে যদি এমন সমস্যা চলতে থাকে, বা এর প্রভাব দিনে কাজকর্ম, মনোযোগ ও স্মৃতিতে পড়ে— তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”
আরও পড়ুন
