২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পতাকা আঁকা

দেখতে দেখতে বছর ঘুরে ১৬ই ডিসেম্বর এসেই গেল। ১৬ই ডিসেম্বর আমাদের প্রিয় বাংলাদেশের বিজয় দিবস। এ দিনে কী হয়েছিল জান? ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ করার পরে পাকিস্তানিদের পরাজিত করে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছিলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> কিডজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 05:21 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

বিজয় দিবসে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ আর নিজেদের একটি পতাকা। আজকে আমরা সেই পতাকাটি আঁকা শিখব। তোমরা হয়ত ভাবছ আমাদের পতাকা আঁকা তো খুব সহজ,সবুজ একটি আয়তক্ষেত্রের ভিতরে একটি লাল বৃত্ত আঁকলেই তো হয়ে যায় বাংলাদেশের পতাকা। তা হয় বটে কিন্তু আমরা অনেকেই সঠিক মাপে পতাকা আঁকতে পারি না। তাই আজকে আমরা আমাদের বন্ধু ফয়সাল আকরাম ইথারের সঙ্গে সঠিক মাপে পতাকা আঁকা শিখব।

পতাকা আঁকতে আমাদের যা যা লাগবে—

১। সাদা কাগজ

২। পেনসিল

৩। পেনসিল কম্পাস

৪। সবুজ ও লাল রঙ (আমরা ক্রেয়ন ব্যাবহার করেছি)

৫। ইরেজার

যেভাবে আঁকব—

১। পতাকার আদর্শ মাপ হচ্ছে ১০:৬। এর মানে হল, আয়তকার পতাকাটির দৈর্ঘ্য যদি ১০ ইঞ্চি হয় তবে প্রস্থ হবে ৬ ইঞ্চি। যদি আমরা মিটারে হিসেব করে বড় করে আঁকি বা কাপড়ে বানাই তবে দৈর্ঘ্য ১০ মিটার হলে প্রস্থ হবে ৬ মিটার। আমরা এখানে ২০ ইঞ্চি লম্বা দিয়েছি তাহলে অনুপাত ঠিক রাখতে প্রস্থ হবে ১২ ইঞ্চি। তাহলে এস একটি ২০ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১২ ইঞ্চি প্রস্থের একটি আয়তক্ষেত্র এঁকে ফেলি।

২। এবার আমাদের মাঝের বৃত্ত আঁকতে হবে। তবে বৃত্তটি একদম মাঝখানে হয় না। সেটি আয়তক্ষেত্রের একটু ডানদিকে হয়। তবে কতটা ডানদিকে হবে সেটাও মেপে বের করতে হবে। দৈর্ঘ্যের ১০ অনুপাতকে সমান বিশ ভাগে ভাগ করতে হবে। তাহলে বাম দিক থেকে সাড়ে চার অনুপাতে একটা লম্বা আঁকতে হবে। আমরা যেহেতু বিশ ইঞ্চি দৈর্ঘ্য নিয়েছি আমরা বাম দিক থেকে নয় ইঞ্চিতে প্রস্থ বরাবর একটি লম্ব টানব।

আর দৈর্ঘ্য বরাবর একটি রেখা আঁকি প্রস্থকে সমান দুইভাগে ভাগ করা যায়। আমাদের পতাকার প্রস্থ ১২ ইঞ্চি তাই আমরা ৬ ইঞ্চিতে দৈর্ঘ্য বরাবর একটি রেখা টানব।

৩। নতুন আঁকা দুটি রেখা যেই বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রবিন্দু। এখন জানতে হবে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। দশ অনুপাত ছয় আয়াতর পতাকার বৃত্তের ব্যাসার্ধ হবে দুই ইঞ্চি। আমাদের পতাকা ২০ ইঞ্চি বাই ১২ ইঞ্চি তাই আমাদের বৃত্তের ব্যাসার্ধকেও দ্বিগুণ করে চার ইঞ্চি করতে হবে। এখন চার ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে দুই রেখার ছেদবিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত আঁকি।

৪। হয়ে গেল আমাদের সঠিক মাপের পতাকা আঁকা। এখন আমাদের মাঝের দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর দাগ দু’টি মুছে দিতে হবে। তারপর পতাকাটির মাঝের বৃত্ত লাল আর বাইরের অংশ সবুজ রঙ করে দিলেই হয়ে যাবে আমাদের বাংলাদেশের পতাকা।