বইমেলায় মাহবুব এ রহমানের ‘ভূত স্যার’
পাঠকের চাহিদার কথা বিবেচনা করে এবার আসছে বইটির দ্বিতীয় সংস্করণ।
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব এ রহমানের শিশুকিশোর গল্পের বই ‘ভূত স্যার’-এর নতুন সংস্করণ।
বইটি ২০২১ এর বইমেলায় প্রথম প্রকাশিত হয়। সেবার রকমারি অনলাইন বইমেলায় শিশু-কিশোর গল্প ক্যাটাগরিতে ‘বেস্ট সেলার’ হয়েছিল এটি। বইমেলায়ও ঝিলমিল প্রকাশনের সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিল ‘ভূত স্যার’।
পাঠকের চাহিদার কথা বিবেচনা করে এবার আসছে বইটির দ্বিতীয় সংস্করণ। নতুন এ সংস্করণে সম্পূর্ণ নতুন অলংকরণ ও নতুন প্রচ্ছদে আসছে বইটি। চার রঙের অলংকরণ সমৃদ্ধ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। অলংকরণ করেছেন আব্দুল্লাহ আল মারুফ।
বইটি প্রকাশ করছে ‘ঝিলমিল’। পাওয়া যাবে বইমেলায় শিশু চত্বরের ৭২২ নং স্টলে। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বইমেলায় ঝিলমিলের স্টলে পাওয়া যাবে।
‘ভূত স্যার’ মাহবুব এ রহমানের তৃতীয় বই। পরে ‘ভূত স্যার যখন বিজ্ঞান ক্লাসে’ নামে আরেকটি গল্পের বই প্রকাশিত হয় তার।
মাহবুব এ রহমান বলেন, “ভূত স্যার বইটি শিশু-কিশোর উপযোগী ভৌতিক গল্পের বই। তবে এ বইয়ে গতানুগতিকতার বাইরে গিয়ে এমন কিছু গল্প লেখার চেষ্টা করেছি, যা পড়ে শিশুরা আনন্দের পাশাপাশি পাবে শিক্ষণীয় কিছু বার্তা।”
বইটির প্রকাশক আনিস সুজন বলেন, “বইটি অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় নির্বাচিত পাণ্ডুলিপি হিসেবে প্রকাশ করেছিলাম। বইটি বেশ জনপ্রিয়তা পায়। পাঠকদের চাহিদা আর আগ্রহের কারণে এর দ্বিতীয় সংস্করণ আনছি এবারের মেলায়।”
মাহবুব এ রহমানের যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গেও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন দুটি গণমাধ্যমে।
তিনি লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘মুক্তিযুদ্ধের বিজয়মেলা সম্মাননা’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পেয়েছেন ‘সিইউজেএ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’।
এবারের মেলায় তার সম্পাদনায় আসছে আরেকটি বই। বিভিন্ন সময়ে নানা ক্যাম্পাসে কাজ করা ক্যাম্পাস সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে করা বইটির নাম ‘ক্যাম্পাস সাংবাদিকতার গল্প’।
