দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন
২০০৩ সাল থেকে ৯ নভেম্বর পালন করা হয় দুর্নীতি বিরোধী দিবস। ২০০৩ সালের ৩ অক্টোবর জাতিসংঘ এই দিনকে দুর্নীতি বিরোধী দিন ঘোষণা করে।
দুর্নীতি শব্দটা শুনতে বেশ শক্ত মনে হচ্ছে কি? বিষয়টি কিন্তু তেমন শক্ত নয়। তুমি যদি জান, ভালো আর খারাপের মাঝে পার্থক্য কী, তবে নীতি আর দুর্নীতির মাঝে পার্থক্য করাও তোমার জন্যে খুব কঠিন কোন বিষয় নয়। নীতি হচ্ছে, সেই সব কাজগুলো করা উচিত বা আমরা যেটা করলে অন্যের কোন ক্ষতি হবে না। আর দুর্নীতি হচ্ছে সেই সব কাজ যেটি আমরা করলে আমাদের ভালো হবে তবে অন্যের ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে না।
যেমন ধর, আমার বই পড়তে খুব ভালো লাগে। আমি এটিও জানি বই পড়া খুব ভালো অভ্যাস। বই পড়লে আমি অনেক কিছু শিখব এবং বড় হয়ে অন্যের জন্য অনেক ভালো কিছুই করতে পারব। তবে আমার বাবা যে টাকা প্রতি মাসে আয় করেন, সে টাকা দিয়ে উনি বড়জোর দু’টি নতুন বই আমাকে কিনে দিতে পারেন। এখন আমি যদি আরও অনেক বেশি বইয়ের জন্য জেদ ধরি তাহলে বাবাকে আরও বই কিনতে আরও বেশি টাকা উপার্যন করতে হবে।
ধর, বাবা সেই টাকাটা জোগার করতে অন্য কাউকে চাপ দিল। যেমন, অফিসে সে কোন কাজের বিনিময় কারও থেকে টাকা নিল। এই কাজ করা আসলে বাবার দায়িত্বের মধ্যে পড়ে, তবে উনি টাকাটা চাপ দিয়ে নিলেন। তোমাদের হিসেবে টাকাটা তেমন কিছু না। কিন্তু যার থেকে টাকাটা নেওয়া হল উনি হয়ত টাকাটা তার ছেলে বা মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য রেখেছিলেন। এখন তোমার বেশি বই পড়ার জন্য একটি ছেলে বা মেয়ে স্কুলে যেতে পারবে না।
দুর্নীতি বিষয়টি ঠিক এরকমই। একজন হয়ত তার শক্তি, অবস্থান এবং ক্ষমতা ব্যাবহার করে সমাজের বড় বড় সুবিধাগুলো সব নিয়ে অনেক ধনী হয়ে গেল। অথচ এই সুবিধাগুলো সত্যিই যাদের দরকার ছিল, তারা দিনের পর দিন কষ্টই পেয়ে যাচ্ছে।
তুমি হয়ত জান আমাদের দেশের অধিকাংশ মানুষ খুব দরিদ্র। তবে দরিদ্র হওয়ার পাশাপাশি তাদের মধ্যে শিক্ষার অভাবও রয়েছে। তারা হয়ত জানেই না নাগরিক হিসেবে সরকারের কাছে কোনটা বিনামূল্যে পাবে আর কোনটার জন্য টাকা দিতে হবে। অথবা হয়ত তারা জানে এই কাজ করতে তার কোনো টাকা লাগবে না, তবে তাকে বাধ্য করা হচ্ছে টাকা দিতে। এই বিষয়গুলো খারাপ আর সবচেয়ে খারাপ বিষয় কি জান? আমরা যদি জানি বিষয়টি খারাপ তারপরেও নিজের লাভের জন্য টাকা দিয়ে সুবিধা আদায় করি।
বিষয়গুলো যে শুধু টাকার বিনিময়েই হয় তা কিন্তু নয়। অনেক সময় হয় কি নিজের পরিচিত লোককে কেউ কোনো সুবিধা দিয়ে দিল যেটা পাওয়ার যোগ্যতা লোকটির নেই।
ধর কোথাও কাউকে একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হবে। যেমন, তোমার স্কুলের প্রধান শিক্ষক। এই পদ খুবই গুরুত্বপূর্ণ কেননা আগামীতে তিনি তোমাদের স্কুলের দেখভাল করবেন। এখন ধর সবচেয়ে যোগ্য মানুষকে না দিয়ে পদটি কেউ যদি তার পরিচিত এক লোককে দিয়ে দেয় যে আসলে এই পদের জন্য ততটা যোগ্য নয় তাহলে কী হবে? একে তো স্কুল যতটা ভালোভাবে চলতে পারত ততটা ভালোভাবে চলবে না। দ্বিতীয়ত, যেহেতু সে প্রচলিত নীতি অমান্য করে এসেছে সে হয়ত নিজের কাজের প্রতি খুব বেশি যত্নশীল হবেও না।
