২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওতে প্রাণিসম্পদ প্রদর্শনী

দেশি জাত আর আধুনিক প্রযুক্তির মিশেলে নতুন রূপ নিচ্ছে প্রাণিসম্পদ।

আগারগাঁওতে প্রাণিসম্পদ প্রদর্শনী
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলা মাঠে পশুপাখি প্রদর্শনীর আয়োজন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ছবি: আব্দুল্লাহ আল মমীন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 07:10 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫-এর কেন্দ্রীয় কর্মসূচি ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই সপ্তাহব্যাপী উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ আগারগাঁওয়ের পুরানো বাণিজ্যমেলা মাঠে বসা প্রাণিসম্পদ প্রদর্শনী।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে এই মেলা। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

মেলায় চোখ ধাঁধানো বৈচিত্র্য। দেশি গরু-ছাগল-ভেড়া-মহিষের পাশাপাশি সংকর জাতের উন্নত প্রাণী।

আবার বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিয়ে এসেছে পোল্ট্রি পণ্য, দুধের খাবার, পশু ওষুধ, ফিড, যন্ত্রপাতি আর সর্বাধুনিক প্রযুক্তি।

যারা নিরাপদ মাংস-দুধ-ডিম কিনতে চান, তাদের জন্যও রয়েছে সরাসরি কেনার সুযোগ।

আটটি প্যাভিলিয়নের মধ্যে এক নম্বরে গরু-ছাগল-ভেড়া, ‍দুই নম্বরে সংকর জাতের ষাঁড়, তিন নম্বরে খাঁটি দেশি গরু, চার নম্বরে নানান জাতের পাখি, পাঁচ নম্বরে লাইভস্টক ও জেনেটিক্স, ছয় নম্বরে পশু স্বাস্থ্য, সাত নম্বরে ফুডকোর্ট এবং আট নম্বরে আছে পোল্ট্রি।

ভিড় দেখে মনে হচ্ছিল যেন কোনো তারকা এসেছেন। আসলে এসেছে একটি হরিয়ানা ক্রস গরু, দাম শুনলে চোখ কপালে— ২৫ লাখ টাকা!

ঢাকাইয়া ক্যাটল ফার্মের স্বত্বাধিকারী আজমাইন মাহাতাব জানালেন, তাদের স্টলে ৬৫ হাজার থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে।

প্রিন্স এগ্রোর মালিক ফোরকান উদ্দিন দেখাচ্ছিলেন গ্রাহামা ক্রস জাতের গরু।

মেলায় মোহাম্মদপুর থেকে আগত ফাইয়াদ আহমেদ অবিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, “দেশের উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, ঘোড়া থেকে শুরু করে কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগি— সব এক ছাদের নিচে দেখার সুযোগ আগে কখনও হয়নি।’

শুধু মেলা নয়, সপ্তাহজুড়ে চলবে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান, নিরাপদ খাদ্য-পশুপালন-দুধ-মাংস-ডিম উৎপাদন-রোগ প্রতিরোধ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে সেমিনার, ফুড ফেস্টিভাল আর পুরস্কার বিতরণ।

দেশের সব বিভাগ-জেলা-উপজেলায় হচ্ছে র‌্যালি, ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, কৃত্রিম প্রজনন সেবা, ভেটেরিনারি ক্যাম্প, স্কুল ফিডিং, চিত্রাঙ্কন-কুইজ, নারী ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান বললেন, “এবারই প্রথম কেন্দ্রীয়, জেলা ও উপজেলা—সব স্তরে একসঙ্গে এত বড় আয়োজন। দেশি জাত সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই খাতকে আরও লাভজনক ও টেকসই করাই এবারের মূল লক্ষ্য।”

প্রাণির ভালো জাত আর নতুন প্রযুক্তি দেখতে যারা পছন্দ করেন তিন দিনের এই মেলায় মিলবে সেই সুযোগ।

আরও পড়ুন

শ্যামলীর শিশু মেলা: ছোটদের সাথে বড়দেরও আনন্দের দুনিয়া

দিয়াবাড়ির লেকের বুকে যত আনন্দ

প্যাডেল স্টিমার: বাংলার নদীপথের কালজয়ী গাথা

ঢাকার কাছাকাছি যেসব রিসোর্টে একদিনে বেড়ানো যায়