১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমরা যখন শিশু ছিলাম

মারিও বেনেদেতি [১৯২০-২০০৯, উরুগুয়ে] একজন সাংবাদিক, কথাসাহিত্যিক ও কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উরুগুয়ে এবং ল্যাটিন আমেরিকান সাহিত্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি।

মো. ইয়াকুব আলী মো. ইয়াকুব আলী

Published : 10 Jul 2023, 02:21 PM

Updated : 10 Jul 2023, 02:21 PM

বুড়ো মানুষগুলো ছিল বছর ত্রিশের

ভাবতাম বসে ডোবার ধারে

আছি বুঝিবা সাগরের পাড়ে।

মৃত্যুর নাম শুনিনি তখনও

মনে হত সে যেন অচিন দেশের কেউ।

তারপর আমরা হলাম কিশোর

বুড়োরা হয়ে গেল চল্লিশের।

ভাবতাম বসে পুকুর পাড়ে

আছি বুঝিবা সমুদ্রের ধারে।

সেসময় মৃত্যু শব্দটা

নাম শুনছি হয়তোবা।

একসময় আমরা করলাম বিয়ে

বুড়োরা চলে গেলো তখন পঞ্চাশে।

দেখে হ্রদের পানি

ভাবতাম এটাই বুঝিবা সমুদ্রের খনি।

নামটা জেনেছি মৃত্যুর

সেটা ছিল শুধু অন্যের।

জীবন নিয়ে তারপর যখন ভাবি

দাঁড়াই সত্যের মুখোমুখি।

দিয়েছি সাগর পাড়ি

তখন বুঝি আগের ভাবনাগুলো ছিল মিছামিছি।

মৃত্যু এখন নয় কোন আগন্তুক অচেনা আর

অপেক্ষায় থাকি সেই ডাকের অনন্তপ্রহর।