সহজ নাস্তা এগ বল
চিকেন বল’তো খাওয়া হয়েছে অনেক। এবার না হয় ডিম দিয়ে তৈরি বলের স্বাদ নেওয়া হোক।
ডিম দিয়ে তৈরি এই খাবার খেতে লাগবে দারুণ।
আর সহজে এই ঝটপট নাস্তা তৈরি করতে পারেন ফেইসবুক-ভিত্তিক রান্নার প্রতিষ্ঠান পালা পার্বণ’য়ের স্বত্বাধিকারী ও রন্ধনশিল্পী শিউলী আক্তারের রেসিপিতে।
উপকরণ
- ডিম ৪টি।
- পেঁয়াজ কুচি আধা কাপ।
- রসুন বাটা আধা চা-চামচ।
- আদা বাটা আধা চা-চামচ।
- কাঁচামরিচ কুচি ২টি।
- ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ।
- লবণ আধা চা-চামচ।
- মরিচ গুঁড়া আধা চা-চামচ।
- হলুদ গুঁড়া ১/৪ চা-চামচ।
- ধনে গুঁড়া আধা চা-চামচ।
- গোল মরিচের গুঁড়া ১/৪ চা-চামচ।
- আটা ২ টেবিল-চামচ।
- ব্রেডক্রাম্বস আধা কাপ।
- তেল পরিমাণ মতো।
পদ্ধতি
৩টি ডিম সিদ্ধ করে নিন।
এবার একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলো কুচি করে তেল ও ব্রেডক্রাম্বস বাদে বাকি সব উপকরণ মিশিয়ে নিতে হবে।
এখন হাতে অল্প তেল মাখিয়ে মিশ্রণটা থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট গোল গোল বলের মতো করে বানিয়ে নিন।
অন্য বাটিতে একটা ডিম ভালো করে ফেটে, সেটাতে বলগুলো ডুবিয়ে ব্রেডক্রাম্বস’য়ে গড়িয়ে নিতে হবে।
এভাবে সবগুলো বানানোর পর ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে পারবেন।
চাইলে দুয়েক মাস ফ্রিজে জমিয়েও রাখা যায়।
আরও রেসিপি
