২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলতে একটা রোদের গল্প

সূর্যটা তল্পিতল্পা গুটিয়ে নিজের আস্তানায় ফিরে গেল। কিন্তু তল্পিতল্পা গোটানোর কালে ছিটকে পড়ে গেল এক চিলতে রোদ।

চিলতে একটা রোদের গল্প

অলঙ্করণ: সোহাগ পারভেজ

সাদিকা রুমন সাদিকা রুমন

Published : 19 Oct 2023, 02:45 PM

Updated : 19 Oct 2023, 02:55 PM

সূর্যটা তল্পিতল্পা গুটিয়ে নিজের আস্তানায় ফিরে গেল। কিন্তু তল্পিতল্পা গোটানোর কালে ছিটকে পড়ে গেল এক চিলতে রোদ। সে একা পড়ে রইল একটা ধানক্ষেতের পাশে। প্রায় হলদে হয়ে যাওয়া কাঁচাপাকা ধানের ক্ষেত।

সন্ধ্যা নামছে। পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরে যাচ্ছে। মানুষের জোড়া জোড়া পা জোর কদমে হাঁটছে। তারাও ঘরে ফিরবে। গাছেরাও ঘুমের আয়োজন করছে। হিম নেমে আসছে চারদিকে।

চিলতে রোদটার মন খারাপ হয়, সন্ধ্যা নামলে সবাই ঘরে ফেরে, সে-ই শুধু ফিরতে পারল না... এখানে তার কোনো সঙ্গীও নেই। কী করে কাটাবে সে রাতটা!

সে একটা গাছের কাছে যায়। ভাবে গাছের ডালে শুয়ে গড়িয়ে যদি রাতটা কোনোরকমে পার করে দেওয়া যায়! কিন্তু গাছের ডালে বসতেই গাছটা আলোকিত হয়ে ওঠে। পাতারা জেগে যায়, পাখিরা ডেকে ওঠে। চিলতে রোদ তড়িঘড়ি করে নেমে আসে। তার জন্য অন্যদের অসুবিধা হলো, খুব খারাপ লাগে ওর। মন খারাপ করে একটা পুকুরের ধারে যায়। ভাবে, পুকুরের পানির ওপর আলগোছে শুয়ে থাকবে।

কিন্তু কী হলো! রোদ পড়তেই পুকুরের পানিও নড়ে উঠল। বিশ্রাম নিচ্ছিল যে মাছেরা তারা খলবল করে জেগে উঠল। রোদ এক মুহূর্তও দাঁড়াল না। নিজের ওপর খুব রাগ হলো ওর। কেমন অবিবেচকের মতো কেবল অন্যদের অসুবিধা করে যাচ্ছে এই ভেবে। কিন্তু কী করবে ও! ও তো আর ইচ্ছে করে কারো অসুবিধা করতে চায়নি। সবসময় তো অন্যের ভালোই করতে চায়। কিন্তু আজ যে ও নিজেই কেমন বিপদে আটকে গেল!

চিলতে রোদ তখন সবিস্তারে ওর ছিটকে পড়ার কাহিনি বলল মেঠো ইঁদুরকে। ইঁদুরটা সব শুনে ওকে অভয় দিয়ে বলল, ভেবো না একদম, ভোর হওয়া পর্যন্ত তুমি আমার গর্তেই নিশ্চিন্তে ঘুমুতে পারো।

এসব ভাবতে ভাবতে কান্না পায় ওর। এখন কোথায় যাবে ও! সবারই তো এখন ঘুমের সময়। এই রাতের বেলা রোদকে কে ঠাঁই দেবে! যে-ই ওকে রাখবে তারই তো অসুবিধা হবে! এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে চিলতে রোদ আবার সেই ধানক্ষেতটার পাশে যায়। নিজেকে গুটিয়ে এক কোণায় পড়ে থাকে। দু-পাশে দুটো ক্ষেত। একটা ফাঁকা। আরেকটাতে ধান ভরা ক্ষেত। ধানগুলো পাকি পাকি করছে।

চিলতে রোদ ফাঁকা ক্ষেতটাতে ঠাঁই নেয়। কেউ যেন জেগে না ওঠে, কারো যেন অসুবিধা না হয় এরকম ভাবতে ভাবতে ও ছোট্টো একটা গর্তের ভেতর পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে গর্তের ভেতর কিছু একটা নড়ে ওঠে, কিচকিচ করে ডেকে ওঠে। চিলতে রোদ হতচকিত হয়ে বলে ওঠে, ‘আমি ভীষণ দুঃখিত। আমি হঠাৎ এখানে পড়ে গিয়েছি। আর বুঝতেও পারিনি এখানে কেউ আছে। ইশ তোমার ঘুম ভাঙিয়ে দিলাম আমি!’

