মেরু ভাল্লুকের অভিযোজন
শীত পড়তে শুরু করেছে বেশ কয়েকদিন ধরে। সোয়েটার আর জ্যাকেট বের করে ফেলেছ হয়ত তোমরা অনেকেই, তাই না? খুব সকালে দেখা মিলছে কুয়াশারও। বিকেল বেলা ধোঁয়া ওঠা শীতের পিঠা খাওয়াও শুরু হয়েছে অনেক জায়গায়।
শীত আসে প্রতিবছর এভাবেই তার নিজস্ব রঙ, রূপ, গন্ধ আর স্পর্শ নিয়ে। আমাদের দেশে অবশ্য তুষারপাত হয় না, কিন্তু পৃথিবীর উত্তর আর দক্ষিণ প্রান্তে শীতকালে তুষারে সাদা হয়ে যায় সবকিছু। কিছু প্রাণী আছে, যারা এ সময়টাকে প্রচণ্ড ভালোবাসে। কারণ ওদের শরীরটাই যে শীতের উপযোগী করে তৈরি।
মেরু ভাল্লুক সেরকমই বরফপ্রিয় একটি প্রাণী। সাদা রঙের সুন্দর এই ভাল্লুক প্রজাতি বাস করে বরফের ওপর। শিকার করে সিল মাছ। এই সময়টাতে তাদের খাপ খাইয়ে নিতে হয় পরিবেশের সঙ্গে, যেন শীত পুরোপুরি পড়ার সময় তারা থাকে সম্পূর্ণ নিরাপদ! যে কোনো প্রাণীর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার এই পদ্ধতিটিকে বলা হয় অভিযোজন।
কানাডার ম্যানিটোবায় অবস্থিত চার্চিল শহরে ঠিক এই সময়টিতে চলছে পৃথিবীর সবচেয়ে দক্ষিণে বাস করা মেরুভাল্লুকের অভিযোজন। অক্টোবরের শেষদিকে শুরু হয়েছে তাদের পথচলা। তাদের গন্তব্য-- হাডসন নদীর উপকূল। শীত পড়লেই তারা পৌঁছে যাবে তাদের বরফের রাজ্যে। দিনরাত মজা করে শিকার করবে ওরা সেখানে। পৃথিবীর সব পর্যটক, জীববিজ্ঞানী, আবহাওয়া বিজ্ঞানী এবং অন্য সবার জন্য মেরুভাল্লুকদের দেখার এটাই শ্রেষ্ঠ সময়।
শীত পুরোপুরি পড়ে গেলে কিন্তু তারা পৌঁছে যাবে মেরু অঞ্চলে। তাই তখন তাদেরকে দেখতে হলে আমাদেরও যেতে হবে সেখানে, যে কাজটা অনেক কঠিন। কারণ, মেরু অঞ্চল পৃথিবীর সবচেয়ে ঠাণ্ডা অঞ্চল। সেখানে যাওয়া এবং টিকে থাকাও অনেক কঠিন। তাই সবাই এ সময়টিকেই বেছে নেয় ওদের দেখার জন্য। কিন্তু কানাডার যে অঞ্চলে ওরা এখন আছে সেখানেও কিন্তু ঠাণ্ডা কম না।
কী ভাবছ? দেখতে ইচ্ছে করছে ওদের? ওদের দেখতে কষ্ট করে তোমার কানাডা যেতেই হবে এমন কোন কথা নেই। ওদের অভিযোজন তুমি তোমার বাসায় বসেই দেখতে পার Polar Bear Cam নামের অনুষ্ঠানে, যেটি প্রচারিত হচ্ছে Animal Planet L!VE চ্যানেলে। explore.org , Polar Bear International আর Frontiers North Adventures মিলে আয়োজন করেছে এ সম্প্রচারের। সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ এর মধ্যে APL!VE এ ঢুকলেই তুমি দেখতে পারবে কীভাবে ঘুরে বেড়াচ্ছে মেরুভাল্লুকের দল, খেলছে, ঘুমাচ্ছে আর আস্তে আস্তে করে জমে আসা বরফের জগতের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।
কিছুদিন পরই যে জমে যাবে উপকূল-- আর শুরু হবে তাদের সবচেয়ে প্রিয় সময়! আর তার অপেক্ষায় থাকতে থাকতে চলছে তাদের বিচিত্র কর্মকাণ্ড। যার সবটাই দেখতে পার তুমি সরাসরি!
