বুক রিভিউ: গণিতের রঙ্গে হাসিখুশি গণিত
বই এর নাম: গণিতের রঙ্গে হাসিখুশি গণিত।
লেখকের নাম: চমক হাসান
প্রকাশ: আদর্শ প্রকাশনী
মুদ্রিত মূল্য: ২০০ টাকা
নামটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটি গণিতের মজার কিছু ব্যাপার নিয়ে লেখা একটি বই। বইটি মোটামুটি যে কোনো বয়সের মানুষই পড়তে পারবে। গণিত নিয়ে যাদের আগ্রহ নেই কিংবা যাদের অনেক আগ্রহ অথবা যারা গণিতকে ভয় পায় সব ধরণের মানুষের উপযোগী একটি বই।
অনেকগুলো পর্বে বিভক্ত এই বইটিতে তোমরা খুঁজে পাবে গণিতের নানান মজার দিক। চলো দেখি কী আছে এই বইতে--
পর্ব ১: আল মুকাবালা
অ্যালজেবরা শব্দটি কোথা থেকে এলো? বীজগণিতের জনক কে? বন্ধুত্বের সংজ্ঞা কীভাবে সংখ্যা দিয়ে দেয়া যায়? এইসব প্রশ্নের উত্তর পাবে এই পর্বে। সঙ্গে আছে প্রাচীন গণিতবিদদের নিয়ে মজার গল্প!
পর্ব ২: কী নিষ্ঠুর!
১ কে ১১ দিয়ে ভাগ করলে সত্যবাদী সংখ্যা পাওয়া যায়। ২ কে ১১ দিয়ে ভাগ করলে লোভী সংখ্যা পাওয়া যায়। আরও রয়েছে মিথ্যাবাদী সংখ্যা। মজার ব্যাপার হচ্ছে এগুলো কেবল বাংলাতেই সম্ভব! কিন্তু কীভাবে? জানতে হলে পড়তে হবে। ১১ দিয়ে সহজে গুণ করার নিয়ম, ৫ বা ৫০ দিয়ে সহজে গুণ ভাগ করার নিয়ম পেয়ে যাবে এখানেই।
পর্ব ৩: হায়রে শূন্য!
শূন্য কে শূন্য দিয়ে ভাগ দিলে আসলে কী পাবো তা কিন্তু আমরা জানি না। আশ্চর্য লাগছে না? এতো এতো গণিতবিদ আছেন, সুপার কম্পিউটার কত বড় বড় গণিতের সমস্যা সমাধান করছে, অথচ এই সামান্য শূন্যকে শূন্য দিয়ে ভাগ এর ফলাফল কেউ জানে না? শূন্য আসলে সামান্য কিছু না। ফলাফল কেন জানে না কেউ এটার একটি ব্যাখ্যা আছে এই অধ্যায়ে।
পর্ব ৪: তিনটি মেয়ে
১ থেকে ১০০ পর্যন্ত যোগ করে যেতে থাকলে যোগফল কী হবে এটা বের করার জন্য তোমরা কোন পদ্ধতি অনুসরণ করবে? ১+২+৩+৪+...+১০০ এভাবে সব যোগ করে দিবে তাই তো? কিন্তু এটা তো অনেক সময়ের ব্যাপার। তাহলে কী হবে উপায়? এই সমস্যার দারুণ একটি সংক্ষিপ্ত উপায় আছে এখানে। শুধু যে নিয়ম আছে তাই না, নিয়মের কারণ এবং ব্যাখ্যা খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া আছে।
মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা সবাই জানি। কিন্তু কেন? বীজগণিতের সূত্রগুলো কীভাবে অনুভব করা যায়? সব পেয়ে যাবে এখানেই। আর সঙ্গে পাবে একটি ধাঁধা!
পর্ব ৫: মাথায় চুল কয়টি?
খুব অবাস্তব প্রশ্ন লাগছে না? কার মাথায় কয়টি চুল কীভাবে বের করা যাবে? এটা কি সম্ভব? হ্যাঁ কারও কারও ক্ষেত্রে সম্ভব। এই যেমন টাক মাথার লোকদের মাথায় ০টি চুল আছে। যতজন টাক মাথার ব্যক্তি আছে সবার মাথার চুলের হিসাব আমরা জানি। বিল গেটসের মোট সম্পত্তি কত? এক টাকার কয়েন দিয়ে সেই টাকাগুলো রাখতে গেলে কয়টা ঘর লাগবে? নামতা শেখার সহজ উপায় কিংবা জ্যামিতির টুকটাক কথা! আর সবশেষে পাবে আরও একটি ধাঁধা!