আবার যারা তাকে এই পদে বসিয়েছেন তাদের কথামতো হয়ত কোনো খারাপ কাজ করেই ফেলল। এই সব ঘটনাগুলো হতে থাকলে এক সময় দেখা যাবে স্কুলটি খুব ভালো ছিল কিন্তু আস্তে আস্তে তার ফলাফল খারাপ হচ্ছে। শিক্ষার অবস্থা খারাপ হতে হতে একসময় স্কুলটিই শেষ হয়ে গেল।
এগুলো তো গেল সহজ হিসাব। এখন তোমাদের যদি কঠিন হিসাব বলি তোমরা একদম আঁতকে উঠবে। জার্মানভিত্তিক একটি দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এদের কাজ হচ্ছে পৃথিবীতে কোথায় কতটুকু দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতির ফলে দেশটির কী ক্ষতি হচ্ছে তা নিয়ে গবেষণা করা। এই সংস্থার বাংলাদেশ শাখা ২০১২ সালে একটি গবেষণা করে দেখেছে, ছোটখাটো কাজের দুর্নীতির জন্য প্রতিবছর আমাদের দেশে ৬ হাজার ৭শ’ ৯৬ কোটি টাকার ক্ষতি হয়। এ টাকা দিয়ে প্রায় ৮ হাজার হাসপাতাল অথবা ১২ হাজার প্রাইমারি স্কুল তৈরি করা যেত। দুর্নীতি যদি না থাকত, তবে আমাদের দেশ কোথায় এগিয়ে যেত তুমি সহজেই বুঝতে পারছ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল শুধু যে একটি দেশের দুর্নীতির অবস্থা তুলে ধরে তাই কিন্তু নয়। তারা পৃথিবীর সব দেশগুলোর দুর্নীতির একটা অবস্থান প্রকাশ করে। যেটি বলে দেয় দেশটির দুর্নীতির অবস্থা কতটা খারাপ এবং কী করলে দেশটির অবস্থা ভালো হতে পারে। আমাদের দেশের অবস্থানটি যে খারাপ এটি জানার জন্য কয়েক বছরের অবস্থানের তালিকা জানতে হবে।
বাংলাদেশ ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ছয় বছর পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। বেশ কয়েকবছর চেষ্টা করার পরে গত কয়েক বছরে আমরা ভালো হতে হতে পৃথিবীর ১৬তম দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিলাম। এ বছর আবার আমরা ১৪ নম্বরে পৌঁছেছি। এটা খুব হতাশার কথা যে, আমরা আবার দুর্নীতির পথেই এগিয়ে যাচ্ছি।
এমন অবস্থায় বল তো আমাদের কী করা উচিত? তোমাদের মনে হতে পারে যে, আমরা তো ছোটমানুষ আমরা কী করতে পারি? হ্যাঁ আমরা ছোট অবস্থান থেকেও অনেক বড় কিছু করতে পারি। যেমন আমরা নিজেরা যে কাজগুলো করলে অন্যের ক্ষতি হয় তা করা থেকে বিরত থাকতে পারি। আবার আমরা অনেক পড়াশুনা করে জানতে পারি ঠিক কোন কাজগুলো করে অন্যেরা আমাদের ক্ষতি করছে, সেই কাজগুলোর বিরুদ্ধে দাঁড়াতে পারি।
আবার ধর, আমরা নিজেরা নিজেদের দুর্নীতির বাইরে রাখার পাশাপাশি যারা জানে না তারা দুর্নীতির শিকার হচ্ছে তাদের হয়ে কথা বলতে পারি। এভাবে আমরা যদি সবাই মিলে বছরের প্রতিটি দিন প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিকে না বলি, তবে দুর্নীতি আর ক্ষতি আমাদের দেশের করতে পারবে না।
