হাতি নিয়ে মজার কথা
এসো, এমন একটি প্রাণীর কথা ভাবি, যার আছে লম্বা এক শুঁড়। তা দিয়ে আস্ত কলাগাছ খেয়ে নিচ্ছে আর বিশাল কান দুলিয়ে যাচ্ছে। কার কথা মনে হয়, বল তো? ঠিক ধরেছ-- হাতি! সে হয়ত তোমাদের অনেকেরই প্রিয় প্রাণী। বিশেষ করে যারা চিড়িয়াখানায় গিয়ে হাতির পিঠে চরেছ। হাতিকে প্রায় সব দেশের চিড়িয়াখানাতেই দেখতে পাবে। তবে হাতির বাড়ি কিন্তু এশিয়া আর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে।
বিশাল এই প্রাণী সম্পর্কে কিন্তু অনেক মজার বিষয় আছে, যেগুলো হয়ত তোমরা আগে কখনওই শুননি। চল আজ তাহলে হাতি সম্পর্কে মজার কিছু ব্যাপার জেনে নেয়া যাক--
• হাতি সাধারণত দুই রকমের, এশিয়ান হাতি আর আফ্রিকান হাতি। আফ্রিকান হাতিরও আবার দুটি প্রজাতি আছে-- আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট আর আফ্রিকান বুশ এলিফ্যান্ট।
• ডাঙায় চরে বেড়ানো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতি সবচেয়ে বড়। তাহলে তো প্রশ্ন আসতেই পারে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কে? সবচেয়ে বড় প্রাণী বল আর সবচেয়ে বড় স্তন্যপায়ী বল, সেটি হল নীল তিমি।
• আফ্রিকান হাতিদের মধ্যে পুরুষ এবং মহিলা-উভয় প্রজাতিরই দাঁত থাকে। কিন্তু এশিয়ান হাতিদের মধ্যে কেবল পুরুষ হাতিদের দাঁত থাকে। এ দাঁত ব্যবহার করে ওরা মাটিতে গর্ত খুঁড়ে আর খাবার খুঁজে বের করে।
• হাতির যখন ১২ বছর বয়স হয় তখনই সে বাবা মা হয়ে যেতে পারে। আর তাদের বাচ্চা মায়ের পেটে থাকে ২২ মাস। যেখানে, মানুষের বাচ্চা থাকে ৯ মাস। মানে হল, একটি হাতির বাচ্চা মানুষের বাচ্চার প্রায় আড়াইগুণ বেশি সময় মায়ের পেটে কাটায়।
• হাতি শুঁড় ব্যবহার করে মাটিতে গর্ত করে মাটির নিচের পানি বের করে এনে পান করে। একটি প্রাপ্তবয়স্ক হাতির দিনে প্রায় ২১০ লিটার পানির প্রয়োজন হয়।
• হাতির লম্বা এবং পাতলা একজোড়া কান আছে তা তো তোমরা জানই। এই কানে রয়েছে রক্তের নালিকার একটি জটিল বিন্যাস। তুমি কি জান, এই রক্ত নালিকার কাজ কী? এই নালিকা সারাক্ষণ রক্ত চলাচল করিয়ে হাতির দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাই খুব গরমেও হাতি একদম ঠাণ্ডা-ঠাণ্ডা থাকে।
• প্রাকৃতিক ভাবে হাতির কোনো সরাসরি শত্রু নেই। তবে গভীর জঙ্গলে মাঝেমধ্যে শক্তিশালী সিংহরা দুর্বল আর বাচ্চা হাতি শিকার করে। হাতির আসল শত্রু কিছু মানুষ, যারা হাতির দাঁতের লোভে হাতিকে মেরে ফেলে। আবার কেউ কেউ সরাসরি হাতিকে মারে না বটে, তবে জঙ্গল কেটে সাফ করে ফেলে। এর ফলে হাতি তার বাসস্থান এবং খাদ্যের সংকটে পরে। এই দুইয়ের অভাবে আস্তে আস্তে তারা মরে যায়।
• হাতি তার শুঁড় দিয়ে যে কোনো বস্তুর আকার, আকৃতি বা তাপমাত্রা বুঝে ফেলতে পারে। এছাড়াও শুঁড় দিয়ে সে খাবার আর পানি নিজের মুখে নিয়ে নেয় খাওয়ার জন্য।
• হাতির শুঁড় প্রায় ২ মিটার লম্বা হয়। অনেক বিজ্ঞানী মনে করে, হাতির শুঁড়ে প্রায় এক লাখ পেশী আছে। কিন্তু কোনো হাড় নেই। তাই তো হাতি যেভাবে খুশি তার শুঁড়কে আঁকিয়ে বাঁকিয়ে যা খুশি কাজ করতে পারে।
• স্ত্রী হাতি সারাজীবন দলবদ্ধভাবে বসবাস করে। ওদিকে পুরুষ হাতি ১৩ বছর বয়সে দল ছেড়ে চলে যায় এবং বাকি জীবন একাই বসবাস করে।
• বেজায় ওজন হলে কী হবে, হাতি কিন্তু সাঁতার কাটতে পারে। ডুবুরিরা যেভাবে একটা পাইপের সাহায্যে নিঃশ্বাস নেয়, ঠিক তেমনি সাঁতরানোর সময় ওদের শুঁড়ের মাথাটা থাকে পানির ওপরে। শুঁড়টাই যে হাতির নাক। নাকই যদি উপরে রইল, তাহলে আর ডুবে যাবার ভয় থাকল কই?
• হাতি তৃণভোজী প্রাণী। দিনের একটা বড় সময় ধরে তারা খাবার সংগ্রহ করে। কখনও কখনও দিনের ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা ধরেই তারা পাতা, ডাল, মূল এগুলো জোগাড় করে খাওয়ার জন্য।