গর্তের ভেতর কে ডেকে উঠল তখনো অবশ্য ও দেখতে পায়নি। কারণ কিচ কিচ করতে করতে প্রাণীটা আরো ভেতরে ঢুকে গিয়েছিল। চিলতে রোদকে এত লজ্জিত হতে দেখে প্রাণীটা বেরিয়ে এলো। একটা মেঠো ইঁদুর। ওকে আশ্বস্ত করে বলল, ‘অত লজ্জিত হওয়ার কিছু নেই রোদ। তুমি আসাতে আমার ভালোই হলো। রাতভর অনেক কাজ আমার। কিন্তু গর্তের ভেতর হিম এসে ঢুকতেই আমার চোখটা লেগে এলো। ঘুমিয়ে পড়েছিলাম আমি। তুমি না এলে তো ঘুমটাই ভাঙতো না! আর আমি খাবারের খোঁজে বেরুতেও পারতাম না!’

চিলতে রোদ হাপ ছেড়ে বাঁচল, ‘তাহলে বলছ আমি তোমার কোনো অসুবিধা করিনি!’

‘একদমই না। বরং তুমি আমার সুবিধে করে দিয়েছ ঘুম ভাঙিয়ে। কিন্তু একটা কথা বলো তো? সূর্য তো সেই কখন বিদায় নিয়েছে, তুমি এখানে রইলে কী করে?’

চিলতে রোদ তখন সবিস্তারে ওর ছিটকে পড়ার কাহিনি বলল মেঠো ইঁদুরকে। ইঁদুরটা সব শুনে ওকে অভয় দিয়ে বলল, ‘ভেবো না একদম, ভোর হওয়া পর্যন্ত তুমি আমার গর্তেই নিশ্চিন্তে ঘুমুতে পারো। সূর্য ফিরে এলে তার কাছে চলে যেয়ো। আবার চাইলে তুমি আমার সঙ্গে ধানক্ষেতেও নামতে পারো। আমি ধান খুঁটলাম, আর তোমাকে আমার পশমের ভেতর রেখে দিলাম! তাতে আমার ধান খুঁজে পেতেও সুবিধে হলো।’

ইঁদুরটা শুনে বলল, তাহলে তুমি প্রায় পেকে ওঠা এই ধানগুলোর ভেতর মিশে যাও। ওরা তোমার রং নিয়ে পেকে উঠুক।

দ্বিতীয় প্রস্তাবে রাজি হয় চিলতে রোদ। মেঠো ইঁদুরের সঙ্গে ধানক্ষেতে নেমে যায়। ইঁদুর ধান খুঁটে বেড়ায়। চিলতে রোদ ওকে আলো দেয়। যথেষ্ট ধান জমা হলে ইঁদুরটা সেখানেই একটা নতুন গর্ত বানায়। সেখানে সঞ্চয়ের খাবারগুলো ঢুকিয়ে ফেলে। তারপর নিজে ঢোকে চিলতে রোদকে নিয়ে।

পুবাকাশ লাল হয়ে এসেছে তখন। তবে সূর্য উঠতে আরো অনেকটা সময় বাকি। চিলতে রোদ মেঠো ইঁদুরকে বলে, ‘সূর্য এসে পৌঁছুতে এখনো তো ঢের বাকি। তুমি তো একটু ঘুমোবে। আমি বরং অন্য কোথাও যাই।’ ইঁদুরটা ওকে আশ্বস্ত করে, ‘আরে কোথাও যেতে হবে না তোমার। এইটুকু তো সময় আমরা দিব্যি গল্প করেই কাটিয়ে দিতে পারব। ঘুমের তো অনেক সময় পাব, তুমি তো আর রোজ আমার গর্তে আসবে না!’

‘ঠিক করে বলছ তো? কষ্ট হবে না তোমার?’

‘একদমই না। কাজ-ঘুম ওগুলো তো রোজ করি। আজ না হয় আরেকরকম হলো।’

চিলতে রোদের ভালো লাগে। ‘বন্ধুত্ব’ বিষয়টার অভিজ্ঞতা আগে হয়নি ওর। এই ভোরে এই মুহূর্তে মনে হলো ওর, এটাকে বোধহয় বন্ধুত্ব বলে। ও মেঠো ইঁদুরের পাশে জায়গা করে নিল। ইঁদুরটা গর্তের দেয়ালে গা এলিয়ে দিল। ইঁদুরটা গল্প বলে গেল কত! রাতের গল্প, চাঁদের গল্প, জোনাকিদের গল্প আরো কত কী! চিলতে রোদ শুনল শুধু। এত ভালো লেগে গেল ওর এই ভোর! সূর্য এসে পৌঁছুলো যখন ওর আর ফিরে যেতে ইচ্ছে করল না।

ইঁদুরটা শুনে বলল, ‘তাহলে তুমি প্রায় পেকে ওঠা এই ধানগুলোর ভেতর মিশে যাও। ওরা তোমার রং নিয়ে পেকে উঠুক। রাতে আবার আমার গর্তে ফিরে এসো। আমার এখানেই থেকে যেয়ো তারপর।’

চিলতে রোদ তাই করল। কাঁচা পাকা ধানগুলোর ভেতর ঢুকে গেল। ধান পেকে উঠল রোদের রঙে। তারপর দিন ফুরোলে ফিরে এলো মেঠো ইঁদুরের গর্তে। ইঁদুরের পাশে বসে গল্প শুনল আর তারপর ইঁদুরের পশমের ভেতরে করে নেমে গেলে ধান খুঁটতে।