চার দুরন্ত
বইঃ চার দুরন্ত
লেখকঃ সুমন্ত আসলাম
প্রকাশনীঃ কাকলী
মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা
অনতুর রোল নম্বর ১৩; ভীষণ দুষ্টু একটা ছেলে সে। হেডস্যার ওকে মাঠের এক কোণায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন। কিন্তু ওর বন্ধু দীপ্র, বিটলু, মৃদুল এবং অয়ন জানে না, ওকে কেন স্যার সেখানে এভাবে দাঁড় করিয়ে রেখেছেন। কী সেই কারণ?
নতুন এক স্যার এসেছে অনতুর স্কুলে, রাতে তিনি একা একা সারা স্কুল হেঁটে বেড়ান। কী আশ্চর্য! একদিন হঠাৎ কোথা থেকে এক ভূতও দেখা যায় তাদের স্কুল কম্পাউন্ডে! তবে কি স্যার আসলে মানুষ নন; মায়া নেকড়ে বা ড্রাকুলা? একদিন এক চোর ধরা পড়ে স্কুলের থেকেই; কিন্তু অনতু এবং তার বন্ধুরা মিলে সেই চোরকে চুপি চুপি ছেড়ে দেয়। কিন্তু কেন?
খুব সমস্যার মধ্যে আছে ডিউ, উপল, টুইট, অর্ক আর শান্তনু। ওদের আব্বু আম্মুরা ওদের কড়া শাসনে রাখেন; পান থেকে চুন খসলেই বিপদ! সবসময় তারা বলেন এটা করবে না; ওখানে যেওনা, বেশি খেলবে না, পড় পড় পড়! উফফ্। তাদের জীবন বাবা-মাদের অত্যাচারে অতিষ্ঠ।
আব্বু-আম্মুসহ বন্ধুরা মিলে একবার বনভোজনে যায়। বনভোজন মানে জান তো? যাকে ইংরেজিতে বলে পিকনিক। কিন্তু মাঝরাস্তা থেকেই বিশেষ এক কারণে পালিয়ে বাসায় ফিরে আসে ওর বন্ধুরা। বাসায় এসেই ভয়ে কুঁকড়ে যায়; কেউ কেউ ভয়ে কেঁদেই ফেলে। কিছু একটা দেখে তারা প্রচণ্ড ভয় পায়; কী সেই জিনিস?
ডাবলুদের ক্লাসে নতুন এক ছেলে ভর্তি হয়েছে; ৫ ফিটের চাইতেও লম্বা সে। ক্লাসের অন্য সবার চাইতে লম্বা; বয়সেও সবার থেকে বড় অথচ একই ক্লাসে তারা। অদ্ভুত এক ছেলে; নাম তার সম্রাট। কথা বলার সময় তার মুখ থেকে অঝরে লালা পড়ে। কথাও বলে বাচ্চাদের মতো করে। সব কিছুই তার বাচ্চাদের মতো অথচ উচ্চতা আর বয়স বেশি। অদ্ভুত এই ছেলেটা ভর্তি হবার পর অনেক কিছুই বদলে যায় তাদের স্কুলের। ইদানিং সম্রাটের সঙ্গে ডাবলুদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। দিলু নামের দুষ্টু এবং মস্তান টাইপ ছেলেটাকে একদিন ধরে মার লাগায় সম্রাট। তবে সম্রাটের কারণে ডাবলুরা অনেক কিছুই আজকাল আর করতে পারে না। কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারে না ডাবলুরা। কী হল এমন?
সনজুর ক্যানের কাছে মুখ এনে তোতন ফিসফিস করে বলে, ‘ও ও দিকে তাকা, দ্যাখ ক্কে ক্কে তাকিয়ে আছে।’ হাতের লাল রঙের আইসক্রিমটায় আরেকটা কামড় দিল সনজু। খুব আরাম করে সেটা চিবুতে লাগল, তারপর সেটুকু খেয়ে আবার কামড় দিল, কিন্তু তোতনের কথার কোনো উত্তর দিল না। অবশেষে সনজু তাকাল-- গলায় মাফলার, গায়ে ময়লা কোট গায়ে এক লোক তাকিয়ে আছে তাদের দিকে। লোকটা কেবল কাঁচা সবজি খায়, প্রতিদিন। লোকটাকে তোতন নিয়মিত খেয়াল করে; একদিন লোকটাকে একটা দড়ি কিনতে দেখে চমকে ওঠে তারা- লোকটা ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এখন কী করবে লোকটা? তোতনই বা কী করবে?
এরকম চারটি সুন্দর সুন্দর উপন্যাস নিয়ে সাজানো “চার দুরন্ত” নামের বইটি। দুরন্ত কিছু বাচ্চাদের নিয়ে উপন্যাসগুলো। দুরন্ত ছেলে-মেয়েরা কিন্তু কেবল দুষ্টুমিই করে না, তারা আরও অনেক কিছুই করে যা কেউ ভাবতেই পারে না, সেই কাজগুলো সম্পর্কেই জানতে পাড়বে বইগুলো পড়লে।
“চার দুরন্ত” বইটির ভেতরের চারটি বইয়ের নাম জানতে চাও?
১। রোল নম্বর ১৩
২। ছুটির দিনে ভয়ঙ্কর দুপুরে
৩। ডানপিটে ডাবলু
৪। তো তো তোতলা তোতন
গল্পের চরিত্রগুলোর মধ্যে সহজেই কোনো না কোনো চরিত্রর মাঝে নিজেকে এবং তোমার বন্ধুদের খুঁজে পাবে।
তবে আর দেরি কেন? দুরন্তদের সঙ্গে বন্ধুত্ব করে ফেল এখনি।