পর্ব ৬: মিস্টার বাটা
এই অধ্যায়ে আছে উত্তরসহ নতুন ধাঁধা এবং আগের ধাঁধাগুলোর উত্তর। আর আছে সংখ্যাকে অক্ষরে রূপান্তরিত করার পদ্ধতি। অধ্যায়ের নাম মিঃ বাটা কেন হলো তার ব্যাখ্যাও আছে।
পর্ব ৭: প্রিয় পাই
পাই-এর নাম শুনেছো নিশ্চয়ই! ২২ কে ৭ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে সবাই আদর করে পাই ডাকে। পাই এর মান 3.14159265….. এভাবে দশমিকের পর সারাজীবন চলতেই থাকবে। কেন চলতে থাকবে? পাই এতো গুরুত্বপূর্ণ কেন? পাই দিবস কবে? এসব নিয়ে এই অধ্যায় সাজানো হয়েছে।
পর্ব ৮: অসীম ও কুমড়া
কুমড়াকে কেটে কেটে অসীম সংখ্যার ধারণা কীভাবে পাওয়া যায় জানতে চাও? প্রাচীন গ্রীসের বিখ্যাত বীর আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্প কী জানো? সব জানতে পারবে এই পর্বে। সবশেষে আছে একটি ধাঁধা!
পর্ব ৯: ডিজে পিথাগোরাস!
বিখ্যাত পিথাগোরাস ছিলেন অনেক বড় গণিতবিদ। ভাবছ, সেই যুগে উনি আবার ডিজে হলেন কবে? আরে শোনোই না কী হয়েছে, মজা করে গণিত বোঝাতে গিয়ে লেখক চমক হাসান পুঁথির মতো করে বেশ বড় একটি গান লিখে ফেলেছেন। সে গানের পরে আছে পিথাগোরাসের উপপাদ্যের মজার ব্যাখ্যা। এই উপপাদ্য তোমরা ক্লাস এইটে পাবে। তবে ধারণাটুকু এখনই নিয়ে রাখতে মন্দ কী?
পর্ব ৯ ১/২: তেমন কিছু ৯
পর্বের নাম্বার দেখে চোখ ছানাবড়া? ৯ এর পর ১০ হবে, সাড়ে ৯ কেন? আচ্ছা তার আগে বলো তো, পর্বের ক্রম ৯ এর পর ১০ই হতে হবে এমন কোনো কথা আছে?
এ পর্বে পিঁপড়া কীভাবে কম দূরত্ব গিয়ে পেপসি খেতে পারে তার ব্যাখ্যার সঙ্গে আছে কৌতুক আর পুরনো দিনের মজাদার গল্প!
পর্ব ১০: নিঃস্বার্থ গণিত what is math?
ত্রিভুজের ক্ষেত্রফল (১/২ x ভূমি x উচ্চতা) কেন হয়? বর্গকে কীভাবে ধাক্কা দিয়ে সামান্তরিক বানানো যায়? বৃত্তের ক্ষেত্রফল কত? এই পর্বে তুমি এসব উত্তর তো পাবেই, সঙ্গে আছে উত্তরের ব্যাখ্যা, আরও আছে একটি ধাঁধা!
খেয়াল করে দেখো, প্রতিটি অধ্যায়ের বিচিত্র নাম দিয়েছেন লেখক। নামটা পড়লেই বোঝা যায় ভেতরের লেখাগুলো আরও কত মজাদার হবে! এখন হয়তো প্রতিটা অধ্যায়ের সব বিষয় ঠিকমতো বুঝতে পারবে না। কিন্তু প্রতিটি অধ্যায়েই রয়েছে ছোট থেকে বড় সবার জন্য শিখার জিনিস। আর গণিত মোটামুটি পারলেও ক্লাস এইট নাইনে উঠলেই এই বই এর সবটা চলে আসবে তোমার হাতের মুঠোয়!
ও হ্যাঁ! একটি কথা বলা হয়নি। প্রতিটি পর্বের ভিডিও কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। অথবা সিডিও কিনতে পারো আদর্শ প্রকাশনীর স্টল থেকে মাত্র ২০ টাকায়!
তাহলে আর বসে থাকা কেন? চট করে পড়ে ফেল বাংলা ভাষায় গণিত নিয়ে লেখা সবচেয়ে মজাদার বইটি।
