অ্যাপ রিভিউ- “Homework”
স্কুলের হোম ওয়ার্কের চাপে নিশ্চয়ই তোমাদের অনেকের জীবন ওষ্ঠাগত? এতগুলো বিষয় নিয়ে পড়াশুনা করতে গিয়ে তো কোনোটাই ঠিকমতো করা যায় না? গণিতের জন্য সময় দিলে মনে পড়ে, আরে ইংরেজির পড়া যে বাকিই রয়ে গেছে। এদিকে হাতের সময়টাও যে শেষ!
অ্যাপটি ইন্সটল করার পরপরই তোমাদের কাছে সে জানতে চাইবে তুমি শিক্ষক নাকি শিক্ষার্থী। অর্থাৎ শুধু তোমারা নও তোমাদের শিক্ষকদের জন্যও এই অ্যাপটি খুব গুরুত্বপূর্ণ। এই অপশনটি সিলেক্ট করার পরই তোমাদের কাছে চলে আসবে অ্যাপটির মূল ইন্টারফেস। তোমরা ইচ্ছা করলে তোমাদের সবগুলো বিষয়ের নাম, শিক্ষকের ফোন নম্বর, ই-মেইল আইডি সব সেভ করে রাখতে পারো। সেই বিষয়ের হোম ওয়ার্ক দিলে সেটা তারিখ অনুযায়ী সেভ করে রাখার পাশাপাশি তোমার সুবিধামতো তারিখে তুমি রিমাইন্ডার সেট করে রাখতে পারবে। সময় হলেই অ্যালার্ম বাজিয়ে তোমাকে জানিয়ে দেওয়া হবে—তোমার কোন বিষয়ের হোম ওয়ার্ক বাকি!
তোমাদের সেট করা শিডিউল অনুযায়ী ক্যালেন্ডার সেভ হয়ে থাকবে, চাইলেই যখন তখন চোখ বুলিয়ে নিতে পারবে। এছাড়াও রয়েছে যেকোনো বিষয়ে তোমাদের কেমন নম্বর কিংবা গ্রেড কেমন উঠছে সেটার হিসাব রাখার সুযোগ। এমনকি তোমরা তোমাদের ছুটির দিনগুলোর হিসাবও রাখতে পারবে।পাশাপাশি অবসর সময়গুলোকে আলাদা করে রেখে দিতে পারবে হিসেবের সুবিধার্থে!
এ তো গেল সব ভালো দিক। এবার আমরা বরং অ্যাপটির কিছু দুর্বলতা নিয়ে কথা বলি। এর ইন্টারফেসটা আর একটু রঙিন বা প্রাণবন্ত হলে বোধহয় মানুষ ব্যবহার করে বেশি মজা পেত। তবে সব মিলিয়ে অনেক উপকারী এই অ্যাপটি- সব ছাত্রদের জন্যই! চমৎকার এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এই লিংক থেকে--
৪.৩ রেটিং এর এই অ্যাপটি সারা বিশ্ব জুড়েই বেশ জনপ্রিয়। আজই নামিয়ে নিতে পারো তোমার অ্যান্ড্রয়েড ফোনে।
